শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অন্যকে সাহায্য করুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের পার্থিব কষ্টসমূহের মধ্যে থেকে একটিও কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি বড় কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোন অভাবীর অভাবের কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ্ দুনিয়া ও আখেরাতে তার অভাবের কষ্ট লাঘব করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার অপর মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহও ততক্ষণ তার সাহায্য-সহায়তা করতে থাকেন। (মুসলিম শরীফ : ২৪৫ সংক্ষেপিত) মুসলিম শরীফের উল্লিখিত হাদিসটির প্রথম থেকে শেষ পর্যন্ত মুসলমানদের এমন কতগুলো কাজের নির্দেশ দেয়া হয়েছে, যা জীবন চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মাত্র ৪টি কাজের কথা উল্লেখ করা হয়েছে। ১. কষ্ট দূর করে দেয়া, ২. অভাব লাঘব করা, ৩. দোষ গোপন করা ও ৪. সাহায্য করা।

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ মানুষের এককভাবে বেঁচে থাকা কোনোক্রমেই সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি সদস্যই পরনির্ভরশীল। এই নির্ভরশীলতার গুরুত্ব বিবেচনায় এনে হযরত রাসুলুল্লাহ (সা.) একজন সমাজবিজ্ঞানী হিসেবে উল্লিখিত বিষয়গুলোর ওপর আলোকপাত করেছেন। আপনি গভীরভাবে চিন্তা করুন, হাদিসে উল্লিখিত চারটি মৌলিক বিষয় যদি কোনো সমাজের সদস্যরা দায়িত্ব হিসাবে গ্রহণ করে তাহলে সেখানকার সামাজিক পরিবেশ কি হবে? এই হাদিসটির উপর আমল করা হলে, আমাদের সমাজের যত হানাহানি, মারামারি, অভাব-অনটন ও সামাজিক অস্থিরতা বহুলাংশে কমে যাবে ইনশাআল্লাহ।

দুঃখের সাথে বলতে হয়, উল্লেখিত বিষয়াদির বিপরীত সব কর্মকা-ই আমরা দেখে থাকি। একটু ক্ষমতাশালী হলে নিজেকে সমাজের অপ্রতিরোধ্য মনে করা, মানুষের কষ্ট দূর করার পরিবর্তে অন্যকে কষ্টে ফেলা, এমনকি মানুষের কষ্ট দেখে খুশি হওয়া এসবই অমানবিক কাজ। ক্ষেত্রবিশেষে এমনও দেখা যায় যে, অনেকেই অধীনস্থদের ইচ্ছা করে কষ্ট দেন। কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠানের বিশেষ কোন দায়িত্ব পাওয়ার পর তার মানবিক মূল্যবোধের হঠাৎ পরিবর্তন ঘটে। তার বিন¤্র মুখাবয়বটি শক্তরূপ ধারণ করে। সে একটুও চিন্তা করে না, তার ওপরে মহাশক্তিধর একজন আছেন, যিনি তাকে এখানে বসিয়েছেন। যে কোনো সময় তারও মুষ্ঠিবদ্ধ হাত আছড়ে পড়তে পারে।

হযরত রাসুলুল্লাহ (সা.) মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন অসহায়, দুর্বল ও নির্যাতিতদের বিশ্বস্ত অভিভাবক, অধীনস্থদের প্রতি দয়াশীল ও প্রতিবেশীদের আপনজন। জীবন সায়াহ্নে এসেও তিনি তাদের কথা ভোলেননি। এদের কথা বলে বলে পৃথিবীবাসীকে বারবার সাবধান করে গেছেন। বলেছেন, নামাজ ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। (আবু দাউদ)

ঐতিহাসিক বিদায় হজের ভাষণেও তিনি অধীনস্থ ও দুর্বলদের কথা উল্লেখ করেছেন। বলেছেন, (অধীনস্থদের সাথে সদ্ব্যবহার সৌভাগ্যের উৎস আর তাদের সাথে দুর্ব্যবহার দুর্ভাগ্যের উৎস। (আবু দাউদ)

রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালেমকে দীর্ঘ সময় দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। তারপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদসমূহকে পাকড়াও করেন, তাঁর পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (বোখারি ও মুসলিম)

সুতরাং আসুন, আমরা পরস্পর একে অন্যের একটি করে কষ্ট লাঘব করি, উপকার করি, সহযোগিতার হাত বাড়াই; কিয়ামতের দিন আল্লাহ আমাদের বড় বড় কষ্টসমূহ দূর করবেন, ইনশাআল্লাহ।

পূর্বাশানিউজ/০১-এপ্রিল ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি