
পূর্বাশা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তার ভাগনি মেহেজেবুননেছা টুম্পাকে বিয়ে দিচ্ছেন দলের সাবেক মহাসচিব ও এমপি জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে। ফলে জিয়াউদ্দিন বাবলুর মামা শ্বশুর হতে যাচ্ছেন। ২১ এপ্রিল বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বাবলু।
এরশাদের উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু আবার বিয়ে করছেন। ঘরোয়াভাবে এ বিয়ে অনুষ্ঠান হবে। ২১ এপ্রিল সকালে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আকদ এবং সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
জিয়াউদ্দিন বাবলু দশম জাতীয় সংসদে জাপার দলীয় সাংসদ। তার হবু শাশুড়ি মেরিনা রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
জিয়াউদ্দিন বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। ফরিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বাবলুর হবু স্ত্রী মেহেজেবুননেছা রহমানও অধ্যাপক। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর। প্রথম সংসারে তাঁর এক মেয়ে ও এক ছেলে আছে।
এদিকে স্ত্রী ফরিদা সরকারের মৃত্যুর পর একমাত্র ছেলে আশিক আহমেদকে নিয়ে আছেন জিয়াউদ্দিন বাবলু। ছেলে এমবিএ শেষ করে ব্যবসা করছেন, বিয়েও করেছেন।






















































