
পূর্বাশা ডেস্ক :সংস্কৃতি হলো যে কোনো জাতির মানস দর্পণ, যে দর্পণে প্রতিফলহয় সামগ্রিকভাবে গণমানুষের চিন্তা-চেতনা, তথা তাদের জীবন ও মূল্যবোধ। আর সেই মূল্যবোধের অর্থই হচ্ছে সত্য-সুন্দর ও কল্যাণের উপাসনা। একটি কলি পূর্ণ বিকশিত না হলে যেমন তাকে ফুল বলা যাবে না, ঠিক তেমনি জাতির আংশিক জীবনের প্রতিচ্ছবি কোন কিছুকে পরিপূর্ণভাবে সংস্কৃতি বলা যায় না। অর্থাৎ সংস্কৃতি এমন হতে হবে, যার মাধ্যমে জাতি নির্ভেজাল পরিপূর্ণতা লাভ করে, যে সংস্কৃতি সত্যিকার অর্থে কল্যাণ প্রতীক। জাতির আচার-আচরণ, পোশাক-আশাক, আহার-বিহার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সঙ্গে পরিপূরক যে চেতনা তার অন্য নামই সংস্কৃতি।
সংস্কৃতির নিজস্ব গতিপথ আছে। এক একটি জাতি, তার নিজস্ব পরিচয় নিয়ে আপন পথে অগ্রসর হয়, বিকশিত হয়। এই বিকাশের সঙ্গে শেকড়ের সম্পর্ক। বলা বাহুল্য, নিজস্ব সংস্কৃতি অনিকেত নয়। পৃথিবীর কোনো জাতিই তার নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারেনি। ভিনদেশী সংস্কৃতির পরিতোষক যারা তারা কোনো সংস্কৃতি দিয়েই তাদের যাপিত জীবনকে পরিপূর্ণ করতে পারে না। বরং তারা হন ‘নিজ বাসভূমে পরবাসী।’
তুর্কী বিজয়ের পর বঙ্গদেশে হিজরী সন চালু হয়েছিল। চান্দ্রবর্ষের হিসেবে হিজরী সন ধরা হয়। চান্দ্রবর্ষে দিন ও মাস প্রতি ৩৩ বছরে একবার করে আবর্তিত হয়। যেমন রমজান মাসের রোজা, শীত, গ্রীষ্ম, বর্ষা সকল ঋতুতেই ঘুরে আসে। চান্দ্রমাস বা হিজরী সনের দিন ও মাস নির্দিষ্ট ঋতু বা ফসল তোলার মৌসুমে স্থির না থাকায় খাজনা তোলার নির্দিষ্ট তারিখের সঙ্গে ফসল তোলার সময়ের হেরফের হয়ে যায়। তাই ৯৬৩ হিজরী সনে (১৫৫৬ খৃষ্টাব্দ) ভারতবর্ষে সম্রাট আকবরের শাসনামলে খাজনা আদায়ের লক্ষ্যে প্রজাদের ফসল তোলার সময়ের প্রতি দৃষ্টি রেখে ফসলী সন হিসাবে বাংলা বর্ষপঞ্জী সৃষ্টি করা হয়। সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজীর হিজরী সনের চান্দ্র বছরের হিসেবের পরিবর্তে সৌরবর্ষের হিসাব সংযোজন করে বাংলা সনের উদ্ভাবন করেছিলেন।
১৫৭৬ খৃষ্টাব্দের বাংলা মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর ১৫৮৫ খৃষ্টাব্দের ১০ মার্চ সম্রাট আকবর বাংলা সন সংক্রান্ত এক ফরমান জারি করেন। কিন্তু এ আদেশ কার্যকর করা হয় আরো পিছনের তারিখ হতে, অর্থাৎ সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময় ১৫৫৬ খৃষ্টাব্দের ১১ মার্চ হতে।
আইন-ইন-আকবরী গ্রন্থ হতে জানা যায় যে, ‘সম্রাট আকবরের দরবারে কতিপয় প্রভাবশালী কর্মচারী সম্রাটের নিকট একটি নতুন সনের জন্য আবদার করেন। সম্রাট স্বয়ং হিজরী সনের তারিখের ভিন্নতা সম্বন্ধে অবগত ছিলেন, চন্দ্র পদ্ধতির হিসেবে প্রতি সৌর বছরের হিসাব থেকে ১০/১১ দিনের পার্থক্য ঘটে। (আমাদের দেশে সৌর ও চন্দ্র এ দুটি সন আলাদা গণনার পদ্ধতি থাকলেও সে সময়ে মিশ্র রীতিতে তার হিসাব রাখা হত। যেমন মাস, চন্দ্র পদ্ধতির, কিন্তু সন সৌরপদ্ধতির। ফলে ১০/১১ দিন পার্থক্য বাড়তে বাড়তে যখন তিন বছরে সাড়ে বত্রিশ দিন পার্থক্য দেখা দিত, তখন একটি চন্দ্র মাসকে একেবারে বাদ দেয়া হতো। হিন্দুগণ এই বাদ দেয়া মাসকে বলত মল মাস বা অধিক মাস। তারা এ মাসকে কোন মাস বলেই গ্রাহ্য করত না)।
বিখ্যাত ফরাসী অভিধান ‘গিয়াসুল লোগাত’ গ্রন্থে বলা হয়েছে যে, ‘ফসলী সন প্রবর্তিত হয় ৯৭১ হিজরীরর ১লা মহররম মোতাবেক ২১ আগস্ট ১৫৬৩ খৃষ্টাব্দে।’
বাংলা সন সম্পর্কে বাবু আনন্দনাথ রায় তৎপ্রণীত ‘বার ভূঁইয়া’ নামক পুস্তকের ২০২ পৃষ্ঠায় লিখেছেন, ‘আকবর বাদশাহের রাজত্বকালে হিন্দু সম্প্রদায় বাদশাহের কাছে জ্ঞাপন করেন আমাদের ধর্ম-কর্ম সম্বন্ধীয় অনুষ্ঠানে হিজরী সন ব্যবহার করতে ইচ্ছা করি না, আপনি আমাদের জন্য একটি পৃথক সন নির্দিষ্ট করে দিন। সম্রাট আকবর ধর্মমত সম্বন্ধে উদার ছিলেন। তিনি হিন্দু প্রচার মনোরঞ্জনার্থে হিজরী সন হতে দশ-এগারো বছর ন্যূন করে এলাহী নামের একটি সনের প্রচলন করেন। তার দ্বীনে এলাহীর সাথে মিল রেখে এই সন প্রবর্তন করা হলেও কিছুদিনের মধ্যেই দ্বীনে এলাহীর ন্যায় এলাহী সনের অপমৃত্যু ঘটে।
‘তারিখে আলফীর’ আলোচনায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ‘তারিখে আলফী’ মূলত মোগল সম্রাট আকবর কর্তৃক দ্বীনে এলাহী নামক একটি নতুন ধর্মমত প্রবর্তনের সর্বজনবিদিত ইতিহাস। এই উদ্ভট ধর্মমত চরমভাবে ব্যর্থ হয়ে অচিরেই বিলুপ্ত হয়। এই দ্বীনে এলাহী প্রবর্তন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্রাট আকবর প্রথমেই একটি নতুন ইতিহাস রচনার কাজে হাত দেন এবং তার সিংহাসনারোহণ পর্যন্ত বিগত এক সহস্র বছরের ঘটনাবলীসংবলিত একটি ইতিহাস গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের নামকরণ করা হয় ‘তারিখে আলফী’ বা সহস্র বছরের ইতিহাস।
তারিখে আলফীর চমৎকার ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় আকবর শাহী দরবারের বিশিষ্ট লেখক মোল্লা আব্দুল কাদের বিন মালিক শাহ বদায়ূনীর রচনায়। ফারসী ভাষায় রচিত ‘মোনতাখাবাতুৎ তাওয়ারীখ’ কাদের বদায়ূনীর একটি বিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থের পান্ডুলিপি মোল্লা সাহেবের জীবদ্দশায় গোপন রাখা হয় এবং তার মৃত্যুর পর এটা প্রকাশ করা হয়। এই গ্রন্থে আকবারী যুগের চল্লিশ বছরকালব্যাপী রাজত্বকালের ঘটনাবলী বর্ণিত হয়েছে। তাওয়ারীখ-এর উর্দু অনুবাদ করেন মাহমুদ আহমদ ফারুকী। এই গ্রন্থে আব্দুল কাদের সম্রাট আকবরের সিংহাসনারোহণকে ২৮তম সালের ঘটনাবলীর আলোচনা প্রসঙ্গে বিশদ বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। আব্দুল কাদের আরো লিখেছেন যে, ‘একই বছর সম্রাট আকবর একটি ফরমান জারি করেছিলেন যে, হিজরতের হাজার বছর যেহেতু শেষ হয়ে গেছে এবং এযাবত লোক হিজরী তারিখই লিখে আসছে, অতএব এখন থেকে একটি ইতিহাস রচিত হওয়া আবশ্যক, যাতে বর্তমান সময় পর্যন্ত সকল সাম্রাজ্যের ঘটনাবলী অন্তর্ভুক্ত হবে।’
এই নতুনগ্রন্থটি অন্যান্য ইতিহাস সমুহের ভুল ঘটনাবলীকে খন্ডন ও রহিত করবে এবং এই ইতিহাসের নাম হবে ‘তারিখে আলফী’। এই গ্রন্থে সনগুলোর সাথে হিজরতের পরিবর্তে ওফাত শব্দ লিখতে হবে। এই উদ্দেশ্যে হযরতের ওফাত থেকে বর্তমান সময় পর্যন্ত এর ঘটনাবলী লেখার জন্য সাত ব্যক্তিকে নিযুক্ত করা হয়। প্রথম সনের ঘটনাবলী লিপিবদ্ধ করার জন্য নকীব খান, দ্বিতীয় সনের জন্য ফতহুল্লাহ এবং এই নিয়মে অন্যদেরও নিযুক্ত করা হয়। লেখকদের মধ্যে নকীব খান, শাহ ফতহুল্লাহ, হাকীম আলী, হাজী ইবরাহীম, সরাহিন্দী, নেজামুদ্দিন আহমদ, আব্দুল কাদের বদায়ূনী, জাফর বেগ এবং আশেক খানের নাম রয়েছে। তারিখে আলফী প্রণয়নের কাজ আরম্ভ হয় হিজরী ১০০০ সালে। মোল্লা কাদেরের সম্পাদনায় এই গ্রন্থ পূর্ণাঙ্গ রূপ লাভ করে। মতান্তরে এটা তিন খন্ডে, চারখন্ডে ও ছয় খন্ডে বিস্তৃত ।
সম্রাট আকবরের নবরত্নের অন্যতম আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ ‘আকবারনামায়’ এলাহী সনের যে বর্ণনা পাওয়া যায় তা এরূপ হিজরী ৯৬৩ সালের ২ রবিউস সানী, রোজ শুক্রবার মোতাবেক ১৪ ফেব্রুয়ারি, ১৫৫৬ খৃষ্টাব্দের দ্বিপ্রহরের সময় আকবর সিংহাসনারোহণ করেন এবং ২৫ দিন পর ২৬ তম দিবসে ২৮ রবিউসসানী তারিখ থেকে এলাহী সনের নতুন বছর আরম্ভ হয়। এই ২৬৫ দিন বিলম্বে এলাহী সন চালু করার কারণ হিসেবে বলা হয়ে থাকে যে, তৎকালে প্রচলিত ফারসী সনের ২৫ দিন বাকী ছিল। এই ২৫ দিন অন্তে ফরাসী সনের প্রথম তারিখ থেকে ফরাসী সনের মাসগুলো নিয়ে এলাহী সনের যাত্রা শুরু হয়েছিল। খৃষ্টীয় সন হিসেবে এই তারিখটি ছিল ১৫৫৬ সনের ১০ মার্চ। অর্থাৎ এলাহী সন চালু হয় হিজরী ৯৬৩ সনের ২৮ রবিউস সানি মোতাবেক ১০ মার্চ ১৫৫৬ সন। নতুন ক্যালেন্ডারের সন ও মাসগুলোর নাম যথাক্রমে এলাহী সন ও এলাহী মাস নামে অভিহিত করা হয়। মুদ্রা ও মোহরে আলফ অর্থাৎ সহস্রাব্দ মুদ্রিত করা হয়। আকবরের নাম ও তার তথাকথিত ধর্মের সাথে মিল রেখে আকবরী সন চালু করা হয়। এলাহী জালালী বা আকবরী সনের অপর এক নাম ফসলী সন।’
খৃষ্টীয় সনেরও শুরু হয়েছিল মার্চ মাস হতে পরবর্তীতে ডিসেম্বরকে ধরা হতো খৃষ্টীয় বছরের প্রথম মাস। বর্তমানের জানুয়ারি মাসকে খৃষ্টীয় বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু হয় ১৭৫২ খৃষ্টাব্দে। আমাদের দেশে সরকারি কাজকর্ম বা অফিস আদালতে খৃষ্টীয় বর্ষপঞ্জী অনুসরণ করা হয় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর আমল হতে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনামলে বাংলায় ইউরোপীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছিল যথেচ্ছভাবে। কিন্তু তা ছিল শহরকেন্দ্রিক। ইংরেজ শাসনে জেলায় জেলায় প্রশাসনিক ইউনিটগুলোতে শহর গড়ে ওঠে। শহরগুলোতে ইউরোপীয় সভ্যতা সংস্কৃতির ছোঁয়া লেগে গ্রাম থেকে ভিন্নভাবে গড়ে উঠতে থাকে। ভারত বিভক্ত হয়ে হিন্দুস্থান ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের আবির্ভাবের মূলে ছিল দুই সংস্কৃতির দ্বন্দ্ব বাংলার দুই সংস্কৃতি ধারায় জনপদও সে দিন বিভক্ত হয়ে পড়ে। সেদিনের আর্যাবর্ত তথা পশ্চিমবঙ্গ আর্য সংস্কৃতির ধারক, বাহক। বর্তমানে হিন্দুস্থানের অঙ্গরাজ্য। আর পূর্ববঙ্গ বর্তমানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পূর্ববঙ্গ যে নিজস্ব সংস্কৃতির উপর কতটা আস্থাশীল ও বলিষ্ঠ তা বুঝা যায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে। পূর্ববঙ্গবাসী যেমন ১৯৪৭ সালে পশ্চিম বঙ্গের সঙ্গে ঐকতানে মিলিত হয়নি তেমনি তৌহিদী জনগোষ্ঠীর সঙ্গে একত্রও থাকেনি। এ কথা বলার অপেক্ষা রাখে না যে সংস্কৃতি বিভক্তির ফলেই ১৯৪৭ সালে বাংলা বিভক্ত হয়।
বহুকাল থেকেই বাংলা নববর্ষ সকলকে নতুনের আবাহনে উজ্জীবিত করে, এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। হালখাতা, বৈশাখী মেলা, নববর্ষের বর্ণাঢ্য আনন্দ মিছিল, বিভিন্ন লোকজ অনুষ্ঠান বাংলা নববর্ষকে বাঙ্গালীর নিজস্ব উৎসবে পরিণত করেছে। নগর জীবনে অভ্যস্ত মানুষও পান্তাভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে, পায়জামা-পাঞ্জাবী পরে ‘বাঙ্গালি’ ‘বাঙ্গালি’ একটি ভাবমূর্তি নিয়ে আবির্ভূত হয় এদিনে।
এখন পর্যন্ত আমাদের জীবন ব্যবস্থা গ্রাম নির্ভর এবং জাতীয় অর্থনীতি কৃষিনির্ভর। শতকরা ৮০/৯০ জন মানুষ গ্রামে বাস করে। গ্রামের মানুষের আর্থিক দুরবস্থা ও দারিদ্র্য দিন দিন বেড়ে যাচ্ছে। শতকরা ৬০/৭০ ভাগ মানুষ ভূমিহীন ও নিঃস্ব হয়ে পড়েছে। দারিদ্র্য ও অভাব-অনটনে জর্জরিত সাধারণ মানুষের পক্ষে নববর্ষ বা অন্যান্য আচার অনুষ্ঠান করা এখন আর সম্ভব হচ্ছে না। এসব হতাশা ও নিরাশার মাঝেও গ্রাম বাংলার জনগণের হৃদয়ে পহেলা বৈশাখ এক নুতন পুলকের অনুভূতি সৃষ্টি করে। আবহমানকাল যাবত পহেলা বৈশাখ হতে মাসব্যাপী বাংলা নববর্ষের নানা ধরনের উৎসব উদযাপন আমাদের সামাজিক রীতি রেওয়াজে পরিণত হয়েছে। পহেলা বৈশাখে গ্রাম বাংলার ঘরে ঘরে যার যার সঙ্গতি অনুযায়ী একটু ভাল খাবারের আয়োজন করা হয়। জনশ্রুতি এ রকম যে, বছরের প্রথম দিনে ভাল খাবার পেলে সারা বছর ভাল খাওয়া যায়।
চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বাংলার মানুষ বিভিন্ন শাক ও লতাপাতার কচি পাতা একত্রে রান্না করে খায়। এতে নাকি বিভিন্ন রোগের উপকার ও প্রতিষেধক হিসেবে কাজ করে। যারা বিভিন্ন জাতের শাক ও লতাপাতা সংগ্রহ করতে পারে না তারাও তিতা জাতীয় একটা কিছু খেতে চেষ্টা করে। চৈত্র সংক্রান্তিতে তিতা খাবার আকর্ষণ ও বিশ্বাস দীর্ঘদিনের পুরোনো। অষ্টমী স্নান বাঙ্গালি হিন্দুদের একটা বড় উৎসবের দিন। দূর-দূরান্ত হতে হিন্দু নরনারী ও শিশুরা ঢাকার লাঙ্গলবন্দ ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানে স্নান করতে আসে। অষ্টমী স্নান ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রামাঞ্চলে বহু মেলা বসে। প্রচ- খরতাপ রুক্ষ্ম ও বিরূপ প্রকৃতির মাঝেও এসব মেলায় গ্রাম বাংলার মানুষের আনন্দের ঢল নামে। বছরের প্রথম দিন পহেলা বৈশাখে গ্রামে ও শহরে মেলা বসে। এসব মেলা থেকে মানুষ কিনে সারা বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, এমনকি ধান-চালসহ খাদ্য ও কৃষির বিভিন্ন উপকরণ। এসব মেলায় কামার, কুমার, জেলে ছুতার সবাই যার যার পণ্য নিয়ে মেলায় বসে। নানা রঙের ঘুড়ি, বাঁশের বাঁশিসহ বিভিন্ন প্রকারের বাঁশি, হাঁড়ি পাতিল, পিঁড়ি, দা, কুড়াল, খন্তা, জলচৌকি, নকশা করা ও রং করা মাটির পুতুল, মাটির তৈরি ও চিনির তৈরি খেলনা পাখি, গরু, মাছ ইত্যাদি পুতুল সামগ্রী মেলার আকর্ষণ বৃদ্ধি করে। কুলা, ডালাসহ বাঁশ ও বেতের বিবিধ সামগ্রী, রসগোল্লা, জিলাপী, বাতাসা, কদমা, চিড়া মুড়ি ও বিভিন্ন খৈ ইত্যাদি মেলায় বেচাকেনা হয়। দেশীয় পণ্যের বিরাট বাজার হিসেবে এই মেলা সমগ্র জাতীয় অর্থনীতিতেও রাখে অসাধারণ অবদান।
গ্রাম বাংলার মেলার স্বাদ নগরবাসীদের মধ্যে সঞ্চারিত করার লক্ষ্যে এখন ঢাকা শহরেও বৈশাখী মেলা বসে। গ্রামের মেলার মতো হরেক রকম মাটির খেলনা ও কুটির শিল্প সামগ্রী এবং গান-বাজনায় মেতে উঠে ঢাকা শহরের মেলাগুলো। বৈশাখী মেলা সকল ধর্মের সকল বাঙ্গালির সম্মিলিত জাতীয় উৎসব।
আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী মেলার বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে। গাজীপুর, কাপাসিয়া এলাকায় মেলাকে গাছতলা বলা হয়। পঞ্চাশের দশক পর্যন্ত গ্রামের প্রায় প্রতি বাড়িতেই মাটির হাঁড়ি পাতিলে ভাত তরকারি, দুধ, মাছ সবই রান্না হতো। লাকড়ির জ্বালানিতে মাটির হাঁড়ি পাতিলের রান্না ছিল খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। এলুমিনিয়ামের হাঁড়ি পাতিল ও গ্যাসের ব্যবহারে মানুষের রোগ ব্যাধি আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মাটির কলসও কিছু কিছু মৃৎশিল্পের ব্যবহার এখন পর্যন্ত প্রচলিত আছে। মেলায় মাটির জিনিসপত্র এখনও বিক্রি হয়। চাল, ডাল, মাছ তরকারি ও তাঁতের কাপড় হতে নিত্য প্রয়োজনীয় সব কিছুই মেলায় পাওয়া যেতো এবং দাম ছিল সস্তা বা খুবই কম। এসব মেলায় ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, চরক গাছ ও বিভিন্ন খেলাধুলারও আয়োজন থাকতো। মেলার আশপাশের বাড়িঘরে ঈদের দিনের মতো রান্না ও মেহমানের আনাগোনা হতো। নববর্ষ উপলক্ষে গ্রামে গ্রামে হা-ডু-ডু, কাবাডি ও দাড়িয়াবান্ধা খেলা এবং সন্ধ্যায় বারমাসী, বাউল ও জারী গানের আসর বসতো। হাটে বাজারের দোকানদার ও মহাজনেরা সারা বছরের লাভ লোকসানের হিসাব মিলিয়ে শুভ নববর্ষের হালখাতার আয়োজন করতো। ছাপানো কার্ডে হালখাতার নিমন্ত্রণপত্র দেয়া হতো। গ্রাহক বা খরিদ্দারগণ পুরাতন সমুদয় বকেয়া বা আংশিক বকেয়া পরিশোধ করতো। নববর্ষের লাল মলাটের খাতায় নতুন হিসাব লেখা হতো। রসগোল্লা, নিমকি, দৈ, জিলাপি, পায়েশ ইত্যাদি খাওয়াবার রেওয়াজ ছিল হালখাতা অনুষ্ঠানে। এখন এসব অনুষ্ঠানের রেওয়াজ অনেকাংশে কমে গেছে। অভাব অনটনের কারণে গ্রামের মানুষ আগের মত আর নববর্ষের আনন্দ উপভোগ করতে পারছে না।
সরকার এবং শহুরে শিক্ষিত জনগণের কাছে খৃষ্টীয় বর্ষপঞ্জি বেশী গুরুত্বপূর্ণ হলেও এদেশের গ্রামীণ এবং সাধারণ মানুষ এখনো বাংলা বর্ষপঞ্জীকেই সর্বতোভাবে অনুসরণ করে। অফিস-আদালতসহ সকল সরকারি কাজকর্মে এবং শিক্ষিত লোকদের ব্যবহারিক জীবনে জানুয়ারি-ডিসেম্বর খৃষ্টীয় বর্ষপঞ্জী এবং জুন-জুলাই হিসাব বছরকে অনুসরণ করা হয়। খৃষ্টীয় বর্ষপঞ্জির অনুসরণ এবং আধুনিক প্রযুক্তির প্রাধান্যের কারণে সাম্প্রতিককালে বৈশাখী মেলার মতো বাংলা নববর্ষ ও তার গুরুত্ব হারিয়েছে। শহরের মানুষদের কাছে বাংলা নববর্ষ হয়ে উঠেছে লোক দেখানো আনুষ্ঠানিকতার এক বিচিত্র উপলক্ষ। কিন্তু তারপরও এ কথা অস্বীকার করার উপায় নাই যে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে বাংলা বছর এখনো যথেষ্ট গুরুত্বপূর্ণ। গ্রামের মানুষের দৈনন্দিন জীবন ফসল বোনা, বিয়ের তারিখ সবকিছুই স্থির হয় বাংলা তারিখে এবং গ্রামের মানুষ খৃষ্টীয় তারিখের খবর রাখে না। এখন পর্যন্ত থানা ও জেলা শহর এবং গ্রামের হাট-বাজারে ব্যবসা-বাণিজ্য ঘর গুদাম ভাড়ার হিসাব ধরা হয় বৈশাখ হতে চৈত্র বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী।
ভারত উপমহাদেশে বাংলা ভাষাভাষী অঞ্চলে এই বাংলা সন বা বঙ্গাব্দ প্রচলিত আছে। তাবে বাংলা একাডেমি কর্তৃক উক্ত বর্ষপঞ্জি সংস্কার করা হয়েছে এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারী ১৮ পৌষ ১৩৯৫ ধরে সরকারী আদেশবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এই সংস্কৃত বর্ষপঞ্জি প্রচলিত আছে। খৃষ্টান জগতে ১৫৮২ সালে খৃষ্টীয় ক্যালেন্ডার (জুলিয়ান) সংস্কার করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করার মত বাংলাদেশে সরকারিভাবে চিরাচরিত বাংলা বর্ষপঞ্জির স্থলে শহীদুল্লাহ ক্যালেন্ডার বা বর্ষপঞ্জির প্রচলন শুরু হয়েছে। নিম্নলিখিত কারণে চিরাচরিত বাংলা পঞ্জিকা সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়।
চিরাচরিত বাংলা পঞ্জিকায় বাংলা মাসের দিন গণনা সুনির্দিষ্ট নয়। বিভিন্ন বাংলা মাসের দিন বিভিন্ন বছরে ভিন্নতর হয়ে থাকে। কোন বছর জৈষ্ঠ মাস ৩১ দিন, কোন বছর ৩২ দিন, এরূপ আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস। আবার অগ্রহায়ন, পৌষ, মাঘ, ফাল্গুন কোন বছর ২৯ দিন, কোন বছর ৩০ দিন, চৈত্র ও বৈশাখ কোন বছর ৩০ দিন, কোন বছর ৩১ দিন। ফলে চিরাচরিত বাংলা পঞ্জিকা ব্যবহারের ক্ষেত্রে বড় অসুবিধা হলো আগামী কোন বাংলা সনের কোন মাস কতদিনে তা জানার জন্য প্রতিবছর প্রকাশিত বাংলা পঞ্জিকার উপর নির্ভর করতে হয়। আগামী বছর বাংলা সনের মাসের দিন তারিখ নিরূপণের জন্য পঞ্জিকা বিশারদদের মুখাপেক্ষী হয়ে বর্ষপঞ্জী প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। বাংলা তারিখ গণনা সহজতর করার লক্ষ্যে ঢাকাস্থ বাংলা একাডেমি ১৯৬৩ সালে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে সুদক্ষ ও খ্যাতনামা পন্ডিত জ্যোতির্বিদ সমন্বয়ে একটি বাংলা পঞ্জিকা সংস্কার কমিটি গঠন করে। অধ্যাপক আবুল কাশেম, পন্ডিত তারাপদ ভট্টাচার্য, কাব্য ব্যাকর-পুরান স্মৃতিতীর্থ, ভগবগ শাস্ত্রী, সাহিত্যোপাধ্যায়-স্মৃতি পুরান রত্ন, জ্যোতি শাস্ত্রী, পন্ডিত অবিনাশ, কাব্য জ্যোতিতীর্থ, পন্ডিত সতীশচন্দ্র, শিরোমণি জ্যোতিভূষণ এবং বাংলা একাডেমির পরিচালক সৈয়দ আলী আহসান এই উপসংঘের সদস্য ছিলেন। এটা বলার অপেক্ষা রাখে না যে, কমিটির সভাপতি সংস্কৃতি পন্ডিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভারতীয় জ্যোতির্বিদ্যা ও পঞ্জিকা (বর্ষপঞ্জি) গণনা পদ্ধতি সম্পর্কে জ্ঞানের অধিকারী ছিলেন। ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারী কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে এবং বাংলা বর্ষপঞ্জীর নিম্নরূপ সংস্কার প্রস্তাব করেন।
১. ইংরেজি মাস ২৮, ৩০ কিংবা ৩১ হয় কিন্তু আমাদের সিদ্ধান্তে বাংলা মাস গণনার সুবিধার জন্য বৈশাখ মাস হইতে ভাদ্র মাস পর্যন্ত প্রতি মাস ৩১ দিন এবং আশ্বিন মাস হইতে চৈত্র মাস পর্যন্ত প্রতি মাস ৩০ দিন হিসেবে গণনা করা হইবে, ২. অধিবর্ষে (লিপইয়ারে) চৈত্র মাস ৩১ দিন হইবে। ৪ দিয়ে যে সাল বিভাজ্য তাহাই অতিবর্ষ বলিয়া পরিগণিত হইবে, ৩. মোগল আমলে বাদশাহ আকবরের সময় যে বঙ্গাব্ধ প্রচলিত করা হইয়াছিল তাহা হইতেই বৎসর গণনা করিতে হইবে এবং সেই হিসেবে আগামী ১লা বৈশাখ হইবে ১৩৭৩ সাল।
বাংলা একাডেমি সংস্কৃত এই বাংলা পঞ্জিকা প্রচলণে তখন আইনের প্রয়োগ না থাকায় এই পঞ্জিকা অফিস-আদালতে সর্বজনগ্রাহ্য হয়নি। চিরাচরিত বাংলা পঞ্জিকাই চালু থাকে। বাংলাদেশ সরকার সরকারি কাজকর্মে ইংরেজি সন তারিখের পাশাপাশি বাংলা সন তারিখ লেখার জন্য ১ জানুয়ারি ১৯৮৭ সালে এক নির্দেশ জারি করে এবং ১৯ জুন ১৯৮৮ বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলা একাডেমির ১৯৬৬ সালের প্রস্তাবিত বাংলা সনের সংস্কৃতি বর্ষপঞ্জি (শহীদুল্লাহ বর্ষপঞ্জি নামে অভিহিত বর্ষপঞ্জি) অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশের সকল সরকারী মন্ত্রণালয়, বিভাগ, পরিদফতর এবং স্বায়ত্তশাসিত সংস্থা কর্তৃক এই নির্দেশ পালিত হতে থাকে।
বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পর রাষ্ট্রীয় ও সামাজিক সকল ক্ষেত্রে ইংরেজি সন তারিখের পাশাপাশি জাতীয় সন হিসেবে বাংলা সন প্রচলনের উপলব্ধি বাঙালী জাতীয় চেতনার অভিব্যক্তিরূপে বাংলাদেশ সরকারের অভিনন্দিত হয়। ১৩৯৫ বঙ্গাব্দে (১৯৮৮-৮৯) বাংলাদেশ সরকার কর্তৃক, ‘শহীদুল্লাহ বর্ষপঞ্জি’ প্রবর্তনের পর থেকে বিভিন্ন-পত্রপত্রিকায় বাংলা বর্ষপঞ্জি সংস্কারের বিষয়ে মতামত প্রকাশিত হতে থাকে। বিষয়টি বিবেচনার জন্য বাংলা একাডেমি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই কমিটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত মতামত এবং বাংলা একাডেমিকে প্রদত্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা করেন এবং শহীদুল্লাহ কমিটি প্রস্তাবিত বর্ষপঞ্জিটি আরো সম্প্রসারিত করে গ্রেগরীয় বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্যপূর্ণকরণের জন্য সুপারিশ প্রণয়ন করেন। আমাদের ঐতিহ্য-সংস্কৃতি বাংলা মাস ও ঋতু পরিবর্তনের সঙ্গে গ্রামবাংলার মানুষের সম্পৃক্তির কথা স্মরণ রেখে এবং বাংলা বর্ষপঞ্জি সংস্কারের জন্য মুহম্মদ তকীয়ুল্লাহ, জিএম আনিসুর রহমান, ড. মসিউর রহমান ও জামিল চৌধুরীর নিকট থেকে বাংলা একাডেমি কর্তৃক প্রাপ্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা করেন। আলোচনায় গ্রেগরীয় সংস্কারের আলোকে বাংলা বর্ষপঞ্জির লিপইয়ার গণনা পদ্ধতিতে গরমিলের নিরসন এবং বাংলা সনের লিপইয়ার গণনা পদ্ধতি পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পায়। ১৯৯৫ সালে কমিটি নি¤œরূপ সংস্কার সুপারিশ করেন- ১. সাধারণভাবে বাংলা বর্ষপঞ্জির বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতি মাস ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র মাস প্রতি মাস ৩০ দিন গণনা করা হবে (শহীদুল্লাহ কমিটির সিদ্ধান্ত বজায় রাখা হয়), ২. গ্রেগরীয় বর্ষপঞ্জী, অধিবর্ষে যে বাংলা বছরের ফাল্গুন মাস পড়বে সেই বাংলা বছরকে অধিবর্ষরূপে (লিপইয়ার) গণ্য করা হবে এবং ৩. অধিবর্ষে ফাল্গুন মাস ৩১ দিনে গণনা করা হবে।
কমিটির সুপারিশে সৌরবর্ষের বর্ষমান ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫.৭ সেকেন্ড ধরা হয়েছে। উল্লেখ্য, বাংলা একাডেমির বিশেষজ্ঞ কমিটিতে প্রফেসর হারুন-অর-রশিদ, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রফেসর জামাল নজরুল ইসলাম, গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ড. আলী আসগর, অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; ড. অজয় রায়, অধ্যাপক ফলিত পদার্থ বিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ম.ম. শহীদুল্লাহ, অধ্যাপক গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ অন্তর্ভুক্ত ছিলেন।
বাংলা পঞ্জিকার এই সংস্কারের ফলে বাংলা বর্ষপঞ্জি গ্রেগীয়ান ক্যালেন্ডারের ন্যায় আন্তর্জাতিক মান সম্পন্ন তারিখ গণনার এক সহজ বৈজ্ঞানিক ক্যালেন্ডার হিসেবে পরিগণিত হয়েছে। এই সংস্কারে বাংলা তারিখের প্রতিসঙ্গী ইংরেজি তারিখ সুনির্দিষ্ট থাকায় বাংলা সন ১৪০১ হতে ভবিষ্যতে যে কোন বছরের দিন, তারিখ, বার সম্পূর্ণ নির্ভূলভাবে সহজে নিরূপণ করা সম্ভব হচ্ছে। এই পঞ্জিকা সংস্কারের ফলে বাঙালী জনগোষ্ঠী সকল সম্প্রদায় বাংলা তারিখ অনুযায়ী তাদের ধর্মীয় উৎসবাদি পালনে সক্ষম। বাংলা পঞ্জিকার এই সংস্কারের ফলে সর্ব-কর্ম অনুষ্ঠান ও পূজা-পার্বনাদি কর্মকান্ডের লগ্নাদি নির্ধারণে অসুবিধার কারণ ঘটার ধারণা সম্পূর্ণ অমূলক।
বাঙ্গালী সংস্কৃতির অন্যতম অঙ্গ হলো বৈশাখ মাসের আগমন ও পালিত উৎসব। এদেশে বাংলা নববর্ষের একটা স্বতন্ত্র আবেদন রয়েছে। রয়েছে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য। দক্ষিণ-পূর্বের বৈস্যাবী ছাড়া বাংলা নববর্ষই এদেশের সকলকে একমঞ্চে টেনে আনতে সক্ষম। সবার মনে সুখকর এক সুর-ঝংকার উত্থাপনে সক্ষম এই অনুষ্ঠানে ব্যক্তি সত্তার পাশবিক হুঙ্কার নেই, সঙ্কীর্ণতার কোনো মাদকতা নেই। নেই ইতিহাস বিকৃত করে ক্ষমতা মদেমত্তদের বাচালতার কোনো স্থান। নেই আত্মম্ভরিতার কোনো কালো ছায়া।
বাংলা বর্ষ পঞ্জিকায় বারটি মাসের মধ্যে বৈশাখ হলো বর্ষের প্রথম মাস। এই বার মাসকে আবার ছয় ঋতুতে ভাগ করা হয়েছে। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই ছয় ঋতুতে বাংলাদেশের প্রকৃতি ছয় রকম রূপ পরিগ্রহণ করে। যেমন গ্রীষ্মকালে প্রচন্ড গরম হয়, শীতকালে প্রচন্ড শীত, বর্ষকালে আকাশ মেঘাচ্ছন্ন ও অবিরাম বৃষ্টিপাত, খালবিল কানায় কানায় ভড়ে উঠে। এমনকি অতিবৃষ্টি বন্যার সৃষ্টি করে। রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে দেয়, ক্ষেতের ফসল ভাসিয়ে নিয়ে যায়। ঋতুগুলোর মধ্যে বসন্ত ঋতু হলো ঋতুর রাজা। এ সময় গাছে গাছে থাকে নতুন পাতা আর ডালে ডালে ফুল ও ফল। পাখি ডাকে গাছে গাছে। এ সময় কোকিল পাখির আগমন হয়। তারা গাছ থেকে উড়ে বেড়ায়। তারা গাছের খুব উঁচু ডালে পাতার আড়ালে লুকিয়ে থেকে সুমিষ্ট স্বরে গান গেয়ে যায়। তাদের সুমধুর কণ্ঠে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। তারা ডাকে কু-উ-কুউ, কু-উ-কুউ। শিশুরা কোকিলের ডাক খুব পছন্দ করে। তাই তারাও কোকিলের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কোকিলের মত করে ডাকতে থাকে কু-উ-কুউ, কু-উ-কুউ। এ সময়টা না গরম, না শীত। তাই এই সময়টায় সকলের আরামেই কাটে। এক এক ঋতু দুই দুই মাস করে হয়। দুই মাস পর আবার প্রকৃতির পরিবর্তন হয় এবং অন্য ঋতু শুরু হয়। বসন্ত ঋতু হলো শেষ ঋতু, যা বর্ষের শেষ মাস চৈত্র মাসের সমাপ্তিতেই শেষ হয়। এরপর আসে বছরের পহেলা মাস বৈশাখ মাস। এই মাস থেকে বছরের প্রথম ঋতু গ্রীষ্মকাল শুরু হয়। এই বৈশাখ মাসে আম পাকে, কাঁঠাল পাকে। এছাড়া তরমুজ, বাংগী, মিষ্টি আলু প্রচুর পাওয়া যায়। বৈশাখ মাসের প্রথম দিকে বসন্তের কিছু ছোঁয়া থাকে প্রকৃতিতে। এখানে ধীরে ধীরে গরম বাড়তে থাকে। জৈষ্ঠ মাস পর্যন্ত, কখনো তারপরেও মানুষ দিনে ও রাতে গরমে অস্থির হয়ে পড়ে। দিনে প্রখর রৌদ্র, সেই সাথে গরম। রাতে রৌদ্র না থাকলেও সারাদিনের রৌদ্রের তাপে রাতের বেলা গরমের তীব্রতা বেড়ে যায়। মানুষ ঘরে টিকতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না। বিছানা বালিশ গায়ের ঘামে ভিজে যায়। এ সময় শহরের চেয়ে গ্রামে খোলামেলা বাড়িতে বসবাস করা আরামদায়ক হয়। বৈশাখের আর একটি বৈশিষ্ট্য আছে। তাহলে এ মাসে ঝড় উঠবেই। এ মাস ঝড় তুফানের মাস। সে জন্য কাঁচা ঘরবাড়ির মালিকেরা চৈত্র মাসেই ঘরের পুরান খুঁটি ইত্যাদি বদল করে নতুন মজবুত খুঁটি, পাইর ইত্যাদি লাগিয়ে নেয়। কম মজবুত ঘরবাড়ি ঝড়-তুফানে উড়ে যায়। তাতে শিশুসহ লোকজন আহত হয় এবং মারাও যায়। ঝড়-তুফানে উড়ে যায়। ঝড়-তুফানে নদীতে কিছু কিছু নৌকা ডুবে গিয়েও বহু লোক মারা যায়। ঝড়ে আম কুড়াতে বড় সুখ। গ্রামের বাড়িতে বাড়িতে প্রচুর আম গাছ পাকে। ঝড়ে গাছ থেকে আমগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে থাকে। কখনো আমশুদ্ধ বড় বড় ডালাও ভেঙ্গে পড়ে। এই সময় ছেলেমেয়েরা ঝড়-বৃষ্টির মাঝেই আম কুড়াতে বেরিয়ে পড়ে। বৃষ্টিতে ভিজে ভিজেই আম কুড়াতে তারা আনন্দ পায়। এ সময় আবার হঠাৎ করেই শিল পড়াও শুরু হয়। আম কুড়াতে গিয়ে অনেকে সে সাথে শিল কুড়িয়েও নেয়। আবার বড় শীল পড়ে অনেকেই মাথায় আঘাত খেয়ে ফিরে আসে।
এই ঋতুর আর একটি ভয়ঙ্কর ও ব্যাপক ক্ষতিকর দিক হচ্ছে, কোন কোন বছর এই সময় প্রচন্ড ঘূর্ণিঝড় ওঠে। হঠাৎ করেই ওঠে। কেউ আগে থেকে জানতেও পারে না। সব ধ্বংস করে ফেলে। পাশের ঘরের লোক বুঝতে পারে না অপর ঘরটি কখন উড়িয়ে নিয়ে গেছে। এই ঘূর্ণিঝড়ের এত প্রবল বেগ যে, মাঠের গরুগুলোকে উড়িয়ে দূরে নিয়ে যায়। গাছের পাতাগুলো সব ছিঁড়ে উড়ে যায়, গাছগুলো পাতাহীন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কোন কোন গাছ গোড়া থেকে মুচড়িয়ে ভেঙ্গে পড়ে। কোন কোন টিউবওয়েল লোহার পাইপ থেকে মুচুড়িয়ে ভেঙ্গে পড়ে থাকে। ঘরের চালার ঢেউ টিনগুলো কাগজের মত করে দুমড়ে মুচড়ে যায়। টিনগুলো এই ঘটনায় হাসপাতালসমূহে ঝড়ে আহত রোগীদের ঠাঁই কুলায় না। অথচ পাশের গ্রামের লোকদের বাড়িঘরের কিছুই হয় নাই, তারা এই ধ্বংসলীলায় টেরই পায় না। পরে খবরাখবর হলে আহতদের উদ্ধারের জন্যে দৌড়ে যায়। কেউ কেউ বলে ঝড়ের পূর্বক্ষণে আগুনের গোলা যেতে দেখেছে। কাজেই এই ঋতুতে সাবধানে নিরাপদস্থানে অবস্থান করার খেয়াল রাখতে হবে। সর্বদা আকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। আকাশে কোন খড়কুটা উড়তে দেখলেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
বর্তমান বছরের বৈশাখের আগমন ঘটেছে বিগত বছরের নিরাপত্তাহীনতার দাবদাহের দুঃসহ স্মৃতির ভারে নুইয়ে পড়া বফরের ইতিহাস নিয়ে। নতুন বছর এলো ঠিকই, কিন্তু পুরনো বছরের জমাটবাঁধা অসম্মান এবং বেদনার তীর ঘেঁষে। পারবে কি নতুন বছর এই অভিশাপ থেকে সমাজকে মুক্তি দিতে? পারবে কি বৈশাখের রুদ্র পিঙ্গল চন্ডতা জনজীবন থেকে সব ক্লেদ ও আবর্জনা মুছে ফেলতে? কি হবে সমাজ জীবনের নিরাপত্তায়, সুস্থতার সততার? ওয়েস্ট মিনিস্টার চাইমসে যা ধ্বনিত হয় আজ নববর্ষে কি আমরা তেমনি রোরুদ্যমান স্বরে আর্তনাদ করবো?
‘হে প্রভু, এই কঠিন কালে তুমিই
আমাদের পথ প্রদর্শক হও।
তোমার অসীম ক্ষমতায়
আমাদের পথ যেন পিছলে না যায়।’
অথবা আমরা আমাদের আত্মবিশ্বাসকে সূর্যের মতো প্রখর করে উত্তাপের প্রচন্ডতায় চারদিকের অনাচারকে ঝেঁটিয়ে সাফসুফ করবো না কি পর্বত প্রমাণ আত্মশক্তির উদ্বোধন করে সমাজজীবন থেকে সকল বর্বরতার মূল উচ্ছেদে সঙ্কল্পবদ্ধ হবো? এমনি পরিস্থিতিতে হেনরির ইবনেস এর Ghost নাটকের প্রথম দৃশ্যে লিখেছেন, ‘এই পৃথিবীতে সুখের অন্বেষণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো বিদ্রোহের চেতনাকে ধারণ করা। (তাছাড়া) সুখের অন্বেষণে আমাদের কোন অধিকার রয়েছে?’
ইবসেনের অমর নাটক An Energy of the People-এর চতুর্থ অংকে লিখেছেন, ‘সত্য এবং স্বাধীনতার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে আমাদের মধ্যে সুসংহত সংখ্যাগুরু’।
ধর্মের নামে, শাসন-শোষণের নামে, দলীয় স্বার্থের টানে তারাই সনাতন সত্যের গলাটিপে ধরেছিল ব্যর্থ পুরনো বছরে। তারাই জনগণের বৃহত্তর স্বার্থকে মাটিচাপা দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে গিয়ে জাতীয় স্বার্থকে নস্যাৎ করেছে অতীতে।
কাজী নজরুল ইসলাম তার ‘যৌবন-জল-তরঙ্গে’ জনস্বার্থবিরোধী এই হায়েনাদের লক্ষ্য করেই লিখেছেন:
‘আলোকে হেরিয়া কোটরে থাকিয়া চেঁচায় প্যাঁচারা ওরা চেঁচাক।
মোরা গাব গান, ওদের মারিতে আজে বেঁচে আছে দেদার কাক।
জীবনে যাদের ঘনাল সন্ধ্যা, আজ প্রভাতে শুনে আজান,
বিছানায় শুয়ে যদি পাড়ে গালি, দিক গালি-তোরা দিসনে কান।
উহাদের তরে হতেছে কালের গোরস্থানে রে গোর খোদাই,
মোদের প্রাণের রাঙা জলসাতে জরাজীর্ণের দাওত নাই।
বাঙ্গালি সমাজ পুরান বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ করার জন্যে মেলা বসায়। অনেকে নানাভাবে আনন্দ-উল্লাস ও পূজায় অনুষ্ঠান করে। ঘরে ঘরে মিষ্টিমুখ করা হয়। ভালো খাবার পরিবেশন করা হয়। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের মধ্যে পরস্পর শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়। মিষ্টি মুখের নিমন্ত্রণও করা হয়। অনেক ব্যবসায়ীরা বাংলা নববর্ষের ভিত্তিতেই তাদের ব্যবসায় হিসাব-নিকাশ চূড়ান্ত ও দেনা-পাওনার নিষ্পত্তি করে থাকেন। অনেকে তাদের নিয়মিত গ্রাহকদের পুরনো পাওনা ছেড়ে দেন এবং নতুন পৃষ্ঠা থেকে হিসাব শুরু করেন। আর গ্রাহকেরাও মহাজনদের পাওনা যথাসাধ্য এই সময় পরিশোধ করে দিয়ে থাকেন। পহেলা বৈশাখ ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা শুরু করেন। আর সেই শুভক্ষণে আশপাশে মিষ্টি বিতরণ করেন। মিষ্টির দোকানীরা আগের রাতে প্রচুর মিষ্টি তৈরি করে রাখেন। পহেলা বৈশাখ প্রচুর মিষ্টি বিক্রি হয়। আবার উৎসাহী লোকেরা অনেকেই এই দিনে খুব ভোর বেলা উঠেন এবং নববর্ষের পহেলা প্রাতরাশ শুঁটকি ভর্তা ও পান্তা ভাত দিয়ে করেন। রমনা পার্কের বটতলা এই সময় পান্তা ভাত, আলু, ভর্তা ও শুঁটকি ভর্তা কিনতে পাওয়া যায়। যাদের ঘরে পান্তা ভাতের ব্যবস্থা নেই তারা ভোরে ভোরেই রমনা বটতলায় পান্তা কিনে খেতে চলে আসেন। এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যখন চারদিকে সৃষ্ট পৈশাচিক ঝড়ে আহত, ক্ষতবিক্ষত, বিপর্যস্ত তখন নতুন শাড়ি এবং সিল্কের পাজামা-পাঞ্জাবী পরে রমনা বটমূলে উপস্থিত হয়ে মাটির শানকিতে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া এক ধরনের আত্মপ্রবঞ্চনা।
বাঙ্গালী হিন্দু সমাজে আরও একটি ঐতিহ্য হলো, তারা চৈত্রের শেষ দিন মাছ খাওয়া থেকে বিরত থাকে। এই দিন নিরামিষ খায়। আর খায় তেতো (তিতা) শাকসবজি যেমন নিমপাতার বড়ি, তিতা গিমাশাকের ভাজি, তিতা করলা ভাজি ইত্যাদি। এতে নাকি পরবর্তী সারাবছর রোগ বালাই থেকে বাঁচা যায়। সম্ভবত চর্মরোগ। যেমন-খুঁজলি, পাঁচরা ইত্যাদির জন্য পহেলা বৈশাখের আগের দিন থেকে যে মেলা দেশব্যাপী বিভিন্ন স্থানে শুরু হয় এবং কয়েকদিন চলে সে মেলাকে চিলপূজার মেলা, চৈত্র সংক্রান্তির মেলা এবং বৈশাখী মেলা এই তিন নামে অভিহিত হতে শোনা যায়। তবে বৈশাখী মেলা নামই প্রধান হয়ে ওঠে। এই এসব মেলায় ছোটখাটো ব্যবসায়ীরাই অংশগ্রহণ করে থাকে। তাদের উৎপাদিত বা হাতের তৈরি থালা-বাসন, দা, বটি, ঝুড়ি, তাতের কাপড়, চুড়ি, গহনা, খেলনা, পিঠাও নানা ধরনের শুকনো খাবার ওঠে থাকে। গৃহিনীরা আসেন গৃহস্থালীয় প্রয়োজনীয় জিনিসপত্র মেলা থেকে পছন্দমত কিনে নেন। শিশুদের জন্যে খেলনা কিনেন। মেলায় গোল চক্কর ও চড়ক গাছেরও আয়োজন থাকে। ফলে মেলা খুব জমে বসে। কিন্তু মেলায় একটা খারাপ দিক আছে। সেটা হল জুয়ার আসর। জুয়ার নেশায় সরলমতি অনেক গৃহকর্তা সব হারিয়ে সম্বলহীন হয়ে গেছে। এদের রক্ষার জন্যে দেশের সর্বত্র গানের আসর তুলে দিতে হবে।
ইংরেজি-বাংলা একটি ঠা-া লড়াই চলছে আমাদের দেশে। এটি হওয়া উচিত ছিলো না। ইংরেজি আছে ইংরেজির জায়গায়, বাংলা আছে বাংলার জায়গায় দাঁড়িয়ে। বাঙ্গালী হিসেবে আমাদের প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় তথা ইংরেজি হতে বাধা নেই। কিন্তু বাংলা, ইংরেজির দ্বন্দ্ব কিছুতেই মেনে নেয়া যায় না।
দিন যতোই যাচ্ছে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি। অপসংস্কৃতির বেনোজলে ভেসে ভেসে আমরা ছলাৎ ছলাৎ করছি ‘গ্লোবাল ভিলিজ’-এর সদস্য হিসেবে। এমনটি কিছুতেই চলতে দেয়া যায় না। নিজের সংস্কৃতি থেকে দূরে সরে এসে আমরা আত্ম পরিচয় নিতে বেড়ে উঠতে পারবো না। এ সত্যটি আমরা কিছুতেই অস্বীকার করতে পারবো না।
বাঙ্গালী সংস্কৃতি ও বাংলা নববর্ষ নিয়ে হীনমন্যতার কোনো অবকাশ নেই। আমাদের সংস্কৃতির মূল প্রবর্তনা ও প্রণোদনা থেকে আমরা যেন বিচ্যুত না হই। বাঙ্গালী সংস্কৃতিকে বর্জন করে ভিনদেশী সংস্কৃতিকে গ্রহণ করে এই দুইয়ের মিথস্ক্রিয়া আমরা না হতে পারছি বাঙ্গালী, না হতে পারছি পাশ্চাত্য সংস্কৃতিসেবী। সংস্কৃতিকে গুঁড়িয়ে ফেলার কোনো সুযোগ আমাদের নেই। যদি মনে করি বাঙ্গালী ও পাশ্চাত্য সংস্কৃতির মিশেলে নতুন কোনো সংস্কৃতির ধারক এবং বাহন হতো তাহলে বলতেই হয় আমরা বোকার স্বর্গে বাস করছি।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে ব্যাপকভাবে সমাদৃত বলেই বাংলা বছরের প্রতি সরকারসহ সকলেরই বিশেষ গুরুত্বের সঙ্গে সম্মান দেখানো উচিত। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোকেও তাই মর্যাদাপূর্ণ করে তোলা উচিত। বিশেষ করে নতুন বছরের প্রথম দিনে আয়োজিত মেলাসহ সকল অনুষ্ঠানেই সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধের প্রতি যথোচিত সম্মান দেখানো হবে এবং এমন আচরণ ও অনুষ্ঠান থেকে সকলেই বিরত থাকবেন, যেগুলো এদেশের জনগণের জীবনধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলা নতুন বছরে বেশী গুরুত্বের সঙ্গে পেছনে ফেলে আসা বছরের দিকে দৃষ্টিপাত করা উচিত, নতুন অঙ্গিকার করা উচিত আগামী দিনগুলোকে সুখী-সমৃদ্ধ ও সমস্যামুক্ত করার জন্য।
বাংলা নববর্ষকে সামনে রেখে আমরা যদি এই প্রত্যয় ব্যক্ত করতে পারি আমরা আমাদের সংস্কৃতির মূল ধারায় প্রবাহিত হবো, মনেপ্রাণে বাঙ্গালী হবোঃ তাহলে আমাদের জন্য মঙ্গল। তা না হলে আমাদের নিজস্ব যা কিছু অর্জন তাও হারিয়ে যেতে থাকবে। আর পরের ধনে পোদ্দারী করতে গিয়ে আমরা বারবার বাধাগ্রস্ত হবো, দিকভ্রান্ত হবো, ছিটকে পড়বো অজানা কোনো গন্তব্যে।
‘অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না’- এটি আমাদের মানতেই হবে। যদি না মানি তাহলে হারানো ছাড়া পাওয়ার কিছু থাকবে না। ‘শূন্যতায় তুমি শোকসভা’- এমন পরিণাম যেনো জাতির সন্তানদের না হয়। আমরা আমাদের শূন্যতাকে পূরণ করবো আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায়। জাতিসত্তার উৎস সন্ধানে আমাদের ব্যাপৃত হতেই হবে। এ সত্তার মর্মমূলেই লুকিয়ে আছে আমাদের প্রাণশক্তি। নিজস্ব প্রাণ বন্যায় অভিষিক্ত হতে চাইলে আমাদের নিজস্ব সংস্কৃতির কাছে ফিরে যেতেই হবে।
রুবেল মজুমদার






















































