শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সিটি নির্বাচন আ.লীগের মেয়র প্রার্থীর ২৯ দফা ইশতেহার ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:‘কুমিল্লার রাজনীতির গতিপথ নির্ধারিত হবে এই নির্বাচনে। দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে যদি কেউ আমার কিংবা আমার পরিবারের কোনো কর্মকাণ্ডে মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আওয়ামী লীগ-দলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলেও কখনোই দলের বা পরিবারের মেয়র হব না।’ গতকাল মঙ্গলবার ২৯ দফা নির্বাচনী ইশতেহারে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এসব কথা বলেন।

বেলা ১১টায় কুমিল্লা নগরের রামঘাটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আঞ্জুম সুলতানা তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় প্রধান সমন্বয়কারী কাজী জাফর উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক রিফাতসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনী ইশতেহারে আঞ্জুম সুলতানা উল্লেখ করেন, মেয়র পদে নির্বাচিত হলে তিনি আগামী পাঁচ বছরের জন্য কোনো করের বোঝা চাপিয়ে দেবেন না এবং অতিদরিদ্রদের হোল্ডিং কর মওকুফ করবেন। জলাবদ্ধতা ও যানজট নিরসন, মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষাক্ষেত্রে দুটি মাধ্যমিক বিদ্যালয়, নৈশ মহাবিদ্যালয়, নগরের পূর্বাঞ্চলে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় ও কুমিল্লা নগরের দক্ষিণ এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। এ ছাড়া মা ও শিশুদের জন্য ৫০০ শয্যার হাসপাতাল, কর্মজীবী নারী হোস্টেল, ভবন নির্মাণের জন্য দ্রুততম সময়ে নকশা অনুমোদন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন নগরী, নালা ও সড়ক উন্নয়ন, নগরের দক্ষিণ এলাকার নয়টি ওয়ার্ডের জন্য আলাদা মহাপরিকল্পনা, বোটানিক্যাল গার্ডেনে মুক্তমঞ্চ স্থাপন, মিলনায়তন প্রতিষ্ঠা, খ্যাতিমান ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ, সড়কবাতি স্থাপনসহ নগরের উন্নয়নে আরও কিছু কর্মকাণ্ড বাস্তবায়নে উদ্যোগ নেবেন।

প্রসঙ্গত, আঞ্জুম সুলতানা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচিত প্রবীণ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক আফজল খানের মেয়ে। তাঁদের গোটা পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যা, মারামারি ও দুর্নীতির মামলা হয়েছে। তবে মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি কুমিল্লা পৌরসভার সাবেক সংরক্ষিত কমিশনার (বর্তমানে কাউন্সিলর বলা হয়), কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনবার নির্বাচনে অংশ নিয়ে তিনি তিনবারই জয়লাভ করেন। দায়িত্ব পালন করেন পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিটি করপোরেশনের প্যানেল মেয়রের।

আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক—সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলো কুমিল্লার মানুষের নিত্যনৈমিত্তিক সমস্যা। আশা করি, তিনি নির্বাচিত হওয়ার পর সেগুলো মনে রাখবেন। ইশতেহার পড়ে মনে হলো মোটামুটি সব দিক আনা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি