শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুসিক নির্বাচনে অশুভ ইচ্ছা পূরণে কাজ করছে সরকার : বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এক ধরনের অশুভ ইচ্ছা পূরণে সরকার ও সরকারি দলীয় লোকজন কাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এমন মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মন্ত্রী- এমপিরা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করছেন। স্থানীয় মন্ত্রী ও তার মেয়ে নির্বাচনের এলাকা ঘেষে সমাবেশ করছেন, যাতে বক্তব্য ভোটাররা শুনতে পারে। এমনকি বঙ্গবন্ধু ও শেখ সেলিমে পোস্টার টানানো হয়েছে, যা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নের বিষয়ে আমরা পরে আপনাদের অবহিত করবো। তবে কুসিক নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর জন্য গতকাল আমরা সিইসি কে এম নুরুল হুদাকে বলেছি। তবে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো সম্ভব না হলে, যে ৪৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেগুলো লাগাতে হবে।

পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের কর্তৃক কুসিক নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন রিজভী। বলেন, নির্বাচনী পরিবেশ এবং সিইসি’র বক্তব্যের মধ্যে কোন মিল নেই। তবুও আমরা আশা করছি, কুসিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং ভোটাদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেষ নিশ্চিত করতে সিইসি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।

চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কিনে প্রধানমন্ত্রী এখন বিপাকে মন্ত্রী করে বিএনপির মুখপাত্র বলেন, ভারত মনে করছে, শেখ হাসিনার ওপর চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ভারত তার পরীক্ষিত বন্ধুর এধরণের বিচ্যুতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই ভারত এখন শেখ হাসিনার ওপর থেকে চীনের প্রভাব কাটাতেই প্রতিরক্ষা চুক্তি করার জন্য পীড়াপীড়ি করছে। প্রধানমন্ত্রী চারিদিকে খেলতে গিয়ে এধরণের হোঁচট খাবেন তা তিনি আগে ভাবতে পারেননি- বলেন তিনি।

রিজভী বলেন, ভারত বর্তমান সরকারের ক্ষমতায় থাকার উৎস। আরা তারা যদি বেঁকে বসেন তাহলে বাংলাদেশ সরকারের জন্য তা মহা উদ্বেগ ও মহা দু:চিন্তার বিষয়। তাই বন্ধুকে খুশি রাখতে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি করতে ‘সুপার হিউম্যান স্পিডে’ এগিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশকে কাশ্মীর বানাবেন না। নিজের ক্ষমতায় টিকে থাকার স্বপ্নসাধকে বাস্তবায়ন করতে গিয়ে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যকে ভারতের জিম্মায় তুলে দিবেন না।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন, আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

২৮/০৩/২০১৭

চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি