শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রংপুরের ঘটনায় আরও এক ইউপি সদস্য গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ফেইসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দেয়ার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে রংপুর সদর উপজেলার মমিনপুর বাজার থেকে সিরাজুল ইসলাম নামের ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

সিরাজুল ইসলাম রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য।

রংপুর কোতোয়ালি থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের কুরশা বলরামপুর গ্রাম থেকে জয়নালকে ও মহেশপুর গ্রাম ফজলুল নামে দুই ইউপি সদস্যকে আটক করেছিল পুলিশ।

প্রসঙ্গত, রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার কয়েক হাজার মানুষের মিছিল থেকে ওই গ্রামের হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি