
পূর্বাশা ডেস্ক:
পোড়ামন-২ নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা চলছে। বর্তমানে মেহেরপুরে চলছে এ ছবির শুটিং। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবিটি ব্যবসা সফল হওয়ার পর থেকেই পোড়ামন-২ করার চিন্তা শুরু হয়। দীর্ঘ সময় পর সব কিছু গুছিয়ে এখন চলছে শুটিং। এ ছবিতে এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
এ বিষয়ে বাবু বলেন, বর্তমানে আমি পোড়ামন-২ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছি। আগামী ১৫ তারিখ পর্যন্ত মেহেরপুরে এই ছবির শুটিং চলবে। পোড়ামন-২ ছবিতে আমি একটি মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। মেয়েটি আত্মহত্যা করলে আমি পাগলেরমত হয়ে যাই। এ সময় গ্রামের একটি ছেলে আমার পাশে এসে দাঁড়ায়। চমৎকার একটি গল্প। আশা করি সবার কাছে ভাল লাগবে।
পোড়ামন ছবিটি পরিচালনা করেছিলেন সু’নির্মাতা জাকির হোসেন রাজু। আর এর সিক্যুয়ালে নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর থেকে মেহেরপুরে এর শুটিং চলছে।
পোড়ামন-২ ছবি একের পর এক চমক দিয়ে যাচ্ছে। এর আগে এই ছবিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। আর নায়ক হিসেবে আছেন নবাগত সিয়াম আহমেদ ও নায়িকা পূজা। এছাড়া অভিনয় করছেন আনোয়ারা, সাঈদ বাবু, নমনীসহ আরো অনেকে।
২০১৭/রুমকী

























































