পূর্বাশা ডেস্ক :গল টেস্টে ৪৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে রঙ্গনা হেরাথের ঘূর্ণিজাদুতে ১৯৭ রানে গুটিয়ে গেছে মুশফিক বাহিনী। এতে ২৫৯ রানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের শেষ দিনে ড্রয়ের স্বপ্ন দেখানো টাইগাররা ব্যাট হাতে নেমে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে। গল টেস্টে বাংলাদেশের পরাজয়ে অবশ্য বড় ভূমিকা ৬ উইকেট নিয়ে টাইগার বাহিনীর ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া রঙ্গণা হেরাথের।
টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন অপরাজিত থাকা তামিম ও সৌম্য। কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৬৭ রান তুলে দিন শেষ করে টাইগাররা। কিন্তু পঞ্চম দিনের শুরুতেই খেই হারায় বাংলাদেশে। লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দিতে শুরু করে মুশফিকবাহিনী।
দিনের শুরুতেই কোনো রান যোগ না করেই ফিরে আসেন ড্রয়ের স্বপ্ন দেখানো সৌম্য। এর দুই ওভার পরই ফেরেই টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে ওঠা মমিনুল হক। দলের রান তখন ৮০।
এরপর আর মাত্র ৬ রান যোগ করেই ফেরেই ওপেনার তামিম। এরপর ক্রিজে নেমে কিছুই করতে পারেনি টেস্টের সেরা অলরাউন্ডার সাকিব। নিজের নামের পাশে ৮ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
সাবিকের পরে মাত্র দুই বল খেলেই শূন্য রানে ফেরেন মিডল অর্ডারের বড় ভরসা মাহমুদউল্লাহ। দলের পাশে রান তখন ১০৪।
এর লাঞ্চের আগে দলের হাল ধরেন দলের কান্ডারি মুশফিক ও লিটন দাস। তাদের সম্মিলত প্রতিরোধে আবার আশা জাগিয়ে তোলে। কিন্তু দলীয় ১৫৮ রানে ফিরে আসেন মুশফিক। এরপর দলের খাতায় আর ৮ রান যোগ হতে ফেরেন লিটন দাস। মুশফিক ৩৪ ও লিটন ৩৫ রান করেন।
এতেই মূলত স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের পরাজয়। এরপর তাসকিন, মুস্তাফিজ ও মিরাজকে আউট করে টাইগারদের ইনিংসটা মুড়িয়ে দেন আতঙ্ক হয়ে ওঠা রঙ্গনা হেরাথ।
এরআগে গতকাল চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ৪৫৭ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৯৪ রান ও ৬ উইকেটে ২৭৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ করে সব উইকেট হারিয়ে ৩১২ রান।

























































