শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা


বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক : রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সে ব্যাপারে ইমিগ্রেশন পুলিশকে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

৮ মে সোমবার বিকেল থেকে ডিএমপির নির্দেশনায় বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত ৬ মে দুই তরুণী বনানী থানায় মামলা করেন। বনানী থানার পাশাপাশি মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

ইমিগ্রেশন পুলিশের এএসপি পদ মর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ধর্ষণের ওই ঘটনায় কোনো আসামি যাতে পালাতে না পারে, সেজন্য ডিএমপির পক্ষ থেকে লিখিত ও মৌখিক নির্দেশনা পেয়েছি। কেউ যাতে পালাতে না পারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এর আগে, সোমাবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের কক্ষে গোয়েন্দা পুলিশের (ডিবি, উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের অবস্থান শনাক্ত করা গেছে। আসামিরা যত প্রভাবশালীই হোক না তাদের গ্রেফতার করা হবে, ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই তরুণী। ওই ঘটনায় ৪০ দিন পর শনিবার (৬ মে) সন্ধ্যায় বনানী থানায় ৫ জনকে আসামি করে মামলা (মামলা নং ৮) করেন ওই তরুণীরা।

মামলার আসামিরা হলেন- সাদনান সাকিফ, তার বন্ধু সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের ড্রাইভার বিল্লাল ও তার দেহরক্ষী (নাম পাওয়া যায়নি)।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি