পূর্বাশা ডেস্ক:চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে পুলিশের এই অভিযান শুরু হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহিউদ্দৌলা রেজা গণমাধ্যমকে জানান,
সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ ও প্রেমতলায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে আমিরাবাদ এলাকা থেকে জঙ্গি দম্পতিকে গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ আটক করা হয়েছে। অন্যদিকে প্রেমতলায় পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, প্রথমে মহাদেবপুরের আমিরাবাদ এলাকায় সুরেশ বিশ্বাস নামের এক ব্যক্তির দোতলা বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। সেখান থেকে এক নারী ও এক পুরুষকে আটক করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড কলেজ রোডের প্রেমতলায় শহীন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করা হয়।
ওই বাড়ি পুলিশ ঘিরে ফেলার পর ভেতর থেকে পরপর কয়েকটি বোমা ছোড়া হয়।























































