ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে নির্বাচন কমিশনের পূনর্গঠনের মধ্য দিয়ে ভবিষ্যৎ নির্বাচন ও রাজনৈতিক গতি প্রবাহের অনেক জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট আবদুল হামিদ সোমবার রাতে সাবেক আমলা নুরুল হদাকে প্রধান নির্বাচন কমিশনার এবং আরো চারজনকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশন গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আশাবাদে ব্যত্যয় ঘটতে পারে। বিএনপি নব গঠিত এই কমিশনের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছে। ক্ষমতাসীন জোটের বাইরে কেউই নতুন কমিশনের ব্যাপারে কোন উচ্চাশা এখনো পর্যন্ত প্রকাশ করেনি।
নতুন চার কমিশনারের চাইতেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ প্রশ্ন বেশি বিতর্কের সৃষ্টি করেছে তার অতীত কর্মজীবনের পটভূমির কারণে। নতুন সিইসি নূরুল হুদা বাংলাদেশ প্রশাসনের প্রথম মুক্তিযোদ্ধা ব্যাচের সদস্য। ১৯৭৩ সালে তদানীন্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তোফায়েল আহমদের তত্বাবধানে সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়। এ ব্যাচের কর্মকর্তারা কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুরো ব্যাচকে তাদের রাজনৈতিক সমর্থক বলে মনে করে। অন্যদিকে বর্তমান প্রধান বিরোধি দল বিএনপি এ ব্যাচের কর্মকর্তাদেরকে রাজনৈতিকভাবে তাদের বিরোধি বলে ধারণা করে। ফলে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৭৩ সালের ব্যাচের কর্মকর্তারা গুরুত্বপূর্ন দায়িত্বে নিয়োগ পান আর বিএনপি ক্ষমতায় থাকাকালে তাদের অনেকেই বঞ্ছনার শিকার হন।
সর্বশেষ বিএনপি ক্ষমতায় থাকাকালে সরকার এই ব্যাচের অনেককেই বাধ্যতামূলক অবসর দেয়। নূরুল হুদা যুগ্ম সচিব থাকাকালে এই বাধ্যতামূলক অবসরের শিকার হন। পরে এর বিরুদ্ধে মামলা করে ২০০৮ সালে রায় পান, যার ২ বছর আগেই তার স্বাভাবিক চাকরির মেয়াদ পার হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অবসর চলাকালে তাকে পূর্বাপর সময় থেকে কার্যকারিতা দিয়ে সচিব পদে পদোন্নতি দেয় এবং সচিব হিসাবে অবসরের সব বেতন ভাতা প্রদান করে। এই পটভূমির কারণে বিএনপি প্রধান নির্বাচন কমিশনার দলটির প্রতি নিরপেক্ষ আচরণ করবে না বলে ধারণা করতে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেই মনোভাব বিএনপির নেতারা প্রকাশও করেছেন।
চার কমিশনারের মধ্যে বিএনপির তালিকা থেকে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকতার, আওয়ামী লীগের তালিকা থেকে সাবেক জেলা জজ কবিতা খানমকে নেয়া হয়েছে। এর বাইরে সাবেক সচিব রফিকুল ইসলাম ও সাবেক ব্রিগেডিয়ার শাহাদাৎ হোসাইনকে কমিশনার করা হয়েছে।
নির্বাচন কমিশন গঠনের জন্য যে বাছাই কমিটি নিয়োগ দেয়া হয় তাতে ধারণা করা হয়েছিল তারা এ ধরনের একটি কমিশন গঠনের অবকাশ রেখে সুপারিশ করবেন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আরেকজনের নাম বাছাই কমিটি সুপারিশ করেছিলো। তিনি ছিলেন বর্তমান সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কেবিনেট সচিব আলী ইমাম মজুমদার। প্রেসিডেন্টের মাধ্যমে সরকার তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিলে বিতর্কটা এখনকার চাইতে কম হতো।
তবে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হলো বিএনপির দেশে অনেক বড় জন জনসমর্থন থাকলেও তারা বর্তমানে রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হিসাবে নেই। দেশি বিদেশি ক্ষমতার ভরকেন্দ্রগুলোর কোনটাই বিএনপিকে কার্যকরভাবে সমর্থন করছে বলে মনে হয় না। ফলে রাজনীতির নিয়ন্ত্রক হিসাবে আওয়ামী লীগ এককভাবে সব খেলা খেলছে।
বর্তমান অবস্থায় আওয়ামী লীগ চাইলে ২০১৭ সালে একটি আগাম নির্বাচন করে নিতে পারে। সেই নির্বাচন যে শেখ হাসিনার সরকারের অধীনেই হবে তাতে সংশয়ের অবকাশ কম। আর নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশনের মতোই একটি ছকের মধ্যেই চলতে থাকবে। এই ছক তৈরি হতে পারে নির্বাহি ক্ষমতার প্রভাবে।
তবে এই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই করতে চাইবেন যদি বিএনপি তাতে অংশ গ্রহণ করার ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যায়। যাতে আন্তর্জাতিকভাবে প্রশ্ন সাপেক্ষ নির্বাচনে ক্ষমতায় যাবার দায়মুক্তি ঘটে আর ক্ষমতার মেয়াদ বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতক পূর্তি পর্যন্ত বৃদ্ধি পায়।
বিএনপির মধ্যে নেতৃত্বের একটি বড় অংশ এখন অবাধ ও নিরপেক্ষ হবার নিশ্চয়তা ছাড়াই নির্বাচনে অংশ নেবার পক্ষে। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া কার্যকর থাকা অবস্থায় সেটি হবার সম্ভাবনা কম। এক্ষেত্রে সরকার চলমান কোন মামলায় দন্ড দিয়ে অন্তরীণ বা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে নিয়ে যেতে পারে বেগম জিয়াকে। এসব হিসাব নিকাশ চূড়ান্ত করা না গেলে শেখ হাসিনা সরকারের ক্ষমতাকে ২০১৯ সালের মেয়াদ পর্যন্ত টেনে নিতে পারেন।
এর মধ্যে অযাচিৎ কোন পরিবর্তন হলে বিদ্যমান ভারসাম্য পাল্টে যেতে পারে। এটি কেবলই হতে পারে দৈব দুর্বিপাকের কোন ঘটনা অথবা আঞ্চলিক বা বৈশ্বিক ক্ষমতার মধ্যে কোন মেরুকরণের কারণে।


























































