
স্টাফ রিপোর্টার: আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু তার ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ।
২৪ মার্চ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর ধর্মসাগর দীঘির দক্ষিণ পাড়ে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে তিনি নির্বাচনী ইশতেহার পাঠ করেন।
ইশতেহার বেশির ভাগ দফা জুড়ে ছিল অতীত উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি। সাক্কু শিক্ষা খাতে এবং পথিকৃৎ কুমিল্লার গৌরব অক্ষুণ্ণ রাখতে ব্যাপক পরিকল্পনার কথা ইশতেহারে উল্লেখ করেন।
এ ছাড়া তিনি নির্বাচিত হলে চিকিৎসা, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণ কার্যালয়কে আরও সক্রিয় ও কার্যকর করতে কাজ করবেন ।
ইশতেহারে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতনা সীমার ইশতেহারের প্রথম তিন দফার মতো সাক্কুর ইশতেহারের প্রথম তিন দফায়ও উঠে এসেছে নগরীকে জলাবদ্ধতা, যানজট নিরসন ও হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর প্রতিশ্রুতি।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, এলডিপির মহাসচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট রেজওয়ান আহমেদ প্রমুখ ।

















































