শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রচারণা শেষ হচ্ছে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের গণসংযোগ আর মিছিলে মিছিলে গতকালও মুখর ছিল কুমিল্লা নগরী। আজ মধ্যরাতে বন্ধ হয়ে যাচ্ছে প্রচার-প্রচারণা। অপরদিকে সুষ্ঠু ভোটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সংশয়ে রয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলন করে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি’র উপর আস্থা রাখতে চান বলে জানিয়েছেন।
এদিকে গত ১৫ই মার্চ শুরু হওয়া প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। বহিরাগতদের সোমবার রাত ১২টার মধ্যে কুসিক এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কমিশন। তবে গতকাল বিকালের মধ্যেই উভয় দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে এলাকা ছেড়ে গেছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সীমা ও বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কু ভোটের মাঠের পরিবেশ ও শেষ হিসাব-নিকাশ কষছেন।
এদিকে কুসিক নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটের দু’দিন আগে মঙ্গলবার থেকে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে ২৪ জন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হচ্ছে। এছাড়াও স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংরক্ষিত আসনে একজন করে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করবেন। এদিকে নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী। ১০৩টি ভোট কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আদর্শ সদর উপজেলা এলাকায় ৭২টি ভোট কেন্দ্র এবং সদর দক্ষিণ উপজেলা এলাকায় ৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এ কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ ও আনসার সদস্য এবং র‌্যাবের ৮ সদস্যের একটি দল দায়িত্ব পালন করবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ ২টি করে কেন্দ্রে র‌্যাব ও পুলিশের পৃথক মোবাইল টিম নিয়োজিত থাকবে। ভোটকেন্দ্রে আসার পথে কোন ভোটার যেন বাধাগ্রস্ত না হন এজন্য র‌্যাব ও পুলিশের মোবাইল টিম ওয়ার্ডগুলোতে টহলের ব্যবস্থা রাখা হচ্ছে। নির্বাচনী ২৭টি ওয়ার্ডে পুলিশের ২৪ ঘণ্টায় ২৭টি পেট্রোল টিম ডিউটি করছে। একটি টিমে ৬ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, র‌্যাবের ৩৩৮ জন সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন। ভোটের দুদিন আগে থেকে এবং নির্বাচনের পরদিন পর্যন্ত টানা ৪দিন ২৭টি ওয়ার্ডে ৮ জন করে ২১৬ জন সদস্য মোতায়েন থাকবে। অপর সদস্যরা সাদা পোশাকে নজরদারীসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি এলাকা নিরাপত্তার চাদরে ঢাকার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি ভালো আছে, কোনো শঙ্কা নেই। এখন পর্যন্ত সিটি এলাকায় উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ইসির এমন আশ্বাসেও অস্বস্তি কাটছে না প্রার্থী ও ভোটারদের। কারণ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্যের তেমন কোনো বার্তা নেই।
বিএনপির সংবাদ সম্মেলন: কুসিক নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করা নেতাকর্মী, এজেন্ট ও সমর্থকদের মিথ্যা মামলায় হয়রানি, গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ করেছে বিএনপি। সোমবার নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুসিক নির্বাচনের মেয়র পদে দলের প্রার্থীর প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে মাঠে প্রভাব বিস্তারের লক্ষ্যে সরকার দলীয়রা পুলিশকে ব্যবহার করছে। বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাদা পোশাকে তল্লাশির নামে নেতাকর্মী ও সমর্থকদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। মামলার এজাহারে নাম না থাকলেও আটক করে পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী ও তাদের নেতারা নিয়মিত আচরণ বিধি লংঘন করার অভিযোগ দাখিল করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। ভোটের দিন ভোটাররা যেন কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোট চুরি ও জাল ভোট প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ সৃষ্টির জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারসহ যুবদল ও ছাত্রদল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নগরীর শাসনগাছা, রেলগেইট, রেইসকোর্স ও দক্ষিণ চর্থাসহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ: বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর কাপ্তানবাজার, বাখরাবাদ, পুলিশ লাইন, দক্ষিণ চর্থাসহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এসব স্থানে পৃথক পথসভায় সাক্কু নগরীর বিভিন্ন স্থানে তাঁর নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি ও পুলিশ দিয়ে হয়রানীর অভিযোগ করেন। হয়রানী বন্ধে তিনি রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।
অপরদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা দলীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীর দক্ষিণ চর্থা, থিরাপুকুরপাড় ও রেইসকোর্স এলাকায় গণসংযোগ করেন। তাঁর পক্ষে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা আজহার উদ্দিন, মাহফুজুর রহমান রোটন, অপু উকিল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লিয়াকত আলী শিকদার, বদিউজ্জামান সোহাগসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পৃথকভাবে গণসংযোগ করেন। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. মো. আবু কাউছার, সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, কেন্দ্রীয় নেতা আবদুল আলীম, সালেহ মো. টুটুল, দেবাশীষ বিশ্বাস, রফিকুল ইসলাম আবুল নগরীর কান্দিরপাড়, স্টেডিয়াম মার্কেট, টমছমব্রিজ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে সংগঠনের নেতা তারিকুল ইসলাম জুয়েল, অ্যাড. এনামুল হক কাজল ও ইকরাম হোসেন নগরীর বস্তিসমূহ, জজকোর্ট এলাকা, রেইসকোর্স, রানীর বাজার ও নজরুল এভিনিউ এলাকায় গণসংযোগ করেন।
ভোটারদের প্রত্যাশা একটাই- সুষ্ঠু নির্বাচন
কুসিক নির্বাচনের পরিবেশ দৃশ্যত শান্তিপূর্ণ। প্রচারগীত ও বাহারি স্লোগানে মুখর কুমিল্লা নগরী। প্রচারণার শেষদিনে ওয়ার্ডে ওয়ার্ডে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে চেয়েছেন ভোট। গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে। নির্বাচন প্রসঙ্গে আলাপে তাদের সবার মুখেই ঘুরপাক খেয়েছে কয়েকটি প্রশ্ন। নির্বাচন কী শেষ পর্যন্ত সুষ্ঠু হবে? কেন্দ্র কি শান্তিপূর্ণ থাকবে? তারপরও ভোটারদের চাওয়া, ফলাফল যাই হোক; নির্বাচনটা হোক সুষ্ঠু।
কুসিকের ১ নম্বর ওয়ার্ডের খালিয়াজুরির বাসিন্দা রোকেয়া বেগম। কান্দিরপাড়ে মেয়েকে নিয়ে এসেছিলেন হাসপাতালে। তিনি বলেন, আমাদের ঘরে দুই প্রার্থীরই ভোট আছে। দুইজনই ভোট পাবে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ক্রিকেট খেলতে এসেছেন ১ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার নতুন ভোটার কলেজ ছাত্র রাহাতুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন চাই, জীবনের প্রথম ভোট নিজে দিতে চাই। চাকরিজীবী রাজন ২ নম্বর ওয়ার্ডের ভোটার। কুমিল্লা আদালত চত্বরে আলাপকালে তিনি বলেন, কুমিল্লার উন্নয়নে যিনি কাজ করবেন বলে মনে হয়, তাকেই ভোট দেব। ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স পূর্বপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব ছগির আহমদ বসে ছিলেন বাসার সামনে। নির্বাচন পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ দেখলে ভোট দিতে যাবো, নইলে যাবো না। পাশের বাসার মধ্যবয়সী রীনা বেগম বলেন, যেতে কাজ করছে, তারেই ভোট দিমু। একই পাড়ার মুদি দোকানদার বয়স্ক ফুল মিয়া বলেন, কুমিল্লা যার কাছে নিরাপদ থাকবে তাকেই ভোট দেবো। নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কার্জন কুটির এলাকায় জোহরের নামাজ শেষে গল্প করছিলেন তিন বৃদ্ধ। নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তাদের একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রফিক মিয়া বললেন, আর কত দিনইবা বাঁচব। একটি শান্তশিষ্ট কুমিল্লা শহরে মরতে চাই।
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের ভোটার হেমায়ত আলী বলেন, জামায়াত-বিএনপি দুই দলই এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়েছে। তাদের দুজনের গুঁতোগুঁতির প্রভাব পড়বে মেয়র ভোটে। তবে সুষ্ঠু নির্বাচন হলেই আমরা খুশি। ৮ নম্বর ওয়ার্ডের টমছম ব্রিজ এলাকার বাসিন্দা মোসাদ্দেক হোসেন। নিজেকে যুবলীগ কর্মী ও এমপি বাহাউদ্দিন বাহারের সমর্থক পরিচয় দিয়ে বলেন, আমরা এমপির নির্দেশ পেয়ে প্রচারণায় নেমেছিলাম। কিন্তু একজন ওয়ার্ড কাউন্সিলের লিফলেট নিয়ে মেয়র প্রার্থীর লোকজনের সঙ্গে ঝগড়ার ঘটনা ঘটে। এরপর থেকে ওয়ার্ক কমে গেছে। ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঠাকুরপাড়ার বাসিন্দা নওয়াব মিয়া। নির্মাণাধীন বাড়ির শ্রমিকদের কাজকর্ম তদারক করছিলেন। তিনি বলেন, বাপ-দাদার আমল থেকেই বঙ্গবন্ধুর প্রতীক নৌকার সমর্থন করি। নৌকা প্রতীকেই ভোট দেবো। ১০ নম্বর ওয়ার্ডের বাদুরতলার বাসিন্দা রুস্তম আলী। সকালে চাকরিস্থলে যেতে গাড়ির অপেক্ষা করছিলেন। নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বিগত যে কোনো নির্বাচনের তুলনায় এবার রাস্তায় প্রচারণা বেশি হলেও ভোটারদের ঘরে ঘরে প্রার্থীর প্রচারণা কম। শেষ জাতীয় ও স্থানীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তাই কেন্দ্রে গিয়ে এবারও নিরাপদে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সবার মধ্যে সংশয় আছে। ফলে নগরীর সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা ও আগ্রহ কম।

পূর্বাশানিউজ/২৮-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি