শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জালিয়াতি ঢাকতে জালিয়াতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ভয়াবহ জালিয়াতিতে ভেঙে পড়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। পুরনো জালিয়াতির কারণে মূলধন ঘাটতি, প্রভিশন ঘাটতি ও লোকসানে জর্জরিত ব্যাংকটি। এর পরও নতুন নতুন জালিয়াতির ঘটনা ঘটছে। এসব জালিয়াতির ঘটনা চাপা দিতে হিসাব জালিয়াতির আশ্রয় নিচ্ছে ব্যাংকটি। অর্থাৎ জালিয়াতি ঢাকতে গিয়ে ফের জালিয়াতি করা হচ্ছে। গত বছরের বার্ষিক কার্যক্রম পরিদর্শন করে একাধিক ঋণ জালিয়াতি, হিসাব জালিয়াতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, বার্ষিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে গত বছর ব্যাংকটির ৪৮ শাখার মধ্যে প্রধান কার্যালয় ও ১০টি শাখায় পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক। পরিদর্শনে ঋণ শ্রেণিকরণ, হিসাব ব্যবস্থাপনা, ঋণ অনুমোদন ও প্রদর্শন, ঋণ আদায়ে ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

পরিদর্শনে সবচেয়ে বড় অনিয়ম পেয়েছে বংশাল শাখার মাধ্যমে জাতীয় পার্টির এমপি শওকত চৌধুরী যমুনা এগ্রোর নামে ঋণ বিতরণে। কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে শাখাটি থেকে ১২০ কোটি টাকা ঋণ নেয় যমুনা এগ্রো। একই জমি বিভিন্ন ব্যাংকে মর্টগেজ রেখে জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন শওকত চৌধুরী। এ ব্যাংকে ১২ কোটি টাকা ঋণ অনুমোদন হলেও তিনি নেন ১২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল এ ঋণের বিপরীতে কোনো কাগজপত্র দেখতে চাইলে ব্যাংক কোনো কিছুই দেখাতে পারেনি। দুদক সব কাগজ নিয়ে গেছে বলে ব্যাংক থেকে জানানো হয়।

ডাউনপেমেন্ট ও আবেদনপত্র ছাড়াই নারায়ণগঞ্জ শাখার গ্রাহক মেসার্স আল ফালাহ নিট গার্মেন্টস ২৬ কোটি ৫০ লাখ টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করে নিয়মিত করে নিয়েছে। পরিদর্শনের সময় পুনঃতফসিলের কোনো আবেদনপত্র দেখাতে পারেনি ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। দ্বিতীয়বার পুনঃতফসিল করা হয় ২০১৪ সালের জানুয়ারিতে। কিন্তু কিস্তি পরিশোধ না করায় ওই বছরের মার্চে তা খেলাপি হয়ে যায়। মন্দ বা ক্ষতিজনক মানে খেলাপি হলেও ডিসেম্বরের ওই ঋণের বিপরীতে সুদ আয় দেখিয়েছে ব্যাংকটি, যা সম্পূর্ণ বেআইনি।

ভুয়া দলিলে এসবি গ্রুপকে ঋণ দিয়েছে দিলকুশা শাখা। ২০১১ সালের আগস্টে এক বছরের জন্য ৫০ কোটি টাকার ঋণসীমা অনুমোদন করে ব্যাংকটি। ২০১২ সালের আগস্টে ঋণের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত এলটিআর মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ৩ থেকে ৪ মাসের পরিবর্তে ৩ বছর পর্যন্ত মেয়াদ দেওয়া হয়। শাখার কর্মকর্তারা নিজেরা লাভবান হয়ে গ্রাহককে অনৈতিক সুবিধা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, গ্রাহকের ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তা দেখানো হয়নি। ভুয়া দলিলের বিষয়টি আদালত থেকে একবার প্রমাণ হওয়ার পরও ব্যাংক সেই দলিল মর্টগেজ রেখেছে।

কোনো কাগজপত্র ছাড়াই ১১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ঢাকা ব্যাংকের পরিচালক আবদুল্লাহ আল আহসানকে। আবেদনপত্রে তারিখ উল্লেখ নেই, ট্রেড লাইসেন্স, ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত বর্ণনা কিছুই নেওয়া হয়নি গ্রাহকের কাছ থেকে। ঋণের বিপরীতে ঢাকা ব্যাংকের মাত্র ৪ কোটি টাকার শেয়ার বন্ধক রাখা হয়েছে। জামানতের তুলনায় প্রায় তিনগুণ ঋণ দেওয়া হয়েছে। ২০১৫ সালের এপ্রিলে ঋণটি খেলাপি না করতে আদালত আদেশ দেন। কিন্তু ব্যাংক সেই আদেশ প্রত্যাহারে কোনো উদ্যোগ নেয়নি। পরবর্তী স্থগিতাদেশের মেয়াদ গত বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। জুনের পর থেকে ওই ঋণখেলাপি। নিয়মানুযায়ী ওই খেলাপি ঋণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট এবং পরিচালক পদে না রাখার জন্য নোটিশ করতে হবে। সেটি করেনি কমার্স ব্যাংক। ফলে ঋণখেলাপি হয়েও ঢাকা ব্যাংকের পরিচালক পদে রয়েছেন আবদুল্লাহ আল আহসান।

ঋণ অনিয়ম ছাড়া বার্ষিক হিসাব-নিকাশে কারসাজির প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ডিসেম্বরের শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ঋণ বিতরণ করেছে ১ হাজার ৬৬৩ কোটি টাকা। ঋণের মধ্যে ৩৭ দশমিক ৬০ শতাংশ বা ৬২৫ কোটি টাকাই খেলাপি। মূলধন ঘাটতি রেখে ব্যাংক পরিচালনা করা হচ্ছে। এটি ব্যাংক কোম্পানি আইনের লঙ্ঘন।

মূল অ্যাকাউন্টে ১০ কোটি টাকার অসমন্বিত হিসাব রয়েছে। এ টাকার কোনো হদিস নেই। এর মধ্যে ৬ কোটি ৩২ লাখ টাকা আগ্রাবাদ শাখার কর্মকর্তারা আত্মসাৎ করেছেন। বাকি ৩ কোটি ৭২ লাখ টাকার বিষয়ে কোনো খোঁজ দিতে পারেনি ব্যাংকটি।
গত বছরে ব্যাংকটি ২ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা দেখিয়েছে। ব্যাংকের প্রভিশন ঘাটতি ছিল ৪৫০ কোটি টাকা। হিসাব অনুযায়ী ব্যাংকটির ৪৪৭ কোটি টাকা লোকসান হওয়ার কথা। কিন্তু লাভ দেখানো হয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের গ্রাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা মেয়াদি আমানত হিসেবে রাখা হয়েছে। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সান্ড্রি ক্রেডিটরস অ্যাকাউন্ট হিসেবে অনেক অসমন্বিত হিসাব রয়েছে। কাদের কীভাবে টাকা দেওয়া হয়েছে তার কারণ কিছু জানাতে পারেননি ব্যাংকের কর্মকর্তারা। এ ছাড়া দিলকুশা, প্রিন্সিপাল, নারায়ণগঞ্জ ও মৌচাক শাখায় খেলাপি ঋণ নিয়মিত দেখিয়েছে। নারায়ণগঞ্জ শাখায় ২ থেকে ১০ বছর মেয়াদি ফোর্স লোন সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রে যথাযথভাবে আইন মানা হয়নি।

এসব বিষয়ে জানতে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে ব্যবস্থাপনা পরিচালক আরকিউএম ফোরকান কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রাপ্ত অনিয়মের বিষয়ে গতকাল বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক যেসব ঋণ খেলাপি করতে বলেছে সেগুলো খেলাপি করা হয়েছে। ঢাকা ব্যাংকের পরিচালকের খেলাপি হওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে। অসমন্বিত হিসাবে ১০ কোটি টাকার মধ্যে ৭ কোটি চট্টগ্রামের খাতুন শাখার এক কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন, বিষয়টি দুদকে বিচারাধীন। এ ছাড়া বাকি ৩ কোটি টাকা চলমান হিসাব প্রক্রিয়ায় রয়েছে।

ব্যাংক থেকে আরও জানানো হয়, কমার্স ব্যাংক দায়ের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে। ফলে খেলাপি ঋণ বেশি। ডিসেম্বরে ৩৭ শতাংশ খেলাপি থাকলেও আগস্টে তা ২৯ শতাংশে নেমে এসেছে। ব্যাংকটির উন্নতির পথে রয়েছে। খুব শিগগির আর্থিক সূচকগুলোতে শক্ত অবস্থানে যাবে ব্যাংকটি।

উল্লেখ্য, একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবলুপ্ত বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৯৮৬ সালের ২৭ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখে। তারল্য সংকটে পড়ে কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হলে ১৯৯২ সালের একই মাসে বাংলাদেশ ব্যাংক এর কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এতে আমানতকারী ও ব্যাংকের কর্মীরা বিপাকে পড়েন ও আন্দোলনে নামেন। পরে বাংলাদেশ সরকার বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে (বিসিআইএল) বাংলাদেশ কমার্স ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করে। সাবেক বিসিআইএলের ২৪টি শাখাকে পুনর্গঠনপূর্বক বিসিবিএলের পূর্ণাঙ্গ শাখা হিসেবে চালু করা হয়। একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা করে। ২০০৪ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের তালিকায় প্রবলেম ব্যাংক হিসেবে চিহ্নিত হয় ব্যাংকটি।

আর্থিক বিবরণী অনুযায়ী, ব্যাংকটির ৩৩ দশমিক ৯৪ শতাংশ শেয়ারের মালিকানা রাষ্ট্রের। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের শেয়ার ১১ দশমিক ৩২ শতাংশ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ৫ দশমিক ১৫ শতাংশ। সব মিলিয়ে সরকারি খাতের শেয়ার ৫১ দশমিক ৪১ ও বেসরকারি খাতের ৪৯ দশমিক ৫৯ শতাংশ।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি