
পূর্বাশা ডেস্ক: বাংলাদেশের ফিল্ডিং কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জন্টি রোডস- এমন খবর বেশ পুরনোই। যদিও জন্টি রোডসের আনার ব্যাপারটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার টেবিলেই রয়ে গেছে। এ নিয়ে কোনো অগ্রগতির কথা জানাতে পারেনি বিসিবি।
জন্টি রোডসের সাথে তেমন বিশেষ কোনো আলোচনাও করতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে বুধবার জানা গেলো, ইংল্যান্ডে আগামী জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির পর খন্ডকালীন ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে নিয়োগ দেবে বিসিবি। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
খেলার মাঠে উড়ন্ত বলাকার মতো সব ক্যাচ ধরে ক্রিকেটবিশ্বকে চমকে দেয়া সাবেক প্রোটিয়া ক্রিকেটারের সাথে আলোচনার অপেক্ষায় আছে বিসিবি। এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘এটা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আমরা চেষ্টা করবো। এর আগে জন্টি ফ্রি নেই। তো আমরা দেখছি কি করা যায়।’
জন্টি রোডস ফিল্ডিং কোচ হয়ে এলে জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল, হাইপারফরম্যান্স দলের সাথেও কাজ করবেন বলে জানান আকরাম খান। এমনকি অ্যাকাডেমি দল নিয়েও কাজ করবেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
এ নিয়ে আকরাম খান বলেন, ‘জন্টি রোডস স্থায়ীভাবে আসবে না। কিছু সময়ের জন্য আমাদের এখানে আসবে। হয়তো ওর সময় দেখে আমরা সেভাবে ঠিক করবো। ও শুধু জাতীয় দল নয়, বাংলাদেশের প্রতিটা দল যেমন একাডেমি আছে, হাই পারফরম্যান্স টিম আছে, ‘এ’ টিম আছে। সবাই যেন সুবিধা পায় সেই জিনিসটা আমাদের মাথায় আছে।’
এদিকে ডিন কনওয়েকে বরখাস্ত করার পর শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে অস্ট্রেলিয়ান থিহান চন্দ্রমোহনকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে ভালো একজন ফিজিওর সন্ধানে আছে তারা। সামনের সিরিজগুলোর কথা মাথায় রেখে দ্রুত কাউকে নিয়োগ দেয়ার কথা বললেন আকরাম খান।
সাবেক এই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা তাড়াহুড়োর মধ্যে একজনকে নিয়েছি। যেহেতু এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আপাতত দুইজন ফিজিও আছেন। একজন লোকাল ও আরেকজনকে নিয়ে এসেছি ১৫ দিনের জন্য। আমরা ভালো কোনো ফিজিও আনার চেষ্টা করছি। এর মধ্যে যদি আমরা ভালো ফিজিও পাই টিমের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিবো।’
























































