বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত দিবে, বাংলাদেশ নিবে, মিলিবে ও মিলাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়সূচি দুইবার বাতিলের পর তৃতীয়বার এ সফরের দিনক্ষণ নির্ধারিত হয়েছে আগামী ৭ থেকে ১০ এপ্রিল। তারপরও মিডিয়া রিপোর্টে যা বলা হচ্ছে তাতে অনেকেই ধারণা করছেন, বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি এবারো প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সম্ভবত নাও হতে পারে। বাংলাদেশ যখন তিস্তা চুক্তির জন্যে অপেক্ষা করছে, কূটনৈতিক মহল থেকে আভাস পাওয়া যাচ্ছে দুই ডজনেরও বেশি চুক্তি নিয়ে দুটি দেশ প্রস্তুতি নিচ্ছে, সমঝোতা স্মারক ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি সহ চূড়ান্ত সব প্রস্তুতি যাচাই বাছাই চলছে যাতে তা দুটি দেশের প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে স্বাক্ষর হয়। এসব চুক্তির মধ্যে ভারতের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার অন্যতম যা বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব ভারতে ট্রানজিট-ট্রানশিপমেন্ট’এর মাধ্যমে মালামাল পরিবহনে সুবিধা দেবে।

দুটি দেশের বিশ্লেষকদের অভিমত রয়েছে যে, ভারত ২০০৭ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যে আহবান জানিয়ে আসছে তাতে বাংলাদেশ অব্যাহতভাবে ইতিবাচক সাড়া দিয়ে আসছে। বিনিময়ে ভারত যতটুকু বাংলাদেশকে দিয়েছে তারচেয়ে বরং বাংলাদেশ দিয়েছে অনেক বেশি। বাংলাদেশের বর্তমান সরকার ভারতের নিরাপত্তা উদ্বেগ প্রশমিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে বাংলাদেশ উদারচিত্তে কঠোর অনমনীয় নীতি অবলম্বন করছে তা প্রকাশ্যে ভারতীয় কর্মকর্তারা স্বীকার করছেন। একইভাবে নদী ও স্থলপথসমুহ উন্মুক্ত করে বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব ভারতে মালামাল পরিবহন সহ অন্যান্য যোগাযোগ সুবিধা দিয়ে বর্তমান বাংলাদেশ সরকার ভারতের জাতীয় স্বার্থকে আরো সমুন্নত করতে যে সহযোগিতা করছে তা একটি মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশের তরফ থেকে এধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরও সীমান্তে সাধারণ মানুষ হত্যা অব্যাহত রয়েছে যা এদেশের মানুষের কাছে একটি বড় উদ্বেগের বিষয়। অভিন্ন নদীগুলোর পানি বন্টনের মত বিষয়ে সামান্যই উন্নতি হয়েছে, তিস্তা চুক্তি হচ্ছে না এবং বাংলাদেশ ভারতের সঙ্গে বিশাল বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনতে যে সুবিধা আশা করেছিল তার সামান্যই মিলেছে। যদিও ২০১৫ সালে ভারতের বর্তমান নেতৃত্বের সদিচ্ছায় দুদেশের মধ্যে ছিটমহলগুলো বিনিময় সম্ভব হয়েছে যার প্রতিশ্রুতি মিলেছিল চার দশক আগে। ১৯৭৪ সালে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি অনুসারে শুষ্ক মৌসুমে অভিন্ন নদীর পানি প্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত ফারাক্কা বাঁধ পুরোপুরি চালু না করে মাত্র ১০দিনের জন্যে পরীক্ষামূলকভাবে চালুর কথা বলা হলেও তা পুরোদমে চালু রয়েছে।

বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন ক্রয় করার পর বিষয়টি নিয়ে দুটি দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে কথা বলার মত একটি প্রশ্নবোধক সৃষ্টি করেছে। বাংলাদেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার সিনিয়র সামরিক কর্মকর্তাদের নিয়ে সফর করার সময় দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি উঠে আসে। প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে ভারত বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে যে গভীরভাবে বিচলিত তাও প্রকাশ পেয়েছে। চীনের কাছ থেকে সাবমেরিন, বিমান ক্রয় দিল্লির প্রভাবশালী মহল স্বাভাবিকভাবে নেয়নি। ভারতীয় রাষ্ট্রদূত কানওয়াল সিবাল বাংলাদেশ ও চীনের বর্তমান সম্পর্ককে তারদেশের জন্যে কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বরং চীনের পরিবর্তে বাংলাদেশ যদি রাশিয়া থেকে সাবমেরিন ক্রয় করত তা ভারতের জন্যে কম সমস্যা তৈরি করত, এমন অভিমত তার। এধরনের বক্তব্যের মধ্যে দিয়ে এটিই প্রতীয়মান হয় যে সাবমেরিন ক্রয় করার ব্যাপারে বাংলাদেশের উচিত ভারতের স্বার্থকেই প্রাধান্য দেওয়া!

ভারতীয় বিশ্লেষকরা অবাক বনে গেছেন যে দেশটির সঙ্গে সমুদ্রসীমা নিয়ে সমস্যা নিরসনের পরও কেন বাংলাদেশ সাবমেরিন ক্রয় করছে। কেউ বিস্ময় বোধ করতে পারেন এ কারণেও যে সমুদ্রসীমা নিয়ে সমস্যা নিরসনের পর ভারতও কেন বিমানবাহী যুদ্ধজাহাজ ও সাবমেরিন ক্রয় করছে!

ভারতের কূটনৈতিক বীণা সিক্রি আরেকটু আগ বাড়িয়ে দাবি করেছেন গত ৫/৬ বছরে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে চীনপন্থী আমলাদের নিয়োগ বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বিষয়টি বেশ আলোচিত। তবে এধরনের তথ্যের ভিত্তি সম্পর্কে জানতে পারাটা হবে বেশ মজার। বীণা সিক্রি মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে রাখা সঠিক হবে যে চীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেছে ও ‘তার পিতাকে’ সমর্থন দেয়নি।

এমনকি বীণা সিক্রি মন্তব্য করেন, চীন থেকে কিছু ক্রয়ের ব্যাপারে মন্ত্রীদের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো ‘ঘাপলা’ থাকতে পারে এবং চীন এধরনের ‘ঘাপলা’ ব্যবহারে সিদ্ধহস্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পরিকল্পনায় তার উপদেষ্টাদের নয়াদিল্লির মেজাজ সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। এদেশের জনগণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ও দ্বিপাক্ষিক ইস্যুতে দেওয়া নেওয়ার বিষয়ে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে গভীরভাবে সতর্ক রয়েছে। এমন এক সময়ে বাংলাদেশের সরকারের উচিত দুটি দেশের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করে দেখা এব ট্রানজিট-ট্রানশিপমেন্ট ইস্যুকে এমনভাবে ব্যবহার করা যাতে দুটি দেশের মধ্যেকার সম্পর্ক বৈচিত্রের পরিবর্তে সত্যিকার মজবুত বন্ধুত্বের ভিত্তি রচনা করে। যা এতকাল হয়ে আসেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি