রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ‘অনুমতি ছাড়া পদ্মাবতী দেখালে পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ’


‘অনুমতি ছাড়া পদ্মাবতী দেখালে পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

আবারও প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন রাজপুত ইতিহাস নিয়ে নির্মিত ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালি। নেপথ্যে আবারও এক রাজপুত সংগঠন।
এবার জয় রাজপুতানা সংঘের পক্ষ থেকে দেওয়া হলো হুঁশিয়ারি। জানানো হলো, অনুমতি ছাড়া রাজস্থানে ‘পদ্মাবতী’ মুক্তি পেলেই পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ।

এ ব্যাপারে সংঘের প্রতিষ্ঠাতা ভাওয়ার সিং রেটা জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ সদস্য রয়েছেন তাঁদের সংগঠনে। রাজ্যের প্রত্যেকটি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। পাঠানো হয়েছে পোস্টার। যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে। তাঁরা যদি মনে করেন ছবিতে রানি পদ্মাবতীর মহিমা ক্ষুন্ন করা হয়নি, তবেই দীপিকা-শাহিদ-রণবীরের ছবি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি দেবেন। অনুমতি ছাড়া রাজস্থানের কোনো প্রেক্ষাগৃহে এ ছবি চললে তা পুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পোস্টার মধ্যপ্রদেশ ও গুজরাটেও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাজপুত ইতিহাস নিয়ে ছবি করতে গিয়ে প্রথম থেকেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সঞ্জয়কে। মরু শহরে কর্ণি সেনার তাণ্ডবে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, ইতিহাসকে কোনোভাবে ছবিতে বিকৃত করা হয়নি। আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়নি। কিন্তু তারপরও ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার পোড়ানো হয়।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি