
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার দাউদকান্দির ঢাকা-মতলব সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। শুক্রবার তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা দায়েরের পর কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটকৃত ডাকাতরা হলেন- মো. হৃদয় মিয়া (২৫), আক্তার হোসেন (২৬), ইন্দ্রজিত সাহা (২৯), প্রবির চন্দ্র সরকার (২৮) ও সাইফুল ইসলাম ভুইয়া (২০)। এরা দাউদকান্দি উপজেলার ডাকাতি মামলার আসামি।
দাউদকান্দি মডেল থানা ভারপাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-মতলব সড়কের উপজেলার ইছাপুর ভাঙ্গাপুলের নিকট দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় টহল পুলিশ খবর পেয়ে ওসির নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ঘেরাও করে। পরে পুলিশ ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। এরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে কয়েকটি করে ডাকাতি মামলা রয়েছে বলে জানান তিনি।

















































