শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘অচিরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৭


অচিরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত দেশ হিসাবে অধিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়। ধীরে ধীরে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন উচ্চতায় আসীন হচ্ছে। আজ ভারতের মত দেশ বাংলাদেশের  প্রধানমন্ত্রীকে যে সম্মান দিয়েছে তাতে প্রমাণ করে বাংলাদেশ আজ ভিক্ষুকের জাতি নয়। ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দেয়া হয়েছে। আস্তে আস্তে পৃথিবীর অনেক শক্তিশালী দেশ বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে। বাংলাদেশ এখন স্বনির্ভর ও আত্মমর্যাদা সম্পন্ন এক দেশের নাম।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল বাসারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ। জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদূল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান অ্যলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী  আব্দুল ফাত্তাহ  প্রমুখ।

প্রতিমন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, শুধু মাত্র চোখ বন্ধ করে মুখস্থ করে ১ম শ্রেণি  পাওয়ার মধ্যে কোন লাভ নাই। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি আমাদেরকে দেশ সম্পর্ক জানতে হবে। ৩০ লাখ মানুষ রক্ত দেয়ার কারণে আমরা আজ মন্ত্রী, সচিব হওয়ার  পাশাপাশি বড় বড় পদে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই আমাদেরকে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্ক জানতে হবে।

০৯ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি