শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাংকে সীমাতিরিক্ত সার্ভিস চার্জ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিভিন্ন সেবার বিপরীতে গ্রাহকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সার্ভিস চার্জ আদায়ের ‘মহোৎসব’ চলছে। এক্ষেত্রে মানা হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়মনীতি। নির্ধারিত হারের বাইরেও এখন অনেক ব্যাংক সার্ভিজ চার্জ আদায় করছে। আবার যেসব সেবায় চার্জ নেয়ার কথা নয়, সেসব সেবায়ও চার্জ আরোপ করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও বিদেশি— সব খাতের ব্যাংকেই অতিরিক্ত চার্জ আদায় করা হচ্ছে। আমানতকারী কিংবা ঋণগ্রহীতা কোনো গ্রাহকই বাদ যাচ্ছেন না এ চার্জ কর্তনের হাত থেকে।

সম্প্রতি সীমাতিরিক্ত চার্জ আরোপসংক্রান্ত অনিয়মের দায়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে অন্তত সাতটি ব্যাংককে সতর্ক করা হয়েছে। এ তালিকায় বেসরকারি খাতের পাঁচটি এবং রাষ্ট্রায়ত্ত ও বিদেশি খাতের একটি করে ব্যাংক রয়েছে।

চিঠি পাঠানোর কথা স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলোকিত বাংলাদেশকে বলেন, শিডিউল অব চার্জেস নিয়ে ব্যাংকগুলোর পাঠানো চলতি বছরের জুনভিত্তিক প্রতিবেদন পর্যালোচনায় ওই সাত ব্যাংকের বেশি চার্জ নেয়ার অনিয়ম পাওয়া গেছে। এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওইসব ব্যাংককে সতর্কসহ এটি নির্ধারিত সীমায় নামিয়ে আনতে চিঠি পাঠানো হয়েছে।

মুক্তবাজার অর্থনীতিতে ঋণের সুদের পাশাপাশি চার্জের বিষয়টিও নির্দিষ্ট করে দেয়া যায় না। সীমা করে দিলেও সবাই সর্বোচ্চটিই আরোপ করে। আবার গ্রাহকের অজ্ঞাতসারেও এমন অনেক চার্জ কাটা হয়, যেটা সম্পর্কে তারা মোটেও ওয়াকিবহাল নন, যেটাকে ব্যাংকিং ভাষায় হিডেন চার্জ বলা হয়।

এদিকে অতিরিক্ত চার্জ পরিশোধ করতে গিয়ে বেশিরভাগ গ্রাহকেরই হিসাবের মূল টাকা কমে যাচ্ছে। আবার অতিরিক্ত চার্জ বাড়িয়ে দিচ্ছে ব্যবসা খরচ। এ কারণে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এতে পণ্যমূল্য বেড়ে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গ্রাহকের অজ্ঞাতসারে বা সীমার বাইরে কোনো চার্জ কাটা গ্রাহকের সঙ্গে প্রতারণা শামিল বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সেবার মান উন্নত না হলেও বিভিন্ন সেবায় ব্যাংকগুলো বরাবরই সর্বোচ্চ চার্জ আরোপ করে আসছে। তবে সীমাতিরিক্ত চার্জ আরোপের বিষয়টি গ্রাহকের সঙ্গে প্রতারণার শামিল। এতে আমানতকারী ও ঋণগ্রহীতা উভয়ই ঠকছেন। অতিরিক্ত চার্জ কর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয় না বলেই বারবার একই ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তারা।

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে ব্যাংকগুলো অতিরিক্ত অর্থ গ্রাহকদের কাছ থেকে আদায় করছে কিনা, এটি বাংলাদেশ ব্যাংক থেকে নিয়মিত মনিটরিং করা হয়। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ষাণ্মাসিক ভিত্তিতে শিডিউল অব চার্জেস প্রতিবেদন দাখিল করে ব্যাংকগুলো। এতে কোনো অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকগুলো কোন সেবায় কত চার্জ নেবে, তার একটা সীমা বাংলাদেশ ব্যাংক থেকে ঠিক করে দেয়া আছে। কোনো ব্যাংক এ সীমা পরিপন্থী কিছু করলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ব্যাংকগুলো তাদের কোন সেবায় কত চার্জ নেবে, আর কোন সেবায় চার্জ আরোপ করতে পারবে না— এ বিষয়ে সর্বশেষ ২০০৯ সালের ২২ ডিসেম্বর একটি মাস্টার সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এ সার্কুলার অনুযায়ীই চার্জ আরোপ করার কথা ব্যাংকগুলোর। কিন্তু এ সার্কুলারের নির্দেশনাও মানা হচ্ছে না।

এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে সার্ভিস চার্জ দৃশ্যমান জায়গায় রাখার নির্দেশনা দেয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হয় না। শুধু নিজস্ব ওয়েবসাইটে শিডিউল অব চার্জেসের তালিকা প্রণয়ন করেই বাংকগুলো দায় সারছে বলে অভিযোগ ভুক্তভোগী গ্রাহকদের।

তারা বলেন, দৃশ্যমান স্থানে সার্ভিস চার্জের তালিকা প্রণয়ন না হওয়ায় অনেকেই সেবা গ্রহণকালে প্রকৃত সার্ভিজ চার্জের বিষয়ে অবহিত হতে পারেন না। এ সুযোগে তাদের থেকে বাড়তি চার্জ আদায় করে নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যাংকগুলো আগে ঋণের সুদ থেকেই মূল আয় করত। সাম্প্রতিক সময়ে ব্যাপক জালিয়াতির কারণে ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না। ওইগুলো খেলাপি হয়ে যাচ্ছে। এর বিপরীতে প্রভিশন রাখতে গিয়ে ব্যাংকের তহবিল আটকে যাচ্ছে। ফলে ব্যাংকগুলো এখন নিজেদের দুর্নীতি ও ব্যর্থতার দায় চাপাচ্ছে গ্রাহকদের ওপর। তাদের কাছ থেকে গলাকাটা সার্ভিস চার্জ আদায় করে মুনাফা বাড়াচ্ছে। এ মুনাফা দিয়ে দুর্নীতির দায় শোধ করছে তারা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গেল ৩০ জুলাইয়ের মধ্যে ব্যাংকগুলো জুন-২০১৭ ভিত্তিক শিডিউল অব চার্জেস-সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিল করেছে। ওইসব প্রতিবেদন পর্যালোচনায় সাতটি ব্যাংকের শিডিউল অব চার্জেসে অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এগুলো হলো রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, বেসরকারি ডাচ-বাংলা, শাহজালাল ইসলামী, আল-আরাফাহ, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক এনএ ও নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল ব্যাংক। সম্প্রতি ওইসব ব্যাংককে চিঠি দিয়ে সতর্কসহ চার্জ নির্ধারিত সীমায় নামিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, ভবিষ্যতে নির্দেশিত সীমার বাইরে চার্জ আরোপ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে আল-আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, বিষয়টি তার নলেজে নেই। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত সীমার বাইরে তাদের ব্যাংকের সার্ভিস চার্জ আদায়ের কথা নয়। বিষয়টি এখনই দেখছেন বলে জানান তিনি।

ব্যাংকে ব্যাংকে সীমাতিরিক্ত চার্জ আদায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ : বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের সার্কুলার নং-১৯/২০০৯-এর ২(২) নম্বর অনুচ্ছেদের নির্দেশনা মোতাবেক, ষাণ্মাসিক ও বার্ষিক ভিত্তিতে বছরে দুইবার গ্রাহককে হিসাবের স্থিতি নিশ্চিতকরণ সনদ প্রদানে কোনো চার্জ আরোপ করা যাবে না।

গ্রাহককে দুইবারের বেশি এ সনদ গ্রহণ করতে হলে সেক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা চার্জ আদায় করা যাবে। কিন্তু বিদেশি খাতের সিটি ব্যাংক এনএ বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা মানছে না। তারা বাংলাদেশ ব্যাংকে পাঠানো শিডিউল অব চার্জেস প্রতিবেদনে বছরে দুইবারের বেশি এ সংক্রান্ত সনদ গ্রহণে ৫০০ টাকা আদায় করছে বলে উল্লেখ করেছে।

একই সার্কুলারের ১১ অনুচ্ছেদ অনুযায়ী, সিঅ্যান্ডএফ সার্টিফিকেট ইস্যুর চার্জ ৫০০ টাকার অধিক আদায় করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। কিন্তু বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকে এ সেবায় ৭০০ টাকার চার্জ আদায় করছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। একই সার্কুলারের ২(৮) অনুচ্ছেদ অনুযায়ী, এলসি অ্যাডভাইজিং চার্জ, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ ও এলসি ট্রান্সফার চার্জ সর্বোচ্চ ৭৫০ টাকা নির্ধারিত হবে বলে নির্দেশনা প্রদান করা হয়।

কিন্তু ডাচ-বাংলা ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক তাদের দাখিলকৃত শিডিউল অব চার্জেস প্রতিবেদনে এটি ১ হাজার টাকা উল্লেখ করেছে। আর আল-আরাফাহ ব্যাংক এটি ৭৫০ টাকা থেকে ১ হাজার টাকা উল্লেখ করেছে। স্পেশাল নোটিং ডিপোজিট (এসএনডি) হিসাব থেকে অ্যাকাউন্ট মেনটেইন্যান্স ফি বাবদ ষাণ্মাসিক ভিত্তিতে ৫০০ টাকার অধিক এবং হিসাব বন্ধকরণ চার্জ বাবদ ৩০০ টাকার অধিক আদায় করা যাবে না বলে বিআরপিডির সার্কুলার নম্বর ২০/২০০০-এর ৬ নম্বর অনুচ্ছেদে নির্দেশনা প্রদান করা হয়।

কিন্তু রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এনএসডি হিসাব বন্ধকরণ চার্জ ৫০০ টাকা আদায় করছে বলে উল্লেখ করেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত খাতের এ ব্যাংকটি ব্যাক-টু-ব্যাক এলসি খোলার কমিশন প্রতি ত্রৈমাসিকে দশমিক ৫ শতাংশ আদায় করছে বলে উল্লেখ করেছে। অথচ বিআরপিডির সার্কুলার নম্বর ১৯/২০০৯-এর ২(৬) অনুচ্ছেদে এ সেবার চার্জ প্রতি ত্রৈমাসিকে সর্বোচ্চ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা যাবে বলে নির্দেশনা প্রদান করা হয়।

একই সার্কুলারের ২(৯) অনুচ্ছেদে এলসি বাতিল কিংবা মেয়াদোত্তীর্ণ অব্যবহৃত এলসি চার্জ আদায় করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হলেও জনতা ব্যাংক এক্ষেত্রে ৫০০ টাকা চার্জ নির্ধারণ করেছে। তবে ব্যাংকটি বিও সার্টিফিকেট ইস্যুর চার্জ ৫০০ টাকার স্থলে ২০০ টাকা আদায় করছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

বিআরপিডি সার্কুলার ১৯/২০০৯-এর ২(১০) অনুচ্ছেদ অনুযায়ী, রফতানি বিল নেগোসিয়েশন কমিশন ও রফতানি বিল কালেকশন কমিশন সর্বোচ্চ দশমিক ১৫ শতাংশ হারে নির্ধারিত হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ব্যাংক এশিয়া এক্ষেত্রে তাদের অপশোর ব্যাংকিং ইউনিটের জন্য রফতানি বিল নেগোসিয়েশন কমিশন দশমিক ৩০ থেকে দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করেছে বলে দাখিলকৃত প্রতিবেদনে উল্লেখ করেছে।

বিআরপিডি সার্কুলার নম্বর ২/২০১৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা আদায় করা যাবে। এছাড়া ডকুমেন্টেশন ফি, সিআইবি চার্জ, স্ট্যাম্প চার্জ এবং আইনি ও জামানত মূল্যায়ন ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারণ ছাড়া অন্য কোনো ফি আদায় না করার নির্দেশনা রয়েছে।

কিন্তু নতুন প্রজন্মের এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক এসএমই খাতে ঋণ আবেদন ফি বাবদ ৫০০ টাকা, প্রসেসিং ফি বাবদ ১ শতাংশ ও রিক্স ফান্ড বাবদ দশমিক ২ শতাংশ আরোপ করছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে।

অক্টোবর ৮, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি