শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হতে যাচ্ছেন সোহা আলী খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিগগিরই খেলার সাথী পেতে যাচ্ছে তৈমুর! তৈমুরকে কে না চেনে? বলছি পাতৌদি নবাব পরিবারের সবচেয়ে আদরের ও ছোট সদস্য তৈমুর আলী খানের কথা। তার খেলার সাথী হতে এবার এই পরিবারে আসছেন নতুন সদস্য। না না, ভাববেন না কারিনা কাপুর আবারও মা হতে যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা গেল, মা হতে যাচ্ছেন সাইফ আলী খানের বোন, বলিউড অভিনেত্রী সোহা আলী খান। এই খবর থেকে বলাই যায় মামা ও মামি হতে যাচ্ছেন সাইফ ও কারিনা!

সোহার মা হতে যাওয়ার খবরটা নিশ্চিত করেছেন তাঁর স্বামী, বলিউড অভিনেতা কুনাল খেমুর নিজেই। ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাকে কুনাল জানান, এ বছরই তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। সোহাও বিভিন্ন অনুষ্ঠানে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

পাতৌদি মহল আলো করে গত বছরের ডিসেম্বরে পৃথিবীতে এসেছিল সাইফ ও কারিনার ছেলে তৈমুর। তৈমুরের জন্মে আনন্দে ভেসেছিল পাতৌদি মহল। এবার আরো একবার সে আনন্দ ফিরে আসছে কুনাল ও সোহা আলী খানের হাত ধরে। আর নতুন অথিতির আগমনকে কেন্দ্র করে সিনেমা থেকে দূরে রয়েছেন এই বলিউড দম্পতি। তাই এ বছর মুক্তি পাচ্ছে না সোহা ও কুনালের কোনো চলচ্চিত্র। তবে দুজনের হাতেই রয়েছে দুটি করে চলচ্চিত্র। সোহা আলী খানের হাতে রয়েছে ‘লাইফ গোজ অন’ ও ‘তেরা কেয়া হোগা জনি।’ আর কুনালের হাতে রয়েছে ‘গোলমাল এগেইন’ ও ‘পাইরেট।’ ছবিগুলোর মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০১৭ ও ২০১৮ সালের দিকে।

কুনাল ও সোহা বিয়ে করেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। প্রথমে একটি সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলেও, পরে নবাব পরিবারের রীতি মেনে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় নবদম্পতিকে।

২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি