শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবির শিক্ষককে ফেসবুকে ছাত্রলীগ কর্মীর হুমকি,থানায় জিডি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দাবির তিন দিনের মাথায় কোন রকম তদন্ত ছাড়াই এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভুঁইয়াকে এবার ফেইসবুকে হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) রাত ১২টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভুঁইয়া বাদি হয়ে সদর দক্ষিণ থানায় এ সাধারণ ডায়রি করেন।
গত ১৬ আগস্ট ছাত্রলীগ কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদ ইবনে সাইদ তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে হুমকি দেন বলে অভিযোগ করেন ভূক্তভুগী শিক্ষক।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, সাদ ইবন সাইদ সাদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল স্ট্যাটাসে লিখেন ‘ইলিয়াস হোসেন সবুজ’ ভাইয়ের হুকুম এর অপেক্ষায়, ভাই এর দয়াতে আজকের মত বেচেঁ গেল আলবদর তারেক মাস্টার। আর একটা রাত পেল দেশদ্রোহীটা শান্তিতে ঘুমাতে। কিন্তু কালকে??? কি হবে রে তোর???’ তার দেয়া এই স্ট্যাটাসটি শাখা ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীকে ট্যাগ করা হয়েছে।
এদিকে এ স্ট্যাটাস নিয়ে মাহবুবুল হক ভুঁইয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে জানান, ‘এটা গোপনে নয়, ফেইসবুকে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে। আমি জীবননাশের হুমকিতে আছি। আমি রাতেই থানায় এ বিষয়ে সাধারণ ডায়রি করেছি।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই শিক্ষক একটি সাধারণ ডায়রি করেছেন। কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদুল আলম চৌধুরীকে এ বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাহবুবুল হক ভূঁইয়া ক্লাস নিয়েছেন এমন অভিযোগ তুলে তার বহিস্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফকে স্মারকলিপি এবং বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতবার ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় প্রশাসন। সেই সাথে ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আগস্ট ১৯, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি