
:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও দেড় বছর বাকি। এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বসে নেই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন (ইসি)। তারা চূড়ান্ত করেছে নির্বাচনী রোডম্যাপ; আজ তা উন্মোচন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের করণীয় করতে চান তারা। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে তারা সংলাপে বসছেন ৩১ জুলাই থেকে। আর এর মধ্য দিয়ে ইসিতে তৈরি হয়েছে নির্বাচনী আবহ- বলছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই জাতীয় নির্বাচন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংসদ নির্বাচন পর্যন্ত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ও সংলাপ। এ দুইটি কাজই এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। আজ রোডম্যাপ প্রকাশ করে পথচলা শুরু করবে ইসি। সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আলোকিত বাংলাদেশকে এ বিষয়ে বলেন, আমরা চাই দেশে অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তা কখনও গ্রহণযোগ্য হয় না। শুধু তাই নয়, অংশগ্রহণমূলক নির্বাচন হলে এর একটা ভারসাম্য থাকে। এজন্য আমরা আগামী সংসদ নির্বাচন পর্যন্ত কর্মপরিকল্পনা তৈরি করেছি; এরই মধ্যে ইসি তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে এ কর্মপরিকল্পনা বই আকারে প্রকাশ করা হয়েছে। আজ সিইসি কে এম নূরুল হুদা তা উন্মোচন করবেন। এ রোডম্যাপ ধরেই কাজ বাস্তবায়ন হবে নির্ধারিত সময়ের মধ্যে। এ কর্মপরিকল্পনার মাধ্যমে সবার কাছে ইসির সব কাজ তুলে ধরা হবে। তাদের মতামত নিয়ে সবার অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। এ রোডম্যাপের মাধ্যমে নির্বাচনের আবহ সৃষ্টি হলো কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমি কেন বলব? আপনারাই ভালো বলতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে রাজনৈতিক দলসহ ছয় ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশের সময় নির্দিষ্ট করে দেয়া, রাজধানীর মতো বড় শহরের আসন সীমিত করে নির্দিষ্ট করে দেয়া এবং সীমানা নির্ধারণ অধ্যাদেশ বাংলায় রূপান্তরের প্রস্তাবও থাকছে কর্মপরিকল্পনায়।
ইসি কর্মকর্তারা জানান, সংলাপে শেষ মুহূর্তে নারী সংগঠনের নেত্রীদের সঙ্গে বসার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩১ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সংলাপে পর্যায়ক্রমে নাগরিক সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক, নারী সংগঠনের নেত্রী ও নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে।
কর্মপরিকল্পনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন করতে দৃঢ়তার সঙ্গে ও সুচিন্তিত পন্থায় এগিয়ে যাচ্ছে। দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। সার্বিকভাবে দেশে জাতীয় নির্বাচনের একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। ইসি কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে অংশীজন, গণমাধ্যম, দলসহ সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করে সবার মতামত নেবে। সবার মতামতের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আইনানুগ ও গ্রহণযোগ্য করে তোলা সম্ভব বলে ইসি বিশ্বাস করে।
কর্মপরিকল্পনায় সাতটি বিষয় করণীয় ঠিক করা হয়েছে। এগুলো হলো- আইনি কাঠামোগুলো পর্যালোচনা ও সংস্কার; নির্বাচন প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবার পরামর্শ গ্রহণ; সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ; নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ; বিধি অনুসারে ভোট কেন্দ্র স্থাপন; নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা, সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ।
কর্মপরিকল্পনায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনায় বিদ্যমান আইন-বিধি প্রয়োগ করে অতীতে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হয়েছে। এখন আইনি কাঠামোর আমূল সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলে ইসি মনে করে না। তবে পরিবেশ-পরিস্থিতির পরিবর্তনের মুখে এগুলো আরও যুগোপযোগী করার সুযোগ রয়েছে; যাতে ভোট প্রক্রিয়া আরও সহজ ও অর্থবহ হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচন পরিচালনা বিধি অনুযায়ী ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেয়ার প্রক্রিয়াটি জটিল। বিশেষ করে বিদেশে অবস্থানরতদের সহজ পদ্ধতিতে ভোট দেয়ার কাঠামো বের করা প্রয়োজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশ নিয়ে বিধিতে অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে তা দূর করার প্রস্তাব রয়েছে কমিশনের। সেই সঙ্গে আইনি কাঠামো পর্যালোচনা করে আরও অসঙ্গতি পেলে তা দূর করতে উদ্যোগ থাকবে ইসির।
গণপ্রতিনিধিত্ব আদেশে এ পর্যন্ত দুই শতাধিক সংশোধনী আনা হয়েছে। এ আইনটিও যুগোপযোগী করতে আরও সংস্কারের প্রয়োজন হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ও সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ বাংলায় রূপান্তর করা গেলে ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার কাছে সহজবোধ্য হবে বলে মনে করছে ইসি।
সীমানা পুনর্বিন্যাসে নতুন প্রশাসনিক এলাকা ও বিলুপ্ত ছিটমহলগুলোকে নিয়ে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করতে চায় ইসি। বিদ্যমান অধ্যাদেশে জনসংখ্যার বিবেচনায় আসন বিন্যাস করা হয়। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় শহর ও গ্রামাঞ্চলের আসনে বৈষম্য সৃষ্টি হবে। বড় শহরের জনসংখ্যা বাড়লেও অনেকে ভোটার হন গ্রামাঞ্চলে। ইসির প্রস্তাব হচ্ছে- আইন সংস্কার করে শুধু জনসংখ্যাকে বিবেচনা না করে জনসংখ্যা, ভোটার সংখ্যা ও আয়তনকে বিবেচনায় আনা যেতে পারে। রাজধানীর মতো বড় শহরের আসন সংখ্যা সীমিত করে নির্দিষ্ট করা যায় বলে মনে করে ইসি।
সীমানা পুনর্নির্ধারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেয়া হয়েছে। নীতিমালার আলোকে সংসদীয় আসনের সীমানার খসড়া করে সংশ্লিষ্ট দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত করা হবে। অবৈধ অর্থের ব্যবহার রোধ ও পেশি শক্তির ব্যবহার দমনে আইনি সংস্কার ও তা প্রয়োগে সংশ্লিষ্ট সবার সুপারিশ পেলে শান্তিপূর্ণ ভোট করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে ইসি। এ সংক্রান্ত নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত কমিটি সব পর্যালোচনা করে তা চূড়ান্ত করবে। দলের নিবন্ধন হালনাগাদ, ইসির জনবলের সক্ষমতা বাড়াতে কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে রোডম্যাপে।
শুরুতেই সংলাপ সুশীল সমাজের সঙ্গে : শুরুতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি মাসেই সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসি সংলাপে বসবে। আলোচনা হবে ৭ বিষয়ে। এর বাইরেও মতামত এলে তা গ্রহণ করবে ইসি। এ সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে তাদের একটি প্রাথমিক তালিকা করেছে ইসি সচিবালয়। ইসি অনুমোদন দিলে আগামী সপ্তাহে আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে জানা গেছে। তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- সাবেক বিচারপতি আবদুর রশিদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম এ ফায়েজ, অ্যাডভোকেট সুলতানা কামাল, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলি খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।
ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, সাতটি বিষয়ে সুশীল সমাজের আমন্ত্রিত প্রতিনিধিদের কাছ থেকে মতামত চাইবে ইসি। সর্বোচ্চ ২০ জনকে আমন্ত্রণ জানানো হতে পারে। কমিশন সভায় আমন্ত্রিত অতিথির সংখ্যা ও নাম চূড়ান্ত করা হবে। এর পরই তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হবে। এর পরপরই আগস্টে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইসি। পর্যায়ক্রমে গণমাধ্যম প্রতিনিধি ও সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে। চলবে অক্টোবর পর্যন্ত।
এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু হচ্ছে ২৫ জুলাই। চলবে ডিসেম্বর পর্যন্ত। ২০১৮ সালের ১ জানুয়ারি ভোটার হালনাগাদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। সীমানা পুনর্নির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরার্মশক নিয়োগ দেয়া হবে বলেও জানান ইসি সচিব। আগামী মাস থেকে সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।
ইসির তথ্য অনুযায়ী, ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে সংলাপের পর সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ হবে ৭ আগস্ট। নির্বাচন পর্যবক্ষেকদের সঙ্গে সংলাপ হবে ১২ আগস্ট। নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে ২০ আগস্ট। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে ১৬ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত। আজ নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনায় কাজের সবকিছু উল্লেখ করে দেয়া হবে।
১৬ জুলাই ২০১৭/রুমকী






















































