
পূর্বাশা ডেস্ক:
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় দেয়া হয়েছে। ৮টি চেক অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষকদের এপ্রিলের বেতন ছাড় দেয়া হয়েছে। আগামী ১১ মে’র মধ্যে শিক্ষকরা তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
একাধিক শিক্ষক অভিযোগ করেন, অধিকাংশ ব্যাংকই শেষ তারিখে বেতন দেয়। আবার কেউ কেউ শেষ তারিখের পর দেয়। অজুহাত দেখায় স্মারক নম্বর পৌঁছায়নি ব্যাংকে। অথচ যারা সরকারি স্কুলের শিক্ষক তারা ১/২ তারিখের মধ্যে বেতন পেয়েছেন। নানা জটিলতায় এবারের চেক ছাড়করণে একটু দেরি হয়েছে।
মাদরাসা শিক্ষকদের বেতনের চেক মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে ছাড় হবে। দু-একদিনের মধ্যে তারাও চেক ছাড়ের চেষ্টা করছেন বলে জানা গেছে।
০৭ মে ২০১৭/ রুমকী

























































