
আমাদের সমাজে প্রচলিত একটি কথা ‘আসমানি কিতাব ও সহীফার সংখ্যা ১০৪ খানা’। এই সংখ্যাটি কুরআন ও হাদীসের কোথাও উল্লেখ করা হয় নি। নবীদের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার বলে তথ্যটি যে হাদীসে আছে সেই হাদীসেই আসমানি কিতাব ১০৪ খানার কথা বলা হয়েছে।
এখানে ইবনে হিব্বানের উক্ত হাদিসটি অত্যন্ত দুর্বল কেউ কেউ এটিকে জাল হাদীস বলে উল্লেখ করেছেন। যেহেতু আসমানি কিতাবের নির্দিষ্ট সংখ্যা কুরআনে আল্লাহ্ উল্লেখ করেন নি। রাসূল (সঃ)-এর সহীহ হাদীসেও প্রকৃত সংখ্যা উল্লেখ করা হয় নি, তাই এগুলোকে কোন সংখ্যায় সীমাবদ্ধ করে তার উপর বিশ্বাস রাখা ইমানদারের লক্ষণ নয়।
কেননা মুমিন ও মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ্ বলেন, “এবং যারা তোমার উপর যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল, তদবিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে”। (সূরা বাকারা, আয়াত-৪)
এখানে কুরআনসহ ইতোপূর্বে যত কিতাব ও সহীফা নাযিল করা হয়েছে তত কিতাব ও সহীফার উপর বিশ্বাস করা একজন ইমানদারের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। এখন আমরা যদি ১০৪ খানা কিতাবের উপর ঈমান আনি আর আল্লাহ্র কিতাবের সংখ্যা যদি ১০৪ থেকে বেশি হয় তবে সকল কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করা হল না। এর এই মানে দাঁড়ায় যে আল্লাহ্র নাযিল করা সকল কিতাবের উপর ঈমান আনা হল না। আর তাহলে তো ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না। তাই আমাদের উচিৎ কুরআনসহ পূর্ববর্তী সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা।
১২ জুলাই ২০১৭/মাহি

























































