শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » হাতীবান্ধায় স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে দুই বখাটের জেল-জরিমানা


হাতীবান্ধায় স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে দুই বখাটের জেল-জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে দুই বখাটের ৬ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (৪ এপ্রিল) রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই দুই বখাটে হলেন, উপজেলার গাওচুলকা গ্রামের ইসমাঈল হোসেনের পুত্র জাহিদুল ইসলাম জাহিদ(২৫) ও একই গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র জোবাইদুর রহমান(২৩)। এদের মধ্যে জাহিদকে ৫ হাজার টাকা অর্থদন্ড অথবা ৩ মাসের জেল এবং জোবাইদুরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার নওদাবাস কেএমএসসি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল যাওয়া ও আসার পথে প্রায় সময়ই উত্যক্ত করে আসছিলো ওই দুই বখাটে। এমতাবস্থায় বুধবার (৪ এপ্রিল) বিকেলে স্কুল ছুটি হলে ওই ছাত্রী বাড়ি ফিরছিলো। পথিমধ্যে উপজেলার বৌদ্ধনাথ মন্দির এলাকায় ওই দুই বখাটে পথ আটকে দাড়ায় এবং ওই ছাত্রীর ওড়না টেনে ধরে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দেয়। পরে ওই ইউনিয়ন চেয়ারম্যান অশ্বনী কুমার বসুনিয়া ও নওদাবাস কেএমএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর তাদের উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওই দুই বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম জাহিদকে ৫ হাজার টাকা অর্থদন্ড অথবা ৩ মাসের জেল ও জোবাইদুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত জোবাইদুরকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি