শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতির অপেক্ষা, তৈরি হচ্ছে গোয়েন্দা প্রতিবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি যে কুড়িজনের প্রাথমিক তালিকা করেছে, মাঠ পর্যায় থেকে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি হচ্ছে। মন্ত্রিপরিষদের নির্দেশে একাজ এগিয়ে চলছে।

সূত্র জানায়, বিতর্কিত ব্যক্তি যাতে সার্চ কমিটির তালিকায় সুপারিশকৃত নামের মধ্যে না থাকে সেই জন্য কমিটি অনেক সতর্কভাবে কাজ করছে। সার্চ কমিটির কাজ নিয়ে সমালোচনা হোক তাও চাইছে না মন্ত্রিপরিষদ। রাষ্ট্রপতির দপ্তর থেকেও মন্ত্রিপরিষদকে বলা হয়েছে সৎ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত এবং যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে। তারা রাষ্ট্রপতির এ নির্দেশনা সার্চ কমিটিকে বলে দিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সার্চ কমিটি যাদের নাম বিবেচনায় রেখেছেন তাদের বিভিন্ন ধরণের যোগ্যতার পাশাপাশি আরও একটি বিশেষ যোগ্যতা দেখা হচ্ছে তাহলো রাজনৈতিক দলের কাছ থেকে নাম আসলেও তারা দলীয় নন। দলীয় অনুগত ছিলেন না। দলের হয়ে কাজ করেননি। এটা তারা নিশ্চিত করতে চাইছে। যে যে দল থেকে নাম এসেছে ওই দল ক্ষমতায় থাকাকালীন তারা গুরুত্বপূর্ণ পদে থাকলেও এমন কোনো কাজ করেছেন কিনা যাতে তাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল কিংবা বিতর্ক তৈরি হয়েছিল। এই সব বিষয়গুলো দেখেই সব ঠিক করা হচ্ছে।

কমিটি এটাও দেখার চেষ্টা করছে বাছাইকৃতদের ব্যাপারে বিশিষ্টজনদের মনোভাব কি। বিশেষ করে তাদের গন্ডির নিজস্ব সোর্সেও খোঁজ খবর নিচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ বলেন, যাদের নাম তালিকায় রয়েছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে এরপর সেগুলো পর্যালোচনা করবে কমিটি। প্রয়োজন হলে এই জন্য যা যা করা দরকার সবই করা হবে। গোয়েন্দাদের কাছ থেকে তাদের সম্পর্কে প্রতিবেদন সংগ্রহ করার ব্যাপারে তিনি বলেন, সার্চ কমিটি তা চাইলেই নিতে পারেন। কারণ সেই ক্ষেত্রে তথ্য পেতে সহায়ক হবে।

বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সার্চ কমিটি এই ব্যাপারে কাজ করছে। তারা সৎ যোগ্য, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেবে, এজন্যে রাষ্ট্রপতি অপেক্ষা করছেন। রাষ্ট্রপতি তাদের কাছ থেকে নাম পেলেই দশ নামের মধ্য থেকে পাঁচটি নাম চূড়ান্ত করবেন। পাঁচজনকে কমিশনার হিসাবে নিয়োগ করবেন। এরমধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি