শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে আটক প্রধান শিক্ষক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পিএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধৃত ওই শিক্ষকের নাম মোঃ বজলুর রহমান। তিনি চর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে নকল সরবরাহ করার জন্য ওই কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষক বজলুর রহমান। এ সময়ে তিনি ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের চোখে ধোয়া দিতে অফিস সহকারীর একটি নেইম প্লেট ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। কিন্তু ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ কান্তি দাসের কাছে ওই শিক্ষকের (বজলুর রহমান) গতিবিধি সন্দেহজনক মনে হলে তিনি ওই শিক্ষককে চ্যালেঞ্জ করেন। পরে ওই শিক্ষকের দেহ তল্লাশি করে চলমান ইংরেজী পরীক্ষার একটি প্রশ্ন এবং ওই প্রশ্নের অনুকুলে লিখিত উত্তরপত্র পাওয়া যায়।

পরে এ বিষয়ে জানতে ওই কেন্দ্রের সহকারি সচিব উত্তম কুমারকে ফোন দিলে তিনি জানান ঘটনার মীমাংসা করা হয়েছে। কি মিমাংসা করা হয়েছে জানতে চাইলে ওই শিক্ষক ফোনের লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি। এদিকে এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হকের কাছে যানতে চাইলে তিনি জানান, আমি এখন পর্যন্ত কিছুই জানি না।

এদিকে বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী একটি মহল জোর চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘এ ঘটনার সাথে সম্পৃক্ত ওই শিক্ষককে বহিস্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।’

পূর্বাশানিউজ/১৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি