শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এটা নতুন এক উপলব্ধি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গত কদিন ধরে একটি গান মুখে মুখে ফিরছে সবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে শুরু করে সংগীত বিষয়ক আড্ডা, আলোচনায় এ গানটিই ঘুরেফিরে আসছে। গানটি হচ্ছে জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ‘আগুন’। যা সত্যি সত্যি তৃপ্তির আগুন জ্বালিয়ে দিয়েছে শ্রোতাহৃদয়ে। গানপাগল শ্রোতারা অনেক দিন পর যেন এর মাধ্যমে স্বস্তি ফিরে পেয়েছেন। সে সঙ্গে পেয়েছেন আগের চিরচেনা আসিফকে। তাও আবার নতুন রূপে। এর আগে এত বড় বাজেটের ভিডিওতে আসিফকে দেখা যায়নি। অডিওর মাধ্যমেই হিট-সুপারহিট অসংখ্য গান তিনি উপহার দিয়েছেন। কিন্তু চলতি সময়টায় গান দেখারও একটি বিষয় হয়ে দাড়িয়েছে। ‘আগুন’-এর সফলতা সেটি আরো একবার প্রমাণ করেছে। সব মিলিয়ে গানটিতে আগুনের মতোই ঝলসে উঠেছেন আসিফ। গোল্ডেন ভয়েজের সঙ্গে সঙ্গে এতে তার উপস্থিতি ও মডেলদের সুন্দরভাবে উপস্থাপন গানটিকে অন্যমাত্রা দিয়েছে। এ বিষয়ে আসিফ আকবর বলেন, এটা নতুন এক উপলব্ধি।

শ্রোতারা আমাকে কত ভালোবাসেন সেটা তার প্রমাণ। এর জন্য সবটুকু ক্রেডিট গানটির গীতিকার সুহৃদ সুফিয়ান, সুরকার ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ, ভিডিও নির্মাতা সৈকত নাসির, মডেল আসিফ ইমরোজ ও আফ্রি এবং ধ্রুব মিউজিক স্টেশনের প্রাপ্য। সবচেয়ে বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই শ্রোতাদের। আসলে ভালো কিছু হলে যে শ্রোতারা সেটা লুফে নেয় ‘আগুন‘ তার প্রমাণ। প্রথমবারের মতো আপনি ও হাবিব ওয়াহিদ একসঙ্গে কাজ করছেন। এটা কবে নাগাদ আসবে? আসিফ বলেন, সময় হলেই সেটা প্রকাশ হবে। নির্দিষ্ট কোনো সময় অনুযায়ী আমি গান করি না। তবে হাবিবের সঙ্গে আমার বিষয়টি নিয়ে কথা হয়েছে। সে খুব মেধাবী একজন কম্পোজার। তার পথ ধরেই নতুন প্রজন্মের অনেক কম্পোজারের আগমন ঘটেছে। মানুষ হিসেবেও সে অসাধারণ। আশা করছি তার সঙ্গে অনেক ভালো একটি গানই হবে। ২৫শে মার্চ তো আপনার জন্মদিন। সেদিন গনহত্যা দিবসও। তাই আগেই ভক্তদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন জন্মদিন উদযাপন না করার। বিষয়টি একটু বলবেন?

আসিফ বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাক হানাদার বাহিনী ঝাপিয়ে পড়েছিলো নিরস্ত্র বাংলাদেশীদের উপর। দিনটিকে গনহত্যা দিবস ঘোষণা করা হয়েছে। আমার জন্ম ১৯৭২ সালের ২৫শে মার্চ। গত ৪৪ বছরে নানাভাবে আমার জন্মদিন পালিত হয়েছে। আমার পাগল ভক্তরা দেশে, বিদেশে দিনটি পালন করেছে। কিন্তু নিজ উদ্যোগে আমি কখনই নিজের জন্মদিন পালন করিনি। আমার ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছি এবারই শুধু নয়, আর কখনোই যেন আমার জন্মদিনটি পালন করা না হয়। এতে আমাদের দেশপ্রেমের একটা উদাহরণ তৈরি হবে। গনহত্যা দিবসের তাৎপর্যটা সবারই উপলব্ধি করা উচিত। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? আসিফ বলেন, সব ব্যস্ততা তো গান নিয়েই। বেশ কিছু নতুন গানের কাজ চলছে। এটা তো আমার জন্য নিয়মিত ব্যাপার। হয়তো পহেলা বৈশাখে আবার নতুন গান প্রকাশ পাবে। দেশের একটি গানওতো করেছেন? সেটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে প্রকাশ করছেন বোধহয়! আসিফ বলেন, জীবনে অনেক দেশের গান করেছি। তবে নতুনভাবে আবারো ফিরে আসার পর দেশের গান করা হয়নি। এবার এস আই টুটুলের সুর, রাজীব আহমেদের কথা এবং জেকের সংগীতে একটি গান গেয়েছি। শিরোনাম ‘আমার সোনার বাংলা’। এছাড়াও গাইবো বিদ্রোহী কবির ‘দূর্গম গিরি কান্তার মরু’, কবিগুরুর ‘বাঁধ ভেঙ্গে দাও’।

দেশের গানে আমি সব সময় রক্তগরম অনুভূতি পেতে চাই, এবারো তার ব্যাতিক্রম হবে না। সিদ্ধান্ত নিয়েছি ‘আমার সোনার বাংলা’ গানটি ২৫শে মার্চ শ্রীলংকায় প্রথম ওয়ানডের দিন রিলিজ করবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে। এই সময়ে এসে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? আসিফ আকবর বলেন, আমার দিক থেকেতো বিনদাস দেখছি। খুব ভালো অবস্থায় যাচ্ছি আমরা। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। এ ধারায় অভ্যস্ত হতে একটু সময় লাগবে। তবে তারপরও ভালো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। ইউটিউব থেকে আয় আসছে। এখনতো মফস্বল শহর এমনকি গ্রামেও ইউটিউবে গান শুনছে মানুষ। এটাই সবচেয়ে জনপ্রিয় মাধ্যমও বটে। তাহলে কি আমরা সঠিক পথে এগুচ্ছি? আসিফ বলেন, অবশ্যই। কারণ সারা বিশ্বে এভাবেই গান প্রকাশ হচ্ছে। তবে শিল্পীদের নিজেদের ন্যায্য পাওনাটা বুঝে নিতে হবে। আমার মনে হয় ডিজিটালি যখন সবাই অভ্যস্ত হয়ে যাবে তখন আর কোন সমস্যা থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি