
পূর্বাশা ডেস্ক:
রেসি। অভিনেত্রী। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘শূন্য’। চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি-
‘শূন্য’ নিয়ে আপনি কতটুকু আশাবাদী?
‘শূন্য’ ছবির গল্পে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে যেমন আছে প্রেম-ভালোবাসা ঠিক, তেমনই আছে দুঃখ-কষ্ট। একেবারে পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এ কারণে ছবিটি নিয়ে আমি শতভাগ আশাবাদী। ছবিটি আরও আগে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবির কাজ শুরুর পর আমি দ্বিতীয় বেবি কনসিভ করি। সে কারণে ছবির কাজ অনেকদিন পিছিয়ে গিয়েছিল। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী। আমার বিশ্বাস, পারিবারিক গল্পের এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
ছবিতে আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন?
‘শূন্য’তে আমি ওমর সানীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। একেবারেই সাদামাটা এই বাড়ির বড় বউ। পরিবারের সবার আবদার তার কাছে। মেয়েটিও পরিবারের সবার আবদার পূরণ করে। একদিন তার জীবনে আসে এক সংকট। আর এই নিয়ে গল্পটি এগিয়ে যেতে থাকে।
চলচ্চিত্রে আপনাকে খুব একটা দেখা যায় না কেন?
পারিবারিক ব্যস্ততার কারণে ছবির সংখ্যা কমিয়ে দিয়েছি। তা ছাড়া ছবির গল্প ও চরিত্র পছন্দ না হলে অভিনয় করতে ইচ্ছা করে না। গত বছরের ডিসেম্বরে আমার অভিনীত চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’ মুক্তি পেয়েছে। সেই ছবিটি নিয়ে ভালো সাড়া পেয়েছিলাম। ভালো গল্পের ভালো ছবিতে অভিনয় জন্যই আমায় বড় পর্দায় কম দেখা যায়।
নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?
সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন আল ইমরান।

























































