শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর হাসপাতালের স্যালাইনে শ্যাওলা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টাঙ্গাইল সদর হাসপাতালের স্যালাইনে শ্যাওলা দেখা গেছে। শুধু তাই নয়, সেই শ্যাওলাযুক্ত স্যালাইন এক রোগীর দেহে প্রবেশও করানো হয়েছে। এতে রোগীর লোকজন বাধা দিলে কর্তব্যরত নার্স তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়েছে। গত ১৭ এপ্রিল টাঙ্গাইল শহরের দিঘুলিয়ার মৃত আবুল কাসেমের ছেলে মোহাম্মদ শামীম এ জিডি করলেও সম্প্রতি তা জানাজানি হয়।

জিডিতে মোহাম্মদ শামীম উল্লেখ করেন, ১৬ এপ্রিল তার মা টাঙ্গাইল জজ কোর্টের পিয়ন সাহেরা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হন। ওই দিন সন্ধ্যায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৯ নম্বর ডায়রিয়া ওয়ার্ডের ১২ নম্বর বেডে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কর্তব্যরত নার্স একটি কলেরা স্যালাইন নিয়ে আসেন সাহেরা খাতুনের দেহে পুশ করার জন্য। এ সময় শামীম দেখতে পান ওই স্যালাইনের ভেতরে শ্যাওলা ও ফাংগাস জমে আছে। তখন শামীম ওই স্যালাইনটি পুশ করতে নিষেধ করলে কর্তব্যরত নার্স তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং বলেন এ স্যালাইন ভালো আছে। ততক্ষণে প্রায় দুই মিলি স্যালাইন সাহেরা খাতুনের দেকে পুশ করা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে শামীম তার মায়ের শরীরে আর স্যালাইন পুশ করতে দেননি।

জিডিতে শামীম আরো উল্লেখ করেন, শ্যাওলা ও ফাংগাসযুক্ত পুরো স্যালাইনটি প্রবেশ করানো হলে তার মায়ের মৃত্যুও ঘটতে পারত। এ ছাড়া হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় তার মায়ের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে সাহেরা খাতুন পরিবর্তন ডটকমকে বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। হাসপাতাল কর্তৃপক্ষ জিডি তুলে নিতে এবং আমি যেন কোনো মামলা না করি সে জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছে। এ ঘটনায় আমি আইনি সহযোগিতা নেব। তারা আমাকে মেরে ফেলার জন্য এমনটাই করেছিল বলে আমি ধারণা করছি।’

তিনি আরো বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা না দিয়েই ঘটনার দুই দিন পর ছাড়পত্র দিয়ে দেয়।’

তার ছেলে শামীম  বলেন, ‘এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’ আর যেন কারো সঙ্গে এমন ঘটনা না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে খোঁজ নিতে শনিবার অভিযুক্ত ওই নার্সকে হাসপাতেল গিয়ে পাওয়া যায়নি। তবে ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ফাতেমা খাতুন  বলেন, ‘ওইদিন কল্পনা নামে ওই নার্স সাহেরা খাতুনকে স্যালাইন পুশ করতে গিয়েছিল।’ কিন্তু ময়লা দেখে সে পুশ করেনি বলে দাবি করেন ইনচার্জ।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া পরিবর্তন ডটকমকে বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার মনে নেই। তা দেখে বলতে হবে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. সাইদুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ‘কোনো কোনো সময় স্যালাইনের প্যাকেটে ছেঁড়া বা ফুটো থাকে যেখানে ফাংগাস পড়তে পারে। প্যাকেটের গায়েও ময়লা থাকে। ওইদিন নার্স বুঝতে না পেরে ওয়াশ না করেই স্যালাইনটি পুশ করতে নিয়ে যায়। কিন্তু ময়লা দেখে আর পুশ করেনি। ময়লাটি স্যালাইনের ভেতরে ছিল না, বরং সেটি স্যালাইনের বাইরে ছিল। স্যালাইনের ভেতরে শ্যাওলার মতো দেখা গেলেও তা শ্যাওলাই ছিল কিনা সেটা পরীক্ষা না করে বলা যাবে না।’

তিনি আরো বলেন, ‘শামীম যে অভিযোগ করেছে, সেটি সত্য হয়। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা সব সময়ই রোগীদের সেবা দিয়ে থাকি। আমরা কখনো রোগীকে মেরে ফেলার জন্য চিকিৎসা সেবা দেই না। আমরা বাঁচানোর চেষ্টা করি।’

এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি তখনি আমরা দেখেছি। এ ব্যাপারে কোনো তদন্ত কমিটি হয়নি।’

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি