
পূর্বাশা ডেস্ক:
টানা তিন বছর ধরে চামড়ার বকেয়া টাকা দিচ্ছে না ঢাকার চামড়া ব্যবসায়ীরা। এতে উত্তরাঞ্চলের চামড়া ব্যবসায়ীদের প্রায় ২০ কোটি টাকা পড়ে আছে ঢাকার ব্যবসায়ীদের কাছে। ফলে এবার কোরবানির চামড়া কিনতে পুঁজি সংকটে আছে এই অঞ্চলের চামড়া ব্যবসায়ীরা। এতে আসছে কোরবানিতে প্রায় আরো ২০ কোটি টাকার চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। বর্তমানে এই অঞ্চলের ৫ শতাধিক বড় ব্যবসায়ী এখন ঢাকার আড়তে টাকার আশায় বসে আছে। ঢাকার পাইকাররা বকেয়া টাকা দিতে তাদের সাথে ৩ বছর ধরে গড়িমসি করছেন বলে অভিযোগ করছেন এই অঞ্চলের ব্যবসায়ীরা। তারা বলছেন ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও পুঁজি সংকটের কারণে এখনো চামড়া কেনার প্রস্তুতি নেয়া হয়নি। ফলে এবার এই অঞ্চলের ৮০ ভাগ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। দেশের উল্লেখযোগ্য শিল্পগুলোর মধ্যে চামড়া অন্যতম একটি শিল্প। দেশের চাহিদা মিটিয়ে এই চামড়া এখন বিদেশেও রফতানি হচ্ছে। বৈদেশিক মুদ্রা অর্জনের এই ব্যবসায় উত্তর জনপদের অনেক মানুষই সংশ্লিষ্ট। এক পরিসংখানে দেখা গেছে উত্তরাঞ্চলের ৮ জেলায় প্রায় ৫ হাজার মানুষ তাদের জীবিকা খুঁজেন এই ব্যবসায়।
বগুড়া চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সূত্রে জানা যায়, নাটোর, পাবনা, গাইবান্ধ, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম জেলার সাথে বগুড়ার চামড়া ব্যবসার সম্পৃক্ততা আছে। উত্তরাঞ্চলের জেলাগুলোর প্রায় ৮০ ভাগ চামড়া বগুড়ার ব্যবসায়ীরা কিনে থাকেন। শুধুমাত্র বগুড়া জেলাতেই প্রতিদিন ৩ শতাধিক গরু, ছাগল এবং ভেড়ার চামড়া কিনে থাকেন এখানকার ব্যবসায়ীরা। উত্তরের সব জেলায় প্রতিদিন ১ হাজার ৫ শত থেকে ৮ শত গরু, ছাগল, মহিষ, ভেড়া জবাই হয়ে থাকে। জবাইকৃত এই সব পশুর চামড়া ৩-৪ হাত বদল হয়ে বগুড়ার মহাজনদের হাতে আসে। এসব চামড়া কেনার পর লবণ প্রয়োগে প্রাথমিক প্রক্রিয়াজাত করে ঢাকার হাজারীবাগের ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।
এদিকে ঢাকার হাজারীবাগের ট্যানারি মালিকরা বলছে তাদের সাভারে স্থানান্তর করার কারণে আর্থিক সংকটে পড়েছে। অপরদিকে সরকারি ঋণ পাওয়ার কথা থাকলেও তারা তা পাননি বলে জানাচ্ছেন। এতে দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীদের পাওনা টাকা দিতে পারছেন না তারা।
এদিকে মফস্বলের পাইকরারা বলছে ঢাকার ট্যানারি মালিকরা তাদের কোটি কোটি টাকা আটকিয়ে ব্যবসা করলেও তা ফেরত দিতে তিন বছর ধরে গড়িমসি করছে।
বগুড়ার দুুপচাঁচিয়া উপজেলার মেসার্স মুন্না ট্রেডার্সের মালিক চামড়া ব্যবসায়ী তোজাম্মেল হোসেন জানান, তিনি ঢাকার ‘মদিনা টেনারী’ থেকে তিন বছর আগের পাওনা ৯০ লাখ টাকা এখনো পাননি। গত বছর চামড়া দিয়েছেন ‘মুক্তা টেনারী’ নামের আরেক আড়তে। তাদের কাছে বর্তমান পাওনা ২ কোটি টাকা। এক সপ্তাহ ধরে তিনি এসব ট্যানারিগুলোতে অবস্থান করছেন টাকার জন্য। তারা টাকা দিতে গড়িমসি করছে বলে জানান তিনি। এই ব্যবসায়ী আরো জানান, ঢাকার আড়তদাররা যদি ঈদের আগে তাদের পাওনা টাকা পরিশোধ না করে তাহলে তারা এলাকায় ফিরতে পারবেন না। কারণ তাদের কাছেও ছোট চামড়া ব্যবসায়ীরা টাকা পাবে। এসব ছোট ব্যবসায়ীদের চাপ এবং ব্যাংক ঋণের চাপে তাদের আত্মহত্যার পথ বেছে নেয়ার উপক্রম হয়েছে বলে তিনি জানান।
এদিকে পুঁজি সংকটে পথে বসেছে গ্রাম-গঞ্জের ছোট ছোট ব্যবসায়ীরাও। গত বছর কোরবানির চামড়ার টাকা তাদের জেলার মহাজনদের কাছে আটকে থাকায় এবার তারা চামড়া কেনার টাকা পাচ্ছে না। ফলে সাধারণ মানুষ যারা কোরবানি করবেন তাদের চামড়া কেনার কোনো ব্যবসায়ী থাকবে না। ফলে সরকার নির্ধারিত দামে কেউ চামড়া বিক্রি করতে পারবেন বলে মনে হয় না।
বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান জানান, তিনিও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি ঢাকার ‘মাঠ লেদার’সহ আরো কয়েকটি আড়ত থেকে ৩ কোটি ৩৮ লাখ টাকা পাবেন। ব্যবসার পুঁজির সবটাই ঢাকার ব্যবসায়ীদের হাতে আটকে থাকায় চরম হতাশ হয়ে পড়েছেন তিনি। তিনি জানান, চামড়া কেনার আগে লবণ এবং লেবার ঠিক করে রাখতে হয়। ঈদের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও তিনি লবণ এবং লেবার প্রস্তুত করতে পারেননি। তার বক্তব্য টাকা না পেলে চামড়া কিনতে পারব না, লেবার লবণ দিয়ে কি হবে। তিনি আরো জানান, এসব টাকার বেশির ভাগ গ্রাম গঞ্জের ছোট ছোট ব্যবসায়ীদের টাকা। তাদের কাছ থেকে বাকিতে চামড়া কিনে ঢাকায় দিয়েছি। এখান থেকে টাকা না দিলে এলাকায় ফিরতে পারব! এতে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বগুড়া চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শোকরানা জানান, ঢাকার পাইকাররা স্থানীয় ব্যবসায়ীদের টাকা আটকে রেখে চরম ক্ষতি করছে এখানকার ব্যবসায়ীদের। টাকা না দিলে অনেকেই দেনার দায়ে বাড়ি ছাড়া হবেন।
১ সেপ্টেম্বর ২০১৭/ Choity.
























































