সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোবাইল গ্রাহক ১৪ কোটি,ইন্টারনেট গ্রাহক ৮ কোটি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক

দেশে মোবাইল সিম গ্রাহক ১৩ কোটি ৯৩ লাখ এবং ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজারে পৌঁছে গেছে। এক মাসের ব্যবধানে নতুন মোবাইল সিম গ্রাহক বেড়েছে ১৯ লাখ ১ হাজার এবং নতুন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২১ লাখ ১৮ হাজার।

গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ আগস্ট মাসের প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে বিটিআরসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অক্টোবর পর্যন্ত হিসেবে মোবাইল গ্রাহক ১৪ কোটি এবং ইন্টারনেট গ্রাহক ৮ কোটি পেরিয়ে গেছে।

বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের হিসেবে ১৩ কোটি ৯৩ লাখ ২০০ মোবাইল গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার, রবি ও এয়ারটেলের ৪ কোটি ৬ লাখ ৬৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ৩৪ হাজার গ্রাহক।

এর আগে জুলাই মাসে গ্রামীণফোনের মোট গ্রাহক ছিল ৬ কোটি ২৪ লাখ ১৩ হাজার, রবি ও এয়ারটেলের ৩ কোটি ৯৮ লাখ ৯২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার এবং টেলিটকের ৩২ লাখ ২৯ হাজার।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সব অপারেটরের মোবাইল সিম গ্রাহক বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির হিসেবে জুলাই মাসে মোট মোবাইল সিম গ্রাহক ছিল ১৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার এবং জুন মাসে ছিল ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার।

এদিকে মোবাইল সিম গ্রাহকের পাশাপাশি ইন্টারনেট গ্রাহকও পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে মোবাইল সিম গ্রাহকের চেয়ে ইন্টারনেট গ্রাহক বেশি বেড়েছে।

কমিশনের হিসেবে আগস্টে মোট ইন্টারনেট গ্রাহক হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৪২ হাজার। এর মধ্যে মোবাইল অপারেটরদের ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ১৮ লাখ ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন অপারেটরদের ৫১ লাখ ৭০ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক ৮৯ হাজার। এর আগে জুলাই মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৭ কোটি ৫০ লাখ ২৪ হাজার।

04/10/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি