শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ এখন ভারতের মাথা ব্যথার কারণ: বিএসএফ জওয়ান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭


পূর্বাশা  ডেস্ক:

‘পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করলেই ভারতের সমস্যা কমবে না বরং বাড়বে। যেমন বাংলাদেশকে আলাদা করে এখন ভারতের মাথা ব্যথার কারণ হয়েছে।’ এমন মন্তব্যই করেছেন ভারতের তাজ বাহাদুর যাদব নামের এক বহিস্কৃত বিএসএফ জওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় যাদবকে বহিস্কার করা হয়। বিএসএফ জওয়ানদের খাবারের মান কতটা নিচে তা ভিডিও করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর খাবারের মানে উন্নতি নয়, বরং অভ্যন্তরীণ বিষয় নিয়ে কটু কথা বলায় যাদবকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় বিএসএফ।

তবে চাকরীচ্যুত হলেও বিএসএফ’র দুর্বল দিকগুলো নিয়ে সোচ্চার হবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন তাজ বাহাদুর যাদব। এজন্য রাজপথে নামবেন বলেও ঘোষণা দিয়েছেন। আগামী ১৪ মে দুর্নীতির প্রতিবাদে তিনি দিল্লির যন্তর মন্তরের সামনে প্রতিবাদ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন।

এমন কর্মসূচীর পেছনে আন্না হাজারের দর্শন তাকে অনুপ্রাণিত করেছে বলে তাজ বাহাদুর জানিয়েছেন। মুম্বাই কংগ্রেসের একটি অনুষ্ঠানে যাদব বলেন, নিহত জওয়ানদের কল্যাণে এবং খাবারের মান বৃদ্ধির জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দুই মাসের সময়সীমা বেঁধে দেবেন।

এসময় তিনি বলেন, ‘নির্বাচন এগিয়ে এলেই সীমান্ত এলাকায় সার্জিক্যাল স্ট্রাইকের নামে অভিযান চালানো হয়। এটা কখনই হতে পারে না। যারাই ক্ষমতায় থাকেন বলেন যে, আমাদের একজন জওয়ানকে পাকিস্তানী সেনারা মারলে তাদের ১০ জনকে হত্যা করতে হবে। কিন্তু এভাবে আর কত রক্তপাত ঘটবে সীমান্তে?’

যাদব বলেন, পাকিস্তানকে ভেঙ্গে ৪ টুকরো করে দিলেও ভারতের সব সমস্যার সমাধান হবে না। আমরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য সহযোগিতা করেছি। আর দেখতে পাচ্ছি সেই সিদ্ধান্ত আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামীতে দুর্নীতি বিরোধী যোদ্ধা আন্না হাজারে’র দর্শন মেনে সংগ্রাম চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তাজ বাহাদুর যাদব।

09 May, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি