শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নকল সরবরাহের দায়ে শিক্ষকের এক মাসের কারাদন্ড, শিক্ষার্থী বহিস্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৭

 

স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে  মো.আনোয়ারুল আজম নামে এক কলেজ শিক্ষককে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বহিস্কার করা হয়েছে এক শিক্ষার্থীকে। সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কারাদন্ড প্রাপ্ত ওই শিক্ষক কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
আর বহিস্কৃত পরীক্ষার্থী হচ্ছে কুমিল্লা ইস্পাহানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.শহিদুল ইসলাম।

জানা যায়,  সোমবার এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের ভিজিল্যান্স টিমের সদস্যরা কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। ভিজিল্যান্স টিমের সদস্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ইউনুছ চৌধুরী ওই কেন্দ্রের ২০৪ কক্ষে আনায়ারুল আজম নামের ওই শিক্ষক  এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় হাতে নাতে ধরা পড়ে। ওই শিক্ষক ওই ছাত্রী শিক্ষার্থীকে এমসিকিউ উত্তরমালার একটি সিট ও রচনামূলক কিছু প্রশ্নের কাগজে লিখা উত্তর সরবরাহ করেছিলেন। এ ঘটনাটি ভিজিল্যান্স টিমের সদস্যরা তাৎক্ষনিকভাবে কুমিল্লা শিক্ষাবের্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মো.আবদুস ছালাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো.জামাল নাছের সব বোর্ডের কর্মকর্তারা। জেলা প্রশাসকের পরামর্শক্রমে পরে এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামসুজ্জামান নকল সরবরাহকারী ওই শিক্ষক আনোয়ারুল আজিমকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। এছাড়া সাহিদা তাবাসুম নামের বিজ্ঞান বিভাগের ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বোর্ড সূত্র জানায়,বিগত কয়ে বছরের ন্যায় এবছর এইচ এসসি পরীক্ষায় কুমিল্লা ইস্পাহানী কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে  পরীক্ষা দিচ্ছে। আর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ইস্পাহানী কলেজ কেন্দ্রে । কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ বোরহান উল সুলতান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক । এ ঘটনার জন্য ওই শিক্ষক দায়ী , কলেজ কর্তৃপক্ষের সাথে কোন সম্পর্ক নেই। আমরা বিষয়টি কলেজের উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর মো.আবদুস ছালাম জানান, নকলের বিরুদ্বে কুমিল্লা শিক্ষাবোর্ড হার্ডলাইনে রয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। একজন শিক্ষক  শিক্ষার্থীকে নকলে সহায়তার বিষয়টি অত্যন্ত কলংকজনক ও বেদনাদায়ক। আমরা এ ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না ।
এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.শহিদুল ইসলাম জানান, এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে ব্যবস্থাপনায় ত্রুটি থাকার কারণে নাঙ্গলকোট উপজেলার ৪ কেন্দ্র ও চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কীকরন নোটিশ প্রদান করা হয়েছে।

পূর্বাশানিউজ/১১-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি