শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কী বার্তা দিয়ে ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

দুই দিনের ঝটিকা সফরে এসে সিরিজ বৈঠক শেষে ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন তিনি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন জয়শঙ্কর। এসময় তাকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুর ২টার জয়শঙ্কর ঢাকায় আসেন। এরপর ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সাথে বৈঠক করেন তিনি।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরসূচি এবং আলোচ্য বিষয়বস্তু নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব প্রাথমিক আলোচনা করেছেন। এবারো বহুল আলোচিত তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না। হচ্ছে না গঙ্গা বাঁধ নির্মাণ চুক্তিও। এ দুইটি চুক্তির জন্য ঢাকার কাছে আরো সময় চেয়েছে নয়াদিল্লি।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। সেখানেই প্রধানমন্ত্রী এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফরের সম্মতি দেন।

তারপর সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর।

এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এ সম্মান জানানো হচ্ছে।

দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে রূপরেখা চুক্তি করার বিষয়ে আলোচনা ছাড়াও কানেকটিভিট, তিস্তা, গঙ্গা ব্যারেজ প্রকল্প, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে চুক্তি দু’টি নিয়ে আলোচনা হলেও শিগগিরই কোন সুখবর মিলছে না। তবে বাংলাদেশের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পে অর্থায়ন করতে চতুর্থ লাইন অব ক্রেডিট (এলওসি) আওতায় প্রায় ৩০ হাজার কোটি টাকার ঋণের ঘোষণা দিতে পারে ভারত।

ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর বৃহস্পতিবার দুপুরে দু’দিনের ঝটিকা সফরে ঢাকা এসে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণ পৌঁছে দেয়া হয়। তারপরই প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ জানান তার উপ-প্রেসসচিব এম নজরুল ইসলাম।

রাতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকে অংশ নেন জয়শঙ্কর। বৈঠক শেষে রাতে মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, এই বৈঠকটি ছিল প্রধানমন্ত্রীর ভারত সফরের এজেন্ডা সেটিংয়ের। আঞ্চলিক কানেক্টিভিটি, মিলিটারি কো অপারেশন, তিস্তা পানিবন্টন, বর্ডার কিলিং বন্ধ ও গঙ্গা ব্যারাজ প্রকল্প নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে।

তিস্তা পানিবন্টন চুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে আশাবাদী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি