
পূর্বাশা ডেস্ক :সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় ফেল করায় ক্ষোভে-অভিমানে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌসী (১৬) নামে এক পরীক্ষার্থী। সোমবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে ও খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌসী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেনি। এ ক্ষোভে ও অভিমানে সে সোমবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, ওই পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাগে ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রুবেল মজুমদার

















































