বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যা সিনহা মিমের ‘হয়তো এবার নাটক করা হবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বিদ্যা সিনহা মিমের বেশ ব্যস্ত সময় কাটছে গত মাস থেকেই। প্রতিবার ঈদে একটি বিশেষ নাটকে কাজ করলেও এবার নতুন কোনো নাটকের শুটিং এখনও করার সময় পাননি এই অভিনেত্রী। বড়পর্দার কাজ নিয়েই সময় কাটছে তার। এ প্রসঙ্গে তিনি  বলেন, বর্তমানে দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে। এগুলো হচ্ছে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’। এসবের মধ্যে ‘পাষাণ’ ছবির দুটি গানের দৃশ্যায়ন শেষ হলেই এ ছবির কাজ শেষ হবে। ছবিটির গানের কাজ প্রথমে থাইল্যান্ডে হবার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তা হয়নি। তাই এফডিসিতে আগামীকাল থেকে এর কাজ শুরু হবে। মিম এ ছবিতে কলকাতার অভিনেতা ওমের বিপরীতে প্রথমবার কাজ করছেন। ছবিটিতে কখনো বোকা, কখনও ফান-এ রকম নানারূপী চরিত্রে তাকে দর্শক দেখতে পাবেন। এদিকে নতুন বছরে মিম জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবরের ছবিতে কাজ করছেন। গত ফেব্রুয়ারি মাস থেকে সাভারে অভিনেতা ডিপজলের বাড়িতে এ ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটিতে মৌসুমীর ছোটবোনের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার বিপরীতে কাজ করছেন বাপ্পি চৌধুরী। এর আগে বাপ্পি মিমের বিপরীতে ‘সুইটহার্ট’ ও ‘আমি তোমার হতে চাই’ ছবিতে কাজ করেছেন। মিম ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি নিয়ে বলেন, এর কাহিনীটা বেশ সুন্দর। ছবিতে ডিপজল ভাই আমার দুলাভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। আমাকে এখানে কলেজ পড়–য়া একজন ছাত্রীর চরিত্রে দেখা যাবে। নাম যমুনা। যেখানে আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী আপু। ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। এদিকে এর আগে কলকাতার অভিনেতা সোহমের বিপরীতে ‘ব্ল্যাক’ ছবিটি করার পর সম্প্রতি আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ‘মন কী যে বলে শোন না’ নামের এ ছবিটি পরিচালনা করবেন পীযূষ সাহা। এ ছবির কাজ কবে শুরু হবে জানতে চাইলে মিম বলেন, মে মাসের দিকে শুরু হবে। ছবিটির শুটিং করতে কলকাতায় যাবার কথা রয়েছে। শুটিং শিডিউলটা কয়েকদিন পরই হাতে পাব। এ ছবিতে রানী নামে একটি চরিত্রে কাজ করব। এতে আমার বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের নায়ক সূর্য। ছবিটি বাংলাদেশের অংশের প্রযোজক টাইম ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড এবং ভারতের অংশের প্রযোজনা করছে প্রিন্স এন্টারটেইনমেন্ট। ২০০৭ সালে মিডিয়ায় এই লাক্স তারকার অভিষেক ঘটে। গত বছরের শেষদিকে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘আমি তোমার হতে চাই’। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। এ ছবির পরই নতুন বছরে আরেকটি ছবি মুক্তি পায় মিমের। এসব কাজের বাইরে তিনি তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ ছবির কাজও করছেন। এ ছবিতেও বাপ্পির বিপরীতে কাজ করছেন তিনি। এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। মিম বলেন, এ ছবির গানের কাজে এ মাসে ঢাকার বাইরে যাবার কথা রয়েছে। খুব শিগগিরই এ ছবির বাকি কাজ শেষ করব। এদিকে গত বছরে বিশেষ দিবসে মিমকে টিভিপর্দায় দেখা গেলেও বর্তমানে একদমই ছোটপর্দায় কাজ করছেন না তিনি। এবারের ঈদে তার কোনো নাটক থাকছে কি-না জানতে চাইলে মিম বলেন, চ্যানেল আইয়ের একটি খন্ড নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু বিভিন্ন ছবির শুটিং শিডিউলের জন্য সময় দিতে হচ্ছে। তাই হয়তো এবার নাটক করা হবে না।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি