বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাংকে ক্যারিয়ার গড়ার নিশ্চিত সুযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

একজন শিক্ষার্থী এমবিএমে ভর্তি হলে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে সুযোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলা হয়। এ কারণে হাইকোয়ালিটির এসব মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিতে সবসময় অগ্রাধিকার পান

প্রচলিত শিক্ষায় কাক্সিক্ষত ফলও ভালো চাকরির নিশ্চয়তা দিতে পারছে না। এ অবস্থায় ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা দিচ্ছে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) ডিগ্রি। আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতের শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা প্রদানের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) স্নাতকোত্তর পর্যায়ে এ কোর্সটি পরিচালনা করছে।
ব্যাংকার হওয়ার উচ্চাকাক্সক্ষা পোষণ করা তরুণদের কাছে বিআইবিএমের এমবিএম একটি জনপ্রিয় সাবজেক্ট। যে কোনো ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েট এমবিএম করে সহজেই ব্যাংকে চাকরি পেয়ে যাচ্ছেন। এমবিএমের শিক্ষাপদ্ধতি বহুলাংশে প্রায়োগিক হওয়ায় এর শিক্ষার্থীরা ব্যাংকিংয়ে দক্ষ হওয়ার সুযোগ বেশি পান। এছাড়া তারা ব্যাংকিং খাতের দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ পান।
বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, একজন শিক্ষার্থী এমবিএমে ভর্তি হলে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে সুযোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলা হয়। এ কারণে হাইকোয়ালিটির এসব মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিতে সবসময় অগ্রাধিকার পান। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের একমাত্র প্রতিষ্ঠান যেখানে প্রায়োগিক এবং তাত্ত্বিকের সমন্বয় করে পড়ানো হয়।
ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের (ডিএসবিএম) আওতায় পরিচালিত হয় এমবিএম কোর্স। এ বিষয়ে জানতে চাইলে ডিএসবিএমের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন ছিদ্দিকী বলেন, গবেষণা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ভাবে বিআইবিএম ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত। এমবিএমের কোর্স কারিকুলামে তা প্রয়োগ করা হয়। এতে শিক্ষার্থীরা ব্যাংকিংয়ের বাস্তব জ্ঞান ও দক্ষতা পায়, যা পরবর্তী চাকরি জীবনে সাফল্য বয়ে আনে।
চাকরির সুযোগ : এমবিএমের সাবেক সব শিক্ষার্থী সরকারি-বেসরকারি ব্যাংক ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টার শেষ হলেই বিআইবিএমে জব ফেয়ারের মাধ্যমে ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে সরাসরি নিয়োগের সুযোগ পায়। বর্তমানে ২১টি ব্যাচের ১ হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। মূলত বিআইবিএম আয়োজিত দুই বছর মেয়াদি এমবিএম কোর্সটি করা থাকলে ব্যাংক সেক্টরে চাকরি পাওয়া খুব সহজ। আবার মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি দেয়া হয়।
শিক্ষা পদ্ধতি : এমবিএম প্রোগ্রামের জন্য একজন শিক্ষার্থীকে ২ বছরে মোট ২০টি বিষয়ে ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এর মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল কোর্স, স্পেশালাইজড কোর্স, ক্যাপসটন কোর্স ও ইলেক্টিভ কোর্স। এছাড়া কোর্স ওয়ার্ক, প্রজেক্ট পেপার ও মৌখিক পরীক্ষা রয়েছে। ৪ মাস মেয়াদি মোট ছয়টি টার্মে এ কোর্সগুলো সম্পন্ন করতে হয়।
ভর্তির যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণরা এমবিএম ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তার মোট স্কুলিং টাইম হতে হবে কমপক্ষে ১৬ বছর। তবে ভর্তির আবেদনের জন্য শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ থাকলে হবে না। স্নাতকদের প্রথম বিভাগ ধরা হবে সিজিপিএ ৩.৫০ থেকে আর এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে ৪.০০-এর উপরে প্রথম বিভাগ এবং ৩.০০ থেকে ৪.০০ পর্যন্ত দ্বিতীয় বিভাগ ধরা হবে।
ভর্তি পরীক্ষা : বিআইবিএমে এমবিএমে নতুন ব্যাচ ভর্তির ফরম বিতরণ চলছে। নভেম্বরের ৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। সবাইকে ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতে হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীকে ১৫০ মিনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার মধ্যে ৯০ মিনিট বরাদ্দ থাকে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর করার জন্য। ৬০ মিনিটের মধ্যে লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন করা হয় ইংলিশ প্রফিসিয়েন্সি এবং ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির বিভিন্ন অংশ থেকে। আর লিখিত পরীক্ষায় প্রার্থীর ফ্রি-হ্যান্ড ইংরেজি লেখার ওপর দক্ষতা যাচাই নিয়ে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় সামনের দিকে থাকা প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে ৫০ থেকে ৮০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
খরচ : ২ বছরে ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হয় শিক্ষার্থীদের। প্রতি ক্রেডিট ২ হাজার ৫০০ টাকা হিসেবে খরচ পড়বে ১ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৩৫ হাজার টাকা। কেন্দ্র ফি, ট্রান্সক্রিপ্টসহ মোট ব্যয় হবে ২ লাখ টাকার মধ্যে। এর বাইরে লাইব্রেরি ও কম্পিউটার ব্যবহার বাবদ ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত রাখতে হবে।
সাবেক শিক্ষার্থীর বক্তব্য : বিআইবিএমের এমবিএমের সাবেক শিক্ষার্থী বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে উচ্চপদে কর্মরত এবং এমবিএম অ্যালামনাই সোসাইটির সভাপতি এস এম ওয়ারী উল মোর্শেদ বলেন, এমবিএমের কারিকুলাম ওয়েল ডিজাইন্ড। এখানে শিক্ষার্থীরা রিস্ক ম্যানেজমেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং, ট্রেড সার্ভিস, ইন্টারন্যাশনাল পেমেন্টের মতো বিষয় পড়ে আসে। এ কারণে চাকরির ক্ষেত্রে নিয়োগদাতা ব্যাংকের কাছে বিশেষ গুরুত্ব পায়। যারা ব্যাংকিংকে পেশা হিসেবে নিতে চান, তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে এই কোর্স।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি