ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, অতঃপর প্রেমে জড়িয়ে পড়ছে বিভিন্ন বয়সী নর-নারী। এক্ষেত্রে ভৌগলিক সীমানা, ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণসহ কোনো কিছুর ভেদাভেদ মানছে না। শুধু তরুণ-তরুণীরাই নয়, ৪০-৫০ বয়সী নর-নারীরাও এতে আসক্ত হয়ে ঘর ছাড়ছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে প্রেমের টানে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসে বাংলাদেশি যুবকদের বিয়ে করেছে বেশ কয়েকজন বিদেশি নারী। অনুসন্ধানে দেখা গেছে, গেল একমাসের মধ্যেই ব্রাজিল, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিন নারী প্রেমের টানে উড়ে এসে হবিগঞ্জ, ঝিনাদহ ও মাগুরার তিন যুবককে বিয়ে করেছেন। অনেকের বয়সের অনেক পার্থক্য থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায়নি।এই প্রবণতা দিনদিন বাড়ছে।
এই তো ক’দিন আগে ব্রাজিলীয়ান নারী সেওমা ভিজেহার সঙ্গে বাংলাদেশের নবীগঞ্জের ছেলে আবদুর রকিবের শুরু হয় প্রেম। প্রেমের সূত্র ধরে সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রেমিকের কাছে ছুটে আসেন সেওমা।
গত ৩১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামে আসেন ব্রাজিলীয় নারী সেওমা। ৩ জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করে পরদিন কলেজছাত্র আবদুর রকিবের সঙ্গে বিয়ে হয় সেওমার।
অল্প সময়ের মধ্যে নবীগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু শনিবার স্বামী রকিবকে ফাঁকি দিয়ে ব্রাজিলে চলে যান সেওমা।
৪৭ বছর বয়সী সেওমা ভিজেহা একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী। অবিবাহিত কলেজছাত্র রকিব এসব জানার পরও প্রেমের সম্পর্ক ধরে রাখে। প্রায় নয় মাস প্রেমের সম্পর্ক চলাকালে রকিবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেওমা।
কিন্তু ভিসা জটিলতার দোহায় দিয়ে স্বামী রাকিবকে না নিয়েই বাংলাদেশ থেকে চলে যান ব্রাজিলীয় নারী সেওমা ভিজেহা। এর পর থেকে রকিব এবং তার পরিবারসহ বন্ধুবান্ধবের মনে দেখা দেয় নানা প্রশ্ন।
রকিব জানান, সেওমা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ভিসা জটিলতার কারণে নিতে পারেনি। তবে এটাকি তার কোনো অজুহাত নাকি এটাই আসল কারণ তা বলতে পারছি না। কারণ মানুষের মনের কথা তো অার বলা যায় না। যাওয়ার পর থেকে তার সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি।
রকিবের কয়েকজন বন্ধু বলেন, আমাদের মনে হয় সে আর বাংলাদেশে আসবে না। আর রকিবকে নিবে বলেও মনে হয় না। কারণ তার এবং রকিবের বয়সের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর এই বিষয়টি তার সন্তানরা মেনে নেবে না বলেও সেওমা সংশয় প্রকাশ করেছেন। তাই আমাদের মনে হয় সে রকিবের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না।
প্রেমের টানে পালিয়ে বাংলাদেশে মার্কিন তরুণী
ঝিনাইদহ: ‘ফেসবুকের মাধ্যমে ২০১৫ সালে বন্ধুত্ব শুরু। আমরা দুই জনেই খ্রিষ্টান ধর্মের হওয়ায় আমাদের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত ২ জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসে।’
কথাগুলো বললেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২২)। সম্প্রতি তিনি বাংলাদেশে চলে আসা মার্কিন নাগরিক এলিজাবেথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
শিঠুন বলেন, ধর্মীয় রীতি মেনে গত ৬ জানুয়ারি আমাদের বিয়ে হয়। আমি সিংগাপুরে ছিলাম বেশ কয়েক বছর। মূলত এলিজাবেথের সঙ্গে সম্পর্কটা শুরুই হয় ওখান থেকে।
তিনি আরো বলেন, এলিজাবেথ আমার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো। আমাদের সম্পর্কটা ওর বাবা মা ও পরিবার মেনে নেয়নি। একপর্যায়ে তাকে চলে আসতে বলি। সেও আমার প্রস্তাবটা মেনে নিয়ে চলে আসে বাংলাদেশে।
একুশ বছরের মার্কিন তরুণী এলিজাবেথ গ্রাজুয়েশন শেষ করেছেন। প্রথমে যখন তিনি তার পরিবারের কাছে তাদের সম্পর্কের কথা জানান তারা প্রশ্রয় দেয়নি। পরবর্তীতে তিনি ওয়াশিংটনে হিসাব রক্ষক হিসেবে একটি ফার্মে চাকরি নেন। সেই টাকা জমিয়ে বাংলাদেশে চলে আসেন। এখন তাদের বিয়ে হয়েছে। ভালো আছেন। এসময় সবার কাছে আশির্বাদও কামনা করেন তিনি।
মিঠুন বিশ্বাসের বড় ভাই পলাশ বিশ্বাস বলেন, প্রথমে মিঠুন আমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলে। এরপর পরিবারের সম্মতিতেই এলিজাবেথকে আসতে বলে। প্রথমে আমরাতো বিশ্বাসই করিনি যে এলিজাবেথ সত্যিই চলে আসবে। এমন ঘটনা আমাদের এলাকায় প্রথম। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রেমের টানে মাগুরায় অস্ট্রেলীয় নারী
মাগুরা: অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুবাদে বাংলাদেশি কাজী মারুফুজ্জামান চন্দনের সঙ্গে অস্ট্রেলীয় নারী ক্যাথির পরিচয়। পরিচয় থেকে প্রেম এবং প্রেমের টানেই সুদূর সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে মাগুরায় এসে সংসার পেতেছেন আসান ক্যাথরিনা নামের এই নারী।
মাগুরা শহরের কলেজ পাড়ার ছেলে কাজী মারুফুজ্জামান চন্দনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অসি নারী।
রবিবার সকালে চন্দনের কলেজ পাড়ার বাসভবনে সাংবাদিকরা কথা বলেন এই দম্পতির সঙ্গে। আলাপকালে আসান ক্যাথরিনা বলেন, ‘এদেশে এসে আমি খুব খুশি হয়েছি। ভাবতেও পারিনি এদেশের মানুষ আমাকে এতটা আপন করে নেবে। আমার স্বামীর পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্য এমনকি প্রতিবেশিরাও আমাকে নিজের পরিবারের মানুষের মত করেই আদর করছেন।’
তিনি আরো বলেন, ‘তাদের ভালবাসা ও আতিথেয়তায় আমি মুগ্ধ। মনেই হচ্ছে না সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের পরিবার ছেড়ে আমি বাংলাদেশের মাগুরা নামের একটি ছোট্ট শহরে এসেছি। আমার স্বামীর পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবাই আমাকে খুব আপন করে নিয়েছে। বিশেষ করে শিশুরা আমাকে তাদের বন্ধুর মত আপন করে নিয়েছে। ওদের সঙ্গে নাচ করেছি, সেলফি তুলেছি। খুব খুব খুব আনন্দ করছি।’
এই বিদেশিনি প্রসঙ্গে কাজী মারুফুজ্জামান চন্দন জানান, অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুবাদে বিশ্ববিদ্যালয়ে ক্যাথির সঙ্গে তার পরিচয় থেকে পরিণয়। তারা দুইজনই মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। পারিবারিকভাবে সবাই তাকে ক্যাথি বলেই ডাকে। ইতোমধ্যে আনন্দঘন পরিবেশে তারা বধূবরণ অনুষ্ঠানও সেরেছেন।


























































