ডেস্ক রিপোর্টঃ হঠাৎ করে অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ। তাকে নেওয়া হয়েছিলো আইসিউতেও। তবে শঙ্কা কাটিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী।
টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী আমাদের সময় ডট কমকে জানান, বেশকিছু দিন ধরে বাবার শারীরিক অবস্থা ভালো ছিলো না। খাদ্র গ্রহণে সমস্যা হচ্ছিল। খাবার গ্রহণের আকার বড় পর্যায়ে গেলে গগ মঙ্গলবার বাবাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করি।
কাকলী আরও জানান, এখন বাবাকে নিয়ে আশংকার কিছু নেই। আগের থেকে ভালো আছেন তিনি। তার বুকে ইনফেকশন ছিল। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। ওষুধ দেয়ার পর সেরে উঠছেন বাবা। চিকিৎসক বলেছেন আগামী দুই একদিনের মধ্যে বাবাকে বাসায় নিয়ে যেতে পারব।
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসা চলছে টেলি সামাদের। এই অভিনেতার পরিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ডা. প্রতীক দেওয়ান বলেন, এখন টেলি সামাদের শারীরিক অবস্থার পরিবর্তন হয়েছে। তার রক্তে প্লাটিনাম কমে যাচ্ছিল। বুকে ইনফেকশনও আছে। এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে। আগের চেয়ে তিনি ভালো অবস্থানে আছেন।
ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অর্জন করেছেন নানা সম্মান ও স্বীকৃতি। এদেশের চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে টেলি সামাদের জনপ্রিয়তা আকাশচুম্বী।
এক্সক্লুসিভ রিলেটেড নিউজ


























































