পূর্বাশা ডেস্ক:
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি ইতিবাচক ভূমিকায় দেশবাসী আশাবাদী এবার সঙ্কটের একটা সমাধান হতে পারে।
বিভিন্ন ইস্যুতে প্রধান দুটি দলের মধ্যে ব্যাপক মতপার্থক্য ও অমিল থাকলেও সার্চ কমিটিকে দেয়া নাম প্রস্তাবে অভিন্নতা পাওয়া গেছে। আর সেটা হচ্ছে তাদের প্রস্তাবিত ব্যক্তিদের সবাই অরাজনৈতিক ও পেশাজীবী। তাদের কেউই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
প্রধান দুই দলের নেতাদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। উভয় দলই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
এ ব্যাপারে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটির উদ্যোগে আমরা আশাবাদী যে- তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন। তিনি এও বলেন, কমিশন নিরপেক্ষ হলে তারা নির্দ্বিধায় মেনে নিবেন। এক্ষেত্রে তাদের তালিকার বাইরে থেকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হলেও তাদের কোনো আপত্তি থাকবে না।
অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রপতির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। তাই তিনি যেভাবে যাদেরকে নিয়ে নিার্বচন কমিশন গঠন করবেন তাতে তাদের কোনো আপত্তি থাকবে না। তিনি সার্চ কমিটির উদ্যোগকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।
সার্চ কমিটিতে নির্বাচন কমিশনের জন্য অন্যান্য দলের মতো পাঁচজনের নাম দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে নামের তালিকা জমা দেন দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে নাম জমা দেয়া হয়।
তবে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আওয়ামী লীগের তালিকায় রয়েছেন সাবেক সিনিয়র সচিব ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম ও শেখ ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদেকা হালিম।
এদিকে বিএনপি অতিগোপনীয়তার মধ্যে ৫জনের নাম দিয়েছে। তবে বিএনপির এই তালিকা নিয়ে এতটা গোপনীয়তা রক্ষা করা হয়েছে যে খোদ বিএনপির অনেক প্রভাবশালী নেতাই জানেন না। এরপরও একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির তালিকায় সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, পিএসসি চেয়ারম্যান ড. সাদাত হোসেন, সাবেক সচিব আসাফদ্দৌলা, বিডিআরের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনীম।
তবে বিএনপি জোটের শরিকরা কমপক্ষে তিনটি নামের সাদৃশ্য রেখে তাদের পাঁচটি নাম সার্চ কমিটিতে দিয়েছেন বলে জানা গেছে। বিএনপি ও জোটের তালিকায় আপাতত মিল পাওয়া নামগুলো হলো- ড. সাদাত হুসাইন, সালেহ উদ্দিন আহমেদ ও ড. তোফায়েল আহমেদ।
এছাড়াও বেশ কয়েকটি নামের কথা শোনা গেছে। জানা গেছে বিএনপি জোটের শরিক এলডিপি তাদের তালিকায় প্রস্তাব করেছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও বাংলাদেশ ন্যাপের সাবেক আইন সচিব আলাউদ্দিন সরকারের নাম।
তবে প্রধান দুই দল যাদের নামই তালিকায় দিয়ে থাক না কেন, তারা কোনো কট্টরপন্থী দলীয় লোকের নাম প্রস্তাব করেনি। তাদের প্রস্তাবিত সবাই সনামধন্য ব্যক্তি, সাবেক আমলা ও পেশাজীবী। প্রস্তাবিত ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ কোনো পক্ষ থেকেই উঠার সম্ভাবনা নেই। আর এ কারণেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।























































