
পূর্বাশা ডেস্ক:
মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে বৃহস্পতিবার থেকে ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির এই ধারা আগামী চার-পাঁচদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরই বিদায় নেবে বর্ষা। নতুন করে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।
তিনি বলেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশীয় ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত। আর এ মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, প্রকৃতির রুপ বৈচিত্র্যে শ্রাবণের শেষভাগে এসে বর্ষাকে বিদায় দিতে এ বৃষ্টি প্রবণতা বাড়তে পারে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আগস্ট ১১, ২০১৭/ Choity.

























































