শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কি?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিয়ের শুদ্ধতার জন্যে ওয়ালীর অনুমতি থাকা কী শর্ত? নাকি ওয়ালীর অনুমতি ছাড়া বিয়ে করলেও বিয়ে হয়ে যাবে? এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। এর উত্তর জানার আগে, আমরা আগে ওয়ালীর পরিচয় জেনে নেই।

ওয়ালী বলতে কাদের বোঝানো হয়?
ওয়ালী বলতে বোঝানো হয় পিতা, দাদা, প্রাপ্তবয়স্ক ভাই (ছোট হোক বা বড়), চাচা, প্রশাসক বা গভর্নর (অথবা তার নিযুক্ত প্রতিনিধি)। ক্রমানুসারে ওয়ালীর দায়িত্বের ভার তাদের উপর বর্তাবে। সর্বপ্রথম পিতা হবেন ওয়ালী। তিনি জীবিত না থাকলে, অথবা পাগল/হারিয়ে গেলে/কাফের হয়ে গেলে তখন ওয়ালীর দায়িত্ব আসবে দাদার উপর। এভাবে ক্রমান্বয়ে ভাই, চাচা ও অন্যদের উপর জিম্মাদারি আসবে।
শরীয়তের দৃষ্টিতে মহিলা ওয়ালী নয়। তিনি মা হন বা দাদী। আর প্রথম স্তরের ওয়ালী বিদ্যমান থাকাকালে দ্বিতীয় স্তরের আত্মীয় ওয়ালী হবে না। অর্থাৎ বাবা থাকাকালে দাদা, ভাই ইত্যাদি ওয়ালী হবে না। দাদা থাকলে অন্যরা হবে না। এভাবে ক্রমানুসারে…

ওয়ালী ছাড়া কি বিয়ে বৈধ?
ছেলেদের জন্যে ইসলাম ওয়ালীর অনুমতিকে শর্ত করেনি। এ ব্যাপারে প্রায় সব ইমাম ও আলেমগণ একমত। কিন্তু মেয়েদের ক্ষেত্রে? “উলামায়ে কেরামের মধ্যে এই ব্যাপারটা বিয়ে বিস্তর মতভেদ রয়েছে। ইমাম ও গবেষকদের একাংশের মতে, ওয়ালীর অনুমতি ছাড়া যদি প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করে, তাহলে তার বিয়ে শুদ্ধ হয়ে যাবে। তবে শর্ত হলো উক্ত মেয়েকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং কুফু রক্ষা করে বিয়ে করতে হবে। যদি কুফু না মিলে, তাহলে বিয়ে হবে বটে। কিন্তু মেয়ের পিতা চাইলে উক্ত বিয়ে ভেংগে দিতে পারবেন। তবে পিতা যদি বিয়ে না ভেংগে বলবত রাখেন তাহলে বিয়ে ঠিক থাকবে। এ মতটি দিয়েছেন বিখ্যাত তাবেয়ী ইমাম জুহরী, ইমাম আবু হানীফা, ইমাম শাবী।

ইমামদের অন্য অংশের মতে, বিয়েতে মেয়েদের জন্যে ওয়ালীর অনুমতি অত্যাবশ্যক। ওয়ালী অনুমতি না দিলে বা ওয়ালীর অজ্ঞাতসারে বিয়ে করলে মেয়ের বিয়ে সহীহ হবে না। এ মতের পক্ষে রয়েছেন, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ রহ. প্রমুখ। উভয়ের মতের সপক্ষে বিস্তর দলীলও রয়েছে।

বাংলাদেশ পাকিস্তান ভারত ও যেসব অঞ্চলে হানাফী মাসলাক এর প্রচলন বেশি, সেসব জায়গায় প্রথম মত অনুযায়ী ফয়সালা দেয়া হয়। শায়খ মুহাম্মাদ সালেহ আলমুনাজ্জিদ ওলী ছাড়া মেয়েদের বিবাহের ক্ষেত্রে বলেছেন, এটি একটি ইজতিহাদি মাসআলা, ইমামগণ এক্ষেত্রে ইখতিলাফ করেছেন। সুতরাং যেসব দেশের মানুষেরা হানাফী মাজহাবের উপর নির্ভর করে, ওলী ছাড়া বিবাহকে বৈধ মনে করে এবং এভাবে তাদের বিয়ে হয় যেমন, ভারত, পাকিস্থান ইত্যাদি, তাহলে তাদের বিবাহের স্বীকৃতি দেয়া হবে । তারা এই বিয়ের উপর স্থির থাকবে। তাদেরকে ভেংগে ফেলতে বলা হবে না।

উল্লেখ্য, শায়খ সালেহ আল মুনাজ্জিদ ওয়ালী ছাড়া বিয়ের পক্ষে নন, তবুও তিনি এ অঞ্চলের হানাফী মাসলাকের মত অনুযায়ী বিয়েকে শুদ্ধ বললেন। এছাড়া, মাজমুয়ায়ে ফাতাওয়া লিবিন বাজ এর ২০ খন্ড, ৪১১ পৃষ্ঠায় বিয়ে অধ্যায়ে এক প্রশ্নের জবাব শায়েখ বিন বাজ রহ. বলেন, “ওয়ালী ছাড়া কেও যদি কোন মেয়েকে বিয়ে দেয়। তাহলে উলামাদের দুই মতের প্রণিধানযোগ্য মত অনুযায়ী এই বিয়ে শুদ্ধ হবে না। ফাসেদ হয়ে যাবে। আর উলামাদের অন্য অংশের মতে বিয়ে শুদ্ধ হয়ে যাবে।”

সৌদি আরবের এই বিখ্যাত শায়েখদের ফতওয়া অনুযায়ী, দুটি মতই শুদ্ধ। সুতরাং যে অঞ্চলে যে মতের প্রচলন, সেখানে সে মোতাবেক আমল করাই বাঞ্ছনীয়।

ইসলামে বিবাহে মেয়েদের জন্য ওলী থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে যৌবনের শুরুতে যুবক-যুবতী সহজেই বয়সের উন্মাদনায় বিভ্রান্ত হয় এবং নিজের চোখের ভাল লাগার উপর নির্ভর করেই সঙ্গী পছন্দ করে। বিবাহের ক্ষেত্রে চোখের পছন্দের পাশাপাশি ভবিষ্যৎ জীবন ও আগত প্রজন্মের কল্যাণের কথাও চিন্তা করতে হবে। এজন্য ইসলামে বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর মতামতের সাথে অভিভাবকের মতামতেরও গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং ছেলেমেয়েদের জন্য উচিত হলো ওলীর অনুমতি ও দুয়া নিয়ে বিবাহ করা। এতে আল্লাহ চাহেন তো সংসারও সুখী হবে। পারিবারিক অশান্তি ও ফেতনার পথও বন্ধ হবে।
ওয়ালীর মতামত এর তোয়াক্কা না করা হলে সমাজে বিচ্ছৃংখলা দেখা দিবে। ছেলে মেয়েরা বিয়ের নিয়তে প্রেম শুরু করবে। শুরুটা হবে নেক সুরতে শয়তানের ধোকার মাধ্যমে। তাছাড়া বাবা মা যখন দেখবে, মেয়ে ইসলামিক হওয়ার প্রধান সমস্যা হচ্ছে, মেয়ে বাবা মায়ের আবেগের মূল্য দিচ্ছে না। ফতোয়াকে ব্যবহার করে নিজে নিজে পছন্দসই পাত্র খুঁজে বিয়ে করে ফেলছে। তখন অন্যান্য অভিভাবক চাইবে না যে তার সন্তান ইসলামিক হয়ে যাক।
এই নানাবিধ বাস্তবতাকেও অস্বীকার করা যায় না। সুতরাং, যাদের পিতামাতা দ্বীনদার নয়, তাদের প্রধান কর্তব্য বাবামার দ্বীনের পথে নিয়ে আসার ফিকর ও চেষ্টা করা। তাদের জন্যে দুয়া করা। সর্বাত্মক চেষ্টার পরেও যদি সম্ভব না হয়, তখন নিজের পছন্দ জানানো। “ধার্মিক ছাড়া যেন বিয়ের কথা না ভাবে।” আশা করি, বাবা মা তাদের পছন্দ রক্ষা করেই মেয়ের জন্যে দ্বীনদার পাত্র খুঁজবেন ইনশাআল্লাহ। কিন্তু এসবকে পাশ কাটিয়ে, শুরুতেই নিজে নিজে পাত্রের সন্ধানে ব্যস্ত হওয়া অথবা গায়রে মাহরামের সাথে বিয়ের নিয়তে ইনবক্সে আলাপচারিতাকে বৈধ বলার অবকাশ নেই।

14/08/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি