শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিবকে ‘স্টুপিড’ বললেন ‘ছুটির ঘণ্টা’র পরিচালক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘জনতা এক্সপেস’সহ কালজয়ী সিনেমার নির্মাতা আজিজুর রহমান পরিচালকদের নিয়ে শাকিব খানের মন্তব্যের বেশ কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। তিনি শাকিবকে ‘স্টুপিড’ এবং তার পড়াশোনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন।

মঙ্গলবার সন্ধ্যায় পরিচালক সমিতির বারান্দায় পরিবর্তনের সাথে শাকিবের সাথে পরিচালক সমিতির সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে কথা বলেন। তিনি বলছিলেন, ‘শাকিবের উচিতৎ হয়নি এভাবে পরিচালকদের নিয়ে মন্তব্য করা। এটা ঠিক সব পরিচালকদের মেধা সমান না। আর আজকে এ পরিচালকদের মাধ্যমেই তার এ অবস্থান।’

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের বারবার নিজেকে ‘সুপারস্টার’ বলাও ভালো চোখে দেখেননি। তিনি বলেন, ‘রাজ্জাক, আলমগীর, ইলিয়াস কাঞ্চনদের নিয়ে কাজ করেছি। তারাও কোনদিন পরিচালকদের এ নিয়ে এভাবে কথা বলার সাহস করেনি।’

তিনি আরও বলেন, ‘ও একটা স্টুপিড! নিজেকে নিজে সুপারস্টার বলে। এটা তো সাধারণ মানুষ বলবে। নিজে নিজে স্বীকৃতি দেওয়ার কিছু নেই। বাংলাদেশে বহু শিল্পীর সুপারস্টার বলার মত যোগ্যতা ছিল, কিন্তু তারাও কোনোদিন এ কথা বলেনি।’

বিখ্যাত এ নির্মাতা বেশ ক্ষোভের সাথেই বলেন, ‘শাকিব ঠিকমত লেখাপড়া করেনি, কোনরকমে চলচ্চিত্রে চলে এসেছে।’

সবশেষে তিনি বলেন, ‘পরিচালক সমিতির ও শিল্পীর সমিতির একসাথে বসে বিষয়টি সমাধান করে ফেলা উচিত। শাকিব এভাবে কথা বললে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিৎ।’

আজিজুর রহমান শাকিব খানকে নিয়ে ‘ডাক্তার বাড়ি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি ২০০৭ সালে মুক্তি পায়।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি