
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগ (এমপি) সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে ফারুক ও সাইদুর রহমান নামের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
এ সময় সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। জিজ্ঞাসাবাদের জন ৮জন ও এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশরাফ পক্ষের ফারুক (৩০) ও সাইদুল ইসলাম (২২)।
এ বিষয়ে বুধবার সকাল ১০টায় মুরাদনগর থানায় কুমিল্লা উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যাবসার জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও কবির-আনিস পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’
১৯ এপ্রিল, ২০১৭ ইং/ চৈতি।

















































