শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়ে গেছে : সেতুমন্ত্রী


বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়ে গেছে : সেতুমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচনকালীন সময়ে এই সরকার শুধু রুটিন ওয়ার্ক পালন করবে মাত্র। আজ শনিবার বিকেলে ঢাকার দোহারে আওয়ামী লীগের জনসভা ও গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সংবর্ধণা দেয়া হয়।

নির্বাচনকে সামনে রেখে ওবায়দুল কাদের বলেন, এখন নেতাদের খুশি করার প্রয়োজন নেই, খুশি করতে হবে এলাকার জনগনকে। যারা দলীয় শৃঙ্খলা মানবে না তাদের দল থেকে বহিস্কার করা হবে। কাজেই নিজেকে সংশোধন করুন, কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। দুঃসময়ে দলের পাশে থাকা নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়ে গেছে। ঘরে বসে পকেট কমিটি করে সেই কমিটির সদস্যরা এখন মিডিয়ার ক্যামেরার সামনে শুধু নালিশে মত্ত থাকে। সবকিছুতেই তারা মানি না, মানব না। এটা তাদের চরিত্র হয়ে গেছে। তাদের মতামতে গঠিত নির্বাচন কমিশনও তারা মানেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের সংগঠনিক স¤পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল, ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সাবেক যোগাযোগ মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ইনস্পেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন খান আব্দুল মান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি