
স্টাফ রিপাের্টার:
কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পরিচালিত ‘অপারেশন স্ট্রাইক আউট’ অভিযান শেষ হয়েছে। গত দুইদিন ধরে চলা এই অভিযানে ওই বাড়িতে পাওয়া গেছে ১০ কেজি করে ওজনের ৩টি শক্তিশালী বোমা, ৬টি হ্যান্ড গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট। গতকাল শনিবার বোমা বিশেষজ্ঞ দল এসব বোমা নিষ্ক্রিয় করে। এলাকায় জারি করা ১৪৪ ধারাও সন্ধ্যার দিকে তুলে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন। এদিকে অভিযান শেষ হওয়ায় এবং ১৪৪ ধারা তুলে নেওয়ায় বর্তমানে ওই এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি বিরাজ করছে।
চট্টগ্রামে আটক এক জঙ্গির দেওয়া তথ্য অনুযায়ী গন্ধমতি গ্রামের একটি কবরস্থানের পাশে দেলোয়ার হোসেনের নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটি গত বুধবার বিকাল ৪টার দিকে ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনী। কিন্তু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার পর্যন্ত বাড়িটিতে অভিযান চালানো হয়নি। শুক্রবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি এবং গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাড়িতে শ্বাসরুদ্ধকর অভিযান চালায় পুলিশ, র্যাব, সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিট। এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন স্ট্রাইক আউট’। অভিযানে ওই বাড়ির নিচতলায় জঙ্গি পাওয়া না গেলেও তাদের ব্যবহৃত একটি ট্রলি ব্যাগের ভেতর শক্তিশালী বোমা ও গ্রেনেড পাওয়া যায়। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাড়িটি ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ায় ওই দিন অভিযান স্থগিত করা হয়।
গতকাল শনিবার বোমা নিষ্ক্রিয়করণ অভিযানে নেতৃত্ব দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন। প্রেসব্রিফিংয়ে তিনি জানান, জঙ্গিদের অবস্থান করা আস্তানায় তল্লাশি চালিয়ে ১০ কেজি করে ওজনের শক্তিশালী ৩টি বোমা, ৬টি হ্যান্ড গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। ২২ সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা নাগাদ এগুলো পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করে। দুপুরে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। তিনি বলেন, সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ওই জঙ্গিদের কক্ষ থেকে ১ হাজার স্প্লিন্টার ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তিনি আরও জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ওই এলাকায় জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হবে। এসময় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, জেলা ডিবি’র ওসি এ কে এম মনজুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাড়িতে ছিল ২ জঙ্গি, ছবি পেয়েছে পুলিশ : এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, গত ১৫ মার্চ মিরসরাইয়ে ২ জঙ্গিকে আটকসহ তাদের নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর গত ২৮ মার্চ রাতে চট্টগ্রাম থেকে এক জঙ্গিকে আটক করা হয়। সে (জঙ্গি) কুমিল্লার গন্ধমতির ওই আস্তানায় আনাস ওরফে আনিস ও রনি নামের দুই জঙ্গি রয়েছে বলে জানায়। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে- বাড়িটি ঘেরাও করার আগেই জঙ্গিরা পালিয়ে যায়। দুই জঙ্গি গত ১ মার্চ বাসাটি ভাড়া নেওয়ার আগে চট্টগ্রামের মিরসরাইয়ে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করেছিল। তারা ২ জন ৫ মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। দুই জঙ্গির ছবিও পুলিশের কাছে আছে। এদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
পূর্বাশানিউজ/০২-এপ্রিল ২০১৭/মাহি

















































