
পূর্বাশা ডেস্ক : বাংলাদেশ সরকারের সাথে হেফাজতে ইসলামের বর্তমান সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
সরকারের এই ধরেনের দৃষ্টিভঙ্গি ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ’ গড়ে তুলতে সহায়ক হবে যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নকে এগিয়ে নেবে বলেও মনে করেন তিনি।
৮ মে সোমবার ইউরোপ দিবস উপলক্ষে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
ইউ রাষ্ট্রদূত বলেন, ‘সমাজের বিভিন্ন অংশ, যারা হয়ত আড়ালেই থাকত, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ, আমি মনে করি ইতিবাচক।’
হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়ে দেশের নাগরিক সমাজই বলতে পারবে বলে মন্তব্য করে মায়াদুন বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ থাকা জরুরি। অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্ভর করে কিছু দীর্ঘমেয়াদী বিষয়ের ওপর, যেগুলো বাংলাদেশের আর্থ-সামাজিক ও উন্নয়নকে এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, ‘সমাজের কোনো অংশ, কোনো পক্ষকেই দূরে সরিয়ে রাখা উচিত না। এর কার্যকারিতাও আমাদের দেখতে হবে। তবে আমি মনে করি, এটা (সরকারের সাথে হেফাজতের সম্পর্ক) ইতিবাচক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গণভবনে হেফাজতে ইসলামীর নেতাদের উপস্থিতিতে ওলামাদের একটি অনুষ্ঠানে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এবং সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘লেডি জাস্টিস’ ভাস্কর্য সরানোর কথা বলেন। এ নিয়ে সমালোচনামুখর বাম দলগুলো ‘সাম্প্রদায়িক শক্তির সঙ্গে মিতালি করা’ আত্মঘাতী হবে বলে সরকারকে সতর্ক করে।
বাংলাদেশ ও ইইউ সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত মায়াদুন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি ইতিবাচক অর্জন হচ্ছে নারীর ক্ষমতায়ন। ইউরোপীয় ইউনিয়নে শুল্ক ও কোটামুক্ত সুবিধার ফলে এখানে পোশাক শিল্প বেড়ে উঠেছে এবং কয়েক লাখ নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘নিজের দেশ ফ্রান্সসহ অনেক দেশের মতো বাংলাদেশেও নানা চ্যালেঞ্জ থাকলেও স্বস্তির বিষয় হচ্ছে, এখানে আমরা কখনো বন্ধ দরজার মুখোমুখি হইনি।’
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরকারের সম্পর্কেরও প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা যখনই সরকারের সঙ্গে কথা বলতে চেয়েছি, আমাদের ফিরিয়ে দেওয়া হয়নি। বরং কথা বলার জন্য কাউকে না কাউকে পেয়েছি, যিনি সবসময় আমাদের আশ্বস্ত করেছেন।’
রুবেল মজুমদার






















































