পূর্বাশা স্পোর্টস ডেস্ক:
লঙ্কানদের জন্য ম্যাচটি কঠিন হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস শেষেই। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানের লিড নেয় সফরকারী বাংলাদেশ। আর ম্যাচের চতুর্থ দিনের লাঞ্চের পর অল্প বিরতিতে ৫ উইকেট খুইয়ে শঙ্কা গাঢ় হয় লঙ্কান শিবিরে। তবে ব্যাট হাতে লড়াই দেখালেন শ্রীলঙ্কার ব্যাটিংক্রমের শুরুর ও লেজের দিকের দুই খেলোয়াড় দিমুথ করুনারত্নে ও দিলরুয়ান পেরেরা। এতে ঝুলে যায় ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা। গতকাল নিজের উইকেট দেয়ার আগে ওপেনার দিমুথ করুনারত্নে খেলেন ১২৬ রানের দারুণ ইনিংস। আর আট নম্বরে ব্যাট হাতে ক্রিজ আঁকড়ে থাকেন দিলরুয়ান পেরেরা। সপ্তম উইকেটে ২৭ রানের জুটিতে করুনারত্নে-দিলরুয়ান খেলে নেন ২১ ওভার। শেষ পর্যন্ত হার না মানা ২৬ রানের ইনিংসে দিলরুয়ান মোকাবিলা করেন ১২৬ বল। এতে কিছুটা স্বস্তি নিয়ে ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ করে লঙ্কানরা। কলম্বোর পি সারা ওভাল মাঠে গতকাল দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ পৌঁছে ২৬৮/৮-এ। লাঞ্চের পর নিজের ২৫ বলের ব্যবধানে ১০ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ।
নিজ মাটিতে টেস্টে লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের সাম্প্রতিক নৈপুণ্যটা মলিনই। শ্রীলঙ্কার ব্যাট হাতে আগের ১০ ইনিংসে তার রানের গড় মাত্রই ১১.৬০। এতে তার ৫০+ রানের ইনিংস ছিল না একটিও। নিজ মাটিতে টেস্টে ১০ ইনিংস আগে গলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৬ রান করেন করুনারত্নে। আগের দিনের ৫৪/০ সংগ্রহ নিয়ে গতকাল দিনের খেলা শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটসম্যান করুনারত্নে ও উপুল থারাঙ্গা। তবে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান থারাঙ্গাকে বেশিদূরে যেতে দেননি বাংলাদেশের অফস্পিন বোলার মেহেদী হাসান মিরাজ। দিনের মাত্র ৭ম বলে উইকেট খোয়ান থারাঙ্গা। গতকাল নিজের প্রথম বলে থারাঙ্গাকে পরিষ্কার বোল্ডআউট করে সাজঘরে ফেরান মিরাজ। তবে স্বস্তি নিয়ে লাঞ্চে যান শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান করুনারত্নে ও কুসাল মেন্ডিস। লাঞ্চের আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৩৭/১। তবে মধ্যাহ্ন বিরতির পর লঙ্কানদের ভেলকি দেখান বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। সেশনের দ্বিতীয় ওভারে কুসাল মেন্ডিসকে সাজঘরের পথ দেখান মোস্তাফিজ। অল্প বিরতিতে মোস্তাফিজ তুলে নেন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিনেশ চান্ডিমালের উইকেটও। মাত্র ১৪ ওভারের ব্যবধানে পাঁচ উইকেট ভাগাভাগি করেন সাকিব-মোস্তাফিজ। ব্যক্তিগত ৭ রানে আসেলা গুনারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। মোস্তাফিজের কাটারে উইকেটের পেছনে ক্যাচ দেন ধনাঞ্জয়া ডি সিলভা। পরে সাকিবের ডেলিভারিতে মুশফিককে ক্যাচ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাও। এতে লাঞ্চ থেকে ফিরে মাত্র ১৪ ওভারে ৫৩ রানে পাঁচ উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। তবে সতীর্থদের ক্রিজে আসা যাওয়ায় মাঝে অবিচল থাকেন দিমুথ করুনারত্নে। ২৪৪ বল মোকাবিলায় করুনারত্নে করেন ১২৬ রান। সাকিব আল হাসানের ডেলিভারিতে প্রথম স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেয়ার আগে ইনিংসে করুনারত্নে হাঁকান ১০টি চার ও একটি ছক্কা। আর দিনের ১৯ ওভার বাকি রেখে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২১৭/৭-এ। এ সময় তারা এগিয়ে ছিল মাত্রই ৮৮ রানে। তবে এবার ধৈর্যশীল এক ইনিংস নিয়ে টাইগারদের হতাশায় রাখেন দিলরুয়ান পেরেরা। অষ্টম উইকেটে অধিনায়ক রঙ্গনা হেরাথের সঙ্গে ২১ রানের জুটি ও নবম উইকেটে সুরাঙ্গা লাকমালকে নিয়ে স্কোর বোর্ডে ৩০ রান জমা করেন দিলরুয়ান। ইনিংসে দিলরুয়ান খেলে নেন ১২৬ বল। তার ইনিংসের শুরুর ৭০ বলে দিলরুয়ানের সংগ্রহ ছিল ৬ রান। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে টেস্টের এক ইনিংসে সবচেয়ে কম স্ট্রাইক গড়ের রেকর্ডটি চামিন্ডা ভাসের। ১৯৯৪ সালে ভাস জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রান করেন ৬৮ বল খেলে। কলম্বোর পি সারা ওভাল মাঠে এটি ২১তম টেস্ট ম্যাচ। এখানে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে ৭ বার। আর ড্র রয়েছে চারটি। তবে ২৪৪ রানের কম পুঁজি নিয়ে এই মাঠে জয়ের ঘটনা নেই কোনো দলের।
পি সারা মাঠে কম পুঁজি নিয়ে জয়
দল টার্গেট প্রতিপক্ষ সাল
শ্রীলঙ্কা ২৪৪ ও. ইন্ডিজ ২০১৫
অস্ট্রেলিয়া ৩১৬ পাকিস্তান ২০০২
শ্রীলঙ্কা ৩৪৮ ভারত ১৯৮৫
নিউজিল্যান্ড ৩৬৩ শ্রীলঙ্কা ২০১২
ভারত ৪১৩ শ্রীলঙ্কা ২০১৫
পাকিস্তান ৪৮৩ শ্রীলঙ্কা ১৯৯৪

























































